হঠাৎ পায়ে টান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমের মধ্যে বা বসা থেকে উঠতে হঠাৎ পায়ের মাংসপেশিতে টান লাগার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।
পেশির অতি ব্যবহারে ক্লান্তি, দীর্ঘ সময় ধরে বেকায়দায় বসা বা শোয়া, পানি বা লবণশূন্যতা, গর্ভাবস্থা, ঠান্ডা আবহাওয়া হঠাৎ পায়ে টান পড়ার জন্য দায়ী হতে পারে।
কিছু ওষুধ যেমন ডাইউরেটিক, এনটিসাইকোটিক, জন্মনিয়ন্ত্রণ বড়ি বা স্ট্যাটিন এবং থাইরয়েডের ও কিডনির সমস্যা বা পায়ে রক্ত চলাচল কমে যাওয়ার যেকোনো রোগেও এমন ঘটে। এমন অবস্থা সাধারণত কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট স্থায়ী হয় এবং এই সময় মাংসপেশির বেদনাদায়ক সংকোচন হয়।
হঠাৎ পায়ে টান লাগলে পেশির নিচে গরম সেঁক দিন, ম্যাসাজ করুন বা স্ট্রেচ করুন। স্ট্রেচ করার নিয়ম হলো, একটা চেয়ারে বসে পা সোজা করে সামনে নিন, পায়ের পাতার নিচ দিয়ে একটা তোয়ালে রোল করে দুই হাতে দুদিক ধরে নিজের দিকে টানুন। অথবা ঘরে খানিকটা
লাফালাফি করুন বা হাঁটুন। যাঁদের প্রায়ই এমন হয়, তাঁরা পর্যাপ্ত পানি খাবেন, ঘুমের আগে কফি, অ্যালকোহল বর্জন করবেন, পেশি স্ট্রেচ হয় এমন কাজ রোজ করার চেষ্টা করবেন, যেমন জগিং বা সাইকেল চালনা, প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামযুক্ত খাবার খাবেন এবং হঠাৎ অতিরিক্ত পরিশ্রম করবেন না। মেড পেজ।