হঠাৎ পা মচকে ব্যথায় ভুগছেন?
খেলতে গিয়ে বা সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় হঠাৎ বেকায়দায় পড়ে পা মচকে যায়। এমন ঘটনা হরহামেশাই ঘটে।
গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ হাজার জনে একজন পা মচকানোর ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন। খেলোয়াড়দের যত রকম দুর্ঘটনা আছে, তার এক-চতুর্থাংশই পা মচকানোর ঘটনা।
পা মচকানোর তিন ধরনের ঘটনা দেখা যায়। এ ক্ষেত্রে ব্যথার তীব্রতার ভিন্নতা রয়েছে। মৃদু পা মচকানো মানে কেবল গোড়ালির ল্যাটারাল লিগামেন্ট স্ট্রেচ হওয়া বা টান লাগা; এ জন্য তেমন কোনো চিকিৎসারও দরকার নেই। মাঝারি তীব্রতার মানে লিগামেন্ট খানিকটা ছিঁড়েও গেছে এবং গোড়ালির সন্ধিও গেছে মচকে। আর তীব্র মাত্রার মানে লিগামেন্ট সম্পূর্ণই ছিঁড়ে যাওয়ার সঙ্গে গোড়ালির সন্ধি বেশ ক্ষতিগ্রস্ত। পরের দুটির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা জরুরি।
পায়ের পাতা হঠাৎ বেকায়দায় পড়ে গেলে পা মচকানোর মতো ঘটনা ঘটে। এর পর পা ফুলে যায় ও তীব্র ব্যথা শুরু হয়। এ ব্যথা দীর্ঘদিন থাকতে পারে। দ্রুত ঠান্ডা সেঁক, ব্যথা ও প্রদাহনাশক বড়ি, পায়ের বিশ্রাম—এই হলো পা মচকানোর চিকিৎসা। ইদানীং ৭ থেকে ১০ দিনের বেশি বিশ্রাম দেওয়া হয় না। বরং সাপোর্ট নিয়ে শিগগিরই হাঁটা-চলা শুরু করতে বলা হয়। বারবার একই জায়গায় পা মচকানো পরে ওই সন্ধিতে ক্ষয়জনিত সমস্যা সৃষ্টি করতে পারে। তাই খেলাধুলা ও দ্রুত হাঁটা-চলার সময় সাবধানে থাকুন, পায়ের পাতার ভারসাম্য বজায় থাকে এমন জুতা পরুন, সিঁড়ি ভাঙার সময় সাবধান হোন। সূত্র: বিএমজে এভিডেন্স সেন্টার।