হঠাৎ বৃষ্টিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ ভিজে গেলে শিশুর মাথা মুছিয়ে দিন। মডেল: সাওয়াদ ও ইফফাদ জেবিন, ছবি: নকশা
হঠাৎ ভিজে গেলে শিশুর মাথা মুছিয়ে দিন। মডেল: সাওয়াদ ও ইফফাদ জেবিন, ছবি: নকশা

মেঘ-বৃষ্টির দিনে মনটা তো ভিজতেই পারে যখন-তখন। চাইলে ক্ষণিকের জন্য শহুরে হালচাল ভুলে বাস্তবেও আপনি ভিজতে পারেন বৃষ্টিতে। তবে হুটহাট বৃষ্টিতে যদি ভিজে যায় আদরের সোনামণি, তখন মনে জমে শঙ্কার মেঘ। স্বাভাবিকভাবেই শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা একটু কম। বৃষ্টিতে ভিজে গেলে তাই সহজেই সর্দি-কাশি, জ্বর হতে পারে ওদের। সোনামণিদের এই দুর্ভোগ থেকে বাঁচাতে চাই সতর্কতা।
শিশুদের খুব বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকতে দেওয়া ঠিক নয়। এতে সহজেই ওদের ঠান্ডা লেগে যেতে পারে। এমনটাই বললেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া খানম।

জেনে নিন
রোকেয়া খানম দিলেন কিছু পরামর্শ—
* বৃষ্টির দিনগুলোতে শিশু স্কুলে যাওয়ার সময় ব্যাগে ছাতা বা রেইনকোট রাখা ভালো। এতে শিশুর ব্যাগ ভারী হয়ে যাচ্ছে মনে হলে শিশুকে স্কুলে আনা-নেওয়ার কাজটি যিনি করেন, তিনি শিশুর জন্য ছাতা বা রেইনকোট বহন করতে পারেন।
* সচেতন থাকার পরও শিশু বৃষ্টিতে হঠাৎ ভিজে গেলে ওর ভেজা জামাকাপড় খুলে ফেলতে হবে চটজলদি। মাথা ও পুরো শরীর ভালোভাবে মুছিয়ে দিয়ে এরপর শুকনো কাপড় পরিয়ে দিতে হবে। শিশু বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত বাড়ি ফিরতে চেষ্টা করুন, যাতে বেশিক্ষণ ওকে ভেজা অবস্থায় থাকতে না হয়।
* যদি বাড়ির পথ বেশ দূরের হয় কিংবা যানজটে আটকে থাকেন, তাহলে আর কিছু না হলেও অন্তত শিশুর মাথা মুছিয়ে দিন। পথের ধারে কোথাও শিশুর পোশাক বদলে দেওয়ার সুযোগ পেলে আগে ওর শরীরটা মুছিয়ে দিতে ভুলবেন না। এ সুযোগ না পেলে অবশ্যই চেষ্টা করুন দ্রুততম সময়ে বাড়ি ফিরতে।
* বাইরের ধুলাবালি বা কাদা লেগে যেতে পারে শিশুর শরীরে। তাই বাইরে বৃষ্টিতে ভিজলেও বাড়ি ফিরে ওকে গোসল করিয়ে দেওয়া ভালো।
* শিশু ঠান্ডা অনুভব করলে বাড়ি ফিরে ওকে হালকা গরম পোশাক পরিয়ে দিন। এ ছাড়া পোশাক নির্বাচনের সময় আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন। শিশুর গরম লাগলে বা আবহাওয়া উষ্ণ মনে হলে শিশুকে হালকা, ঢিলেঢালা পোশাক পরিয়ে দিন।
* ঠান্ডা অনুভব করলে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে দিতে পারেন ওকে। আদা চা বা লেবু চা-ও উপকারে আসবে।
* আদরের সোনামণি সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট বা কোনো ধরনের অসুস্থতায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নিন। শিশুদের জন্য ওষুধের নির্দিষ্ট বিধি রয়েছে। শিশুর স্বাস্থ্যরক্ষায় তা মেনে চলা জরুরি; তাই নিজে থেকে শিশুকে কোনো ওষুধ দেওয়া থেকে বিরত থাকুন।