হঠাৎ পাওয়া ঝরনা
এবার সিলেটের জঙ্গলে ঘুরতে গিয়ে অপ্রত্যাশিতভাবেই একটা ঝরনা দেখতে পেলাম। সেই ঝরনা দেখার গল্পই শোনাব।এবারের ঘোরাঘুরির লক্ষ্য ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রাজকান্দি ফরেস্ট, যেখানে হামহাম ঝরনার অবস্থান। শ্রীমঙ্গলের উদ্দেশে একাই রওনা দিলাম। সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে দেখি, রেদওয়ান আর রকি ভাই দাঁড়িয়ে আছেন ব্যাগ কাঁধে করে। আমাকে একা যেতে দেবেন না। শুরু হলো আমাদের তিন ‘আর’ (রাকিব, রকি, রেদওয়ান)-এর বন অভিযান।ভোর পাঁচটায় শ্রীমঙ্গলে নেমে দরদাম ছাড়াই একটা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে রওনা দিলাম কুরমা বিটের রাজকান্দি ফরেস্টের দিকে। দুই পাশে চা-বাগান রেখে দুরন্ত বেগে ছুটে চলা এই রাস্তা এতই মসৃণ, যে কেউ চাইলে অনায়াসেই গাড়িতে বসে একটা চিঠি লিখে ফেলতে পারবে। লাইন হবে না আঁকাবাঁকা। ঘণ্টা দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চম্পারাই চা-বাগানে। সীমান্তঘেরা চম্পারাইয়ের যত দূর চোখ যায়, পুরোটাই সবুজের মখমলে ঢাকা। এ পথ দিয়ে হেঁটেও শান্তি। সুতরাং হেঁটে হেঁটেই চলে এলাম কলাবন গ্রামে। মূলত এখান থেকেই শুরু রাজকান্দি ফরেস্টের।এর আগে তিনবার এসেছি এই বনে। তিনবারই হামহাম ঝরনা দেখতে। এবারও লক্ষ্য ছিল বনের গহিনে গর্জন করে ছুটে চলা ওই হামহাম ঝরনাই। তবে পথ বেছে নিয়েছিলাম অন্যটা। আমাদের গাইড ছবিলাল জানাল, টিলার ওপর দিয়ে ঘণ্টা তিনেক হাঁটলেই নাকি ঝরনামুখে পৌঁছানো যাবে।পাহাড়সম টিলাগুলো পার হয়ে আমরা যখন ঝিরিপথে এসে নামলাম, তখন কারও আর চলার শক্তি অবশিষ্ট নেই। ঝিরির পানিতে চিৎ হয়ে শুয়ে পড়েছি তিনজনই। ঝিরির দুই পাশই চিকন পাতার ঘাসের আশ্চর্য মখমলে সাজানো। আর ঠিক মাঝখান দিয়ে পাহাড় চিরে ধীরলয়ে বয়ে চলছে স্ফটিক-স্বচ্ছ ঠান্ডা পানির মৃদু স্রোত। এখানে আবার চিংড়ি মাছের বসতি। তার ওপর শত বছরের পাহাড়ি গাছের লতার দোলনা দুলছে ঝিরির পানি ছুঁয়ে। গাইডকে বললাম, যাব না এবার হামহাম। ঝিরিপথ দিয়েই হাঁটতে হাঁটতে কলাবন গ্রামে ফেরত যাব। ফিরতি পথে দিলাম হাঁটা। রাজকান্দির এই পথটায় চলতে চলতে মনে হলো, কোনো পর্যটক এই পথে হেঁটে যায়নি। সবাই মোকাম টিলার ওপর দিয়ে যায়। নিচ দিয়ে কেউ যায় না। কারণ, এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। তার ওপর পাথরের খাঁড়িগুলো অনেক গভীর। ভয়-আতঙ্ক আর ক্লান্তি অগ্রাহ্য করে অবশেষে আমরা ঢুকে পড়লাম সেই অচেনা ঝিরিপথে—রহস্যময়ী রাজকান্দিতে।রাজকান্দি তার রহস্যের ডানা ছড়াতে থাকল। আজব একটা পথ ধরে চলতে চলতে বিস্ময়ে আমাদের মুখের হা মুহূর্তের জন্যও বন্ধ হচ্ছে না। দুই পাশে সবুজ ধারালো ঘাসের মধ্যে হাঁটার জন্য এতটুকু রাস্তাও নেই। সামনে এগোতে হলে হাঁটতে হবে সোজা পাথুরে গর্ত দিয়ে। সে পথের এই এখানে কোমর-পানি, তো এককদম সামনেই গলা ডুবে যাচ্ছে। একটু পর ঝিরিপথের দুই পাশে বাঁশবাগানের ঝাড়। বাঁশ এখানে এতই ঘন যে দৃষ্টিসীমা ভেদ করে ওপাশের গাছ পর্যন্ত যায় না। পথের একপাশে ফুটে আছে নয়নতারা। সামনে আঁকাবাঁকা পাহাড়ের সীমানা। এ যে রীতিমতো স্বর্গের রাস্তা। সারাটা ঝিরিপথেই প্রচুর চিংড়ি ঘোরাঘুরি করছে। চিংড়ি ধরতে ধরতেই আমরা পৌঁছে গেলাম সিতাপ ঝরনায়। পানি বেশি থাকলে এখানে হাঁটা খুবই বিপজ্জনক। চোখের পলক ফেলার আগেই যে কেউ পিছলে পড়ে ভেসে যেতে পারে সিতাপের পুকুরে। সিতাপের বাম পাশে দাঁড়িয়ে আমরা ব্যাপক পোজ দিয়ে ছবি তুলছি, এমন সময় হঠাৎ চোখে পড়ল একটা সরু পানির টলটলে ধারা সিতাপের বাঁ পাশ থেকে এসে পুকুরে মিশছে। কৌতূহল বাড়ল। খুব ইচ্ছে হলো এই পানির উৎসমুখ দেখে আসার।অজানা কৌতূহলে হেঁটে চললাম পানির ধারা লক্ষ করে। দুই পাশের বনে এখন বাঁশের রাজত্ব। পরিবেশ হঠাৎ করেই অনেক বেশি শান্ত হয়ে গেছে এখানে। তাপমাত্রা কমে এসেছে। মিনিট বিশেক হাঁটার পরও পানির উৎসমুখের কোনো হদিস না পাওয়াতে আমরা কিঞ্চিৎ হতাশ। শীতল এই বনে আরও ১০ মিনিট হাঁটার পর সামনে দেখলাম অনেকগুলো পাথর পড়ে আছে। আশা বাড়ল, পাথরগুলো পার হতেই আমাদের চক্ষু চড়কগাছ। চোখের সামনে ভাষা হারিয়ে ফেলার মতো একটি ঝরনা, দেখতে পুরোই বাটির মতো। ওপরের পানি এসে ঝুপ ঝুপ করে পড়ছে এই বাটিতে। আর সেই বাটি থেকে ফোয়ারার মতো ছিটকে পড়ছে ধবধবে সাদা পানি। মুহূর্তে নির্বাক করে দেওয়া এই ঝরনার পানিকে ছাপিয়ে দেখলাম, অদূরে ঠিক এই বাটি ঝরনাটির ওপরই আরেকটা দলা পাকানো পানির জলস্রোত। রোখ চাপল সেখানে যাবই। তবে এই বাটি ঝরনার বুকের ওপর দিয়ে হেঁটে যাবে এমন সাধ্য কার! অগত্যা সাঁতরেই পার হতে হলো এই অংশটুকু। এর পরের অংশটুকুতে আমরা নির্বাক দর্শক মাত্র। শব্দ যা করার একাই করছে হু হু করে নিরন্তর বয়ে চলা এই পানির রেলগাড়ি। চোখের সামনে সিঁড়ির পরে সিঁড়ি। প্রতিটি সিঁড়ি থেকে সমানভাবে পড়ছে পানি। আর আমরাও তার সঙ্গে সমান তালে ভিজতে ভিজতে ওপরের দিকে উঠছি। আশ্চর্যের ব্যাপার হলো, এই ঝরনার সিঁড়ির ধাপগুলো একটুও পিচ্ছিল না। এভাবে সবগুলো সিঁড়ি বা ধাপ পেরিয়ে আমরা যখন সামনে তাকালাম, চোখের সামনে ভুবন ভোলানো এক সতেজ ঝরনা। প্রায় ১৩০ ফুট ওপর থেকে অবিরাম হইচই করে নিচে পড়ছে পানির মিছিল। আর তাকে ঘিরে জন্ম নিয়েছে লালচে এক পুকুর। একটানা ছলাৎ ছলাৎ শব্দে বয়ে চলা এই ঝরনা যেন পেয়েছে চিরকৈশোর। কীভাবে যাবেনঢাকা থেকে সিলেটের বাসে উঠে নামবেন শ্রীমঙ্গল বাসস্ট্যান্ডে। সেখান থেকে একটা সিএনজিচালিত অটোরিকশায় চলে যাবেন কলাবন গ্রামে। চালককে বলবেন হামহাম যাব। যাওয়া-আসায় ভাড়া নেবে এক হাজার ৩০০ টাকার মতো। কলাবন গ্রাম থেকে হামহাম বা সিতাপ পুকুরের ট্রেইল ধরে হাঁটতে থাকবেন। মোকাম টিলাটা দেখলেই দাঁড়িয়ে যাবেন। মোকাম টিলা পার হওয়ার আগেই দেখবেন বাঁ দিক থেকে একটা চিকন ধারার পানি এসে সিতাপে মিশেছে। সেই পানির রেখা ধরেই হাঁটতে থাকবেন। টানা ৩২ মিনিট হাঁটার পর পেয়ে যাবেন এই ঝরনার প্রথম সিঁড়ি। এভাবেই একে একে বেশ কয়েকটি সিঁড়ি বা ধাপ পেরিয়ে পৌঁছে যাবেন ঝরনার কাছে।