হঠাৎ ব্রণে চিন্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনোই ব্রণ হয়নি আপনার মুখে। এ নিয়ে কোনো দিন ভাবতে হবে, তা-ও হয়তো ভাবেননি কোনো দিন। কিন্তু হঠাৎ একদিন দেখলেন, নাকের ভাঁজ ঘেঁষে দুর্ভাবনার একটি বিন্দু উঠি উঠি করছে। বলা বাহুল্য, মাথায়ও একগাদা প্রশ্ন গজাতে থাকবে। কীভাবে হলো? কেন হলো? এখন কী করব ইত্যাদি। সেসব প্রশ্নের উত্তর দেখুন এই প্রতিবেদনে। আর এ নিয়ে পরামর্শ দিয়েছেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা। অনেকেই ভাবেন, ত্বকে ময়লা জমে ব্রণ হয়েছে তাই লোমকূপ খুলে দিতে হবে। এই ভেবে তাঁরা নিয়মিত গরম ভাপ নেন। গরম পানির ভাপ নেওয়া যাবে, কিন্তু তা মাসে সর্বোচ্চ একবার। নিয়মিত ভাপ নেওয়া মোটেই ঠিক নয়। কারণ, নিয়মিত ভাপ নিলে লোমকূপের মুখ বড় হয়ে যায়। চেহারায় খাদ তৈরি হয়। চোখের চারপাশের কোষগুলোরও ক্ষতি হয়। তাই ব্রণ দেখা দিলেই অস্থির না হয়ে কিছুদিন অপেক্ষা করে দেখুন। একটু সময় নিলে অযাচিত ব্রণ এমনিতেই চলে যাবে।রূপবিশেষজ্ঞ আফরোজা বলেন, আমাদের মুখের ত্বকে স্বাভাবিকভাবেই তেলের উপস্থিতি থাকে। ত্বকের সুরক্ষা নিশ্চিত না করে বাইরের রোদ, ধুলাবালি, ময়লা পানি ইত্যাদি মুখে লাগালে এবং নিয়মিত ত্বক পরিষ্কার না করলে ব্রণ হওয়া স্বাভাবিক। হঠাৎ ব্রণ হলে প্রথমে খুঁজে বের করতে হবে কেন ব্রণ হলো। মেয়েদের ঋতুস্রাব চলাকালীনও ব্রণ হতে দেখা যায়। এ ছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা, অনিদ্রা, অ্যালার্জি আছে এমন খাবার খেলে ব্রণ হতে দেখা যায়। এসব বিষয়ে সতর্ক থাকলে ব্রণের সমস্যা চলে যাবে। অধিকাংশ সময় দেখা যায়, হঠাৎ ওঠা ব্রণ হঠাৎই চলে যায়। এ নিয়ে চিন্তার কিছু নেই। তবে সতর্ক হতে হবে। নিয়মিত ক্লেনজার ও টোনার দিয়ে ঘুমানোর আগে ও পরে মুখ পরিষ্কার করতে হবে। তা ছাড়া বরফও ঘষতে পারেন মুখে। বরফ দিলে ব্রণ কমে। কোন নিমন্ত্রণ বা খুব তাড়া থাকলে লবঙ্গ পেস্ট করে ব্রণের ওপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। দু-এক দিনের মাঝেই ব্রণ চলে যাবে। আফরোজা আরও বলেন, হঠাৎ ওঠা ব্রণের প্রতিকার করতে অনেকেই নখ বা সূক্ষ্ম কিছু দিয়ে ব্রণের শাল বের করে দেন। এই অভ্যাসটাকে তুলনা করা যায় নিজেই নিজের পায়ে কুড়াল মারার সঙ্গে। এমনটি করলে হাতের ময়লা ব্রণে লেগে জীবাণুর সংক্রমণ বাড়ে এবং ত্বকে দাগ পড়ে যায়। তাই যতটা সম্ভব ব্রণে হাত বা অন্য কিছুর স্পর্শ দেওয়া থেকে বিরত থাকুন। খাদিজা ফাল্গুনী