বাকলিয়ার ধনিয়ারপুলের মুহিবুর রহমানের বাসায় বিদ্যুতের মূল লাইন (৩৩ হাজার কেভি) থেকে সংযোগ দেওয়া হয়েছিল। হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। গত বুধ ও বৃহস্পতিবার বাসায় বিদ্যুত্ ছিল না। ফোন করেও কোনো সমাধান না পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরাসরি আসেন অভিযোগকেন্দ্রে। কর্তব্যরত কর্মচারীরা জানান, বিকেলের মধ্যে সংযোগ দেওয়া হবে।মুহিবুর রহমান জানালেন তাঁর বাসায় সংযোগ দেওয়া হয়েছে, তবে বিকেলে নয় সন্ধ্যায়। দেরিতে হলেও সংযোগ পেয়ে তিনি খুশি। কিন্তু অনেকে দিনের পর দিন সমাধান না পেয়ে ক্ষুব্ধ।কালামিয়া বাজারের জাকির হোসেন জানান, ‘প্রতিদিন সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যায়। আসে এক ঘণ্টা পর, তা-ও ২০ মিনিটের জন্য। এ নিয়ে কয়েকবার ফোন করেছি অভিযোগকেন্দ্রে, কিন্তু কোনো ফল পাইনি।’বাকলিয়া উপকেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীর ১০৮টি পদ রয়েছে। এর মধ্যে কর্মরত আছেন ৫১ জন। খালি আছে ৫৭টি। দীর্ঘদিন অর্ধেকেরও বেশি পদ খালি থাকায় বাকলিয়ার মানুষকে দ্রুত সেবা দেওয়া যাচ্ছে না বলে স্বীকার করেন সংশ্লিষ্টরা। গ্রাহকদের সমস্যা সমাধানে কাজের বিনিময়ে মজুরি ভিত্তিতে ১২ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে।ডিসি সড়কের ইকবাল হাসান বলেন, ‘নতুন বাড়ি করেছি। দুই মাস আগে আবেদন করে এখনো পর্যন্ত বিদ্যুতের সংযোগ পাইনি।’ তিনি গত বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদককে বলেন,‘প্রচলিত সব নিয়ম মেনে আবেদন করেছি। সংযোগ পেতে কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না।’ রাহাত্তারপোলের সিদ্দিক আহম্মদ বলেন, ‘অতিরিক্ত বিল আসায় দায়িত্বরত কর্মকর্তা আমাকে মিটার পরিবর্তনের পরামর্শ দেন। আমার মিটার নাকি নষ্ট। নতুন মিটার স্থাপনের জন্য দুই বার ফোন করলেও কেউ আসেননি। ডিসেম্বরের বিল নভেম্বরের দ্বিগুণ এসেছে। তাঁরা বিলের কপি দিয়ে চলে গেছেন। এর কারণ জানতে চাইলে কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন।’জানা যায়, বাকলিয়া উপকেন্দ্রে বিদ্যুত্ সমস্যা নিয়ে প্রতিদিন ৩০-৪০ জন গ্রাহক আসেন। ফোনে যোগাযোগ করেন ১০-১৫ জন। উপকেন্দ্রের আওতায় গ্রাহক আছেন ৩১ হাজার। অভিযোগ আসে মাসে এক-দেড় হাজার। প্রয়োজনের অর্ধেকও জনবল না থাকায় গ্রাহকদের দ্রুত সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে সহযোগী, ফোরম্যান, ইলেকট্রিশিয়ান ও লাইনম্যানের ৩৬টি পদ খালি। এখন প্রতিদিন চারটি দল পালাক্রমে দায়িত্ব পালন করে। একটি দলে থাকেন চারজন । নির্বাহী প্রকৌশলী প্রবীর সেন বলেন, ‘অভিযোগ এলে তা গুরুত্ব অনুযায়ী দ্রুত সমাধান করা হয়। গ্রাহক বেশি, সমস্যাও বেশি কিন্তু জনবল কম। তা সত্ত্বেও গ্রাহকদের দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’এক প্রশ্নের জবাবে বলেন, ‘শর্ত পূরণ করলে নতুন সংযোগ পেতে সময় লাগার কথা নয়। অতিরিক্ত বিলসহ অন্য অভিযোগ পেলেই সমাধান করা হয়। আমাদের আন্তরিকতার অভাব নেই।’