হঠাৎ রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। সেই সূত্রে ভর্তি হয়েছিলাম শহরের এক কলেজে। নতুন শহরে এসে বেশ একা হয়ে গেলাম। প্রায়ই মন খারাপ থাকত, পড়াশোনায় মন ছিল না। ফল পেলাম হাতেনাতে। প্রথম পরীক্ষায় ফেল। সেদিন অমল স্যারের বাংলা ক্লাস চলছিল। মন খারাপ ছিল। আমি ক্লাসে না গিয়ে কলেজের বটতলায় বসে ছিলাম।
—এই ছেলে চকলেট খাবে? আমার কাছে আছে।
—কেন?
—মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়।
—তাই বুঝি?
হুম। এভাবেই ওর সঙ্গে প্রথম দিন পরিচয় হয়েছিল। কথায় কথায় শুনলাম ও দেরি করে ভর্তি হয়েছে এই কলেজেই। তখন বুঝিনি ও আমার প্রাণের বন্ধু হয়ে উঠবে কদিন পরেই। নতুন একজন বন্ধু পেয়ে ভালোই হলো। আমার অস্বস্তিও কেটে গেল কিছুদিনের মধ্যে। নতুন করে পড়াশোনায় মন দিলাম। ওর সঙ্গে ভাগাভাগি করে নোট লেখা, কারণে-অকারণে ঘুরে বেড়ানো অথবা ঝুমবৃষ্টিতে ভেজা যেন প্রতিদিনের রুটিনে পরিণত হলো। ওর বাবা ছিলেন ব্যাংকার। একতলা বিশাল বাড়ি ছিল। অনেকবার গিয়েছি। ওর মা বড় অমায়িক ছিলেন। ছেলের মতোই যত্ন করতেন। আমি গেলে গল্পের ঝাঁপি নিয়ে বসতেন। দিনগুলো এত দ্রুত চলছিল বুঝতেই পারি। সামনে ফাইনাল পরীক্ষা চলে এল। বাবা ছিলেন রাগী মানুষ। একদিন ডেকে গম্ভীর মুখে পড়াশোনার খোঁজখবর নিতে লাগলেন। মুখ দেখে মনে হলো সন্তুষ্ট নন। পড়াশোনায় মনোযোগ দিতে বললেন। কলেজ বন্ধ, বাসায় বসেই সারা দিন পড়াশোনা করতে লাগলাম। ফলে যোগাযোগ ও কমতে লাগল। অবশেষে পরীক্ষা শেষ করলাম। একদিন কাকডাকা ভোরে অল্প দিনে পরিচিত হওয়া সেই শহর আর মানুষদের ছেড়ে নতুন শহরে যাত্রা করলাম। তখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্নে বিভোর। সে জন্যই হয়তো আসার আগে একবার ওর সঙ্গে দেখা করার কথাও ভুলে গিয়েছিলাম। মাস তিনেক পরে যখন ফিরলাম তখন আমি পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাসায় ফিরে মাকে জড়িয়ে ধরলাম। দ্রুত ব্যাগ রেখে ছুটলাম ওদের বাসায়। মা অবাক হয়ে তাকিয়ে রইলেন কিন্তু কিছুই বললেন না। এক দৌড়ে বাসার সামনে পৌঁছালাম। কিন্তু তত দিনে সেই একতলা বাড়িটার বিশাল লোহার গেটে তালা পড়েছে, উঠানের ঘাসগুলো অনেক বেড়ে উঠেছে। ওর বাবা ছিলেন ব্যাংকার, বদলির চাকরি। আমার আর কিছু বুঝতে বাকি থাকল না। অনেক চেষ্টায় কষ্ট লুকিয়ে বাড়ি ফিরলাম। তারপর সময় অনেক গড়িয়েছে। বিশ্ববিদ্যালয়জীবনের শেষ পর্যায়ে আমি। কিন্তু সেই স্মৃতিগুলোতে মোটেই ধুলো জমেনি। বন্ধু, জানিস তোদের সেই একতলা রঙিন বাড়িটার রং ফ্যাকাশে হয়ে গেছে, পুকুরটার ঘাটে শেওলা জমেছে। আর উঠানটা ধূসর ঝরা পাতায় ভরে উঠেছে। কিন্তু লোহার গেটের বিশাল তালাটা এখনো ঝুলছে। প্রতিবার ছুটিতে বাসায় এলে একবারের জন্য হলেও বাড়িটার সামনে গিয়ে দাঁড়াই। কোনো এক সকালে বাড়িটার দরজা খোলা দেখব সেই আশায়। আচ্ছা, এত দিনে তোর মধ্যেও কি এতটা পরিবর্তন এসেছে? আমি কিন্তু সেই আগের মতোই আছি। হয়তো একদিন আবার দেখা হবে। কোনো এক উপশহরে পথ চলার সময় পেছন থেকে তোকে ডাকব আমি। কিছুটা অবাক হয়ে তুই আমায় দেখবি। সময়ের নিয়মে অনেকটা বদলে যাবি তত দিনে। চোখে হয়তো থাকবে কালো ফ্রেমের ভারী চশমা। আর চেহারায় কিছুটা গাম্ভীর্য। আমি কিন্তু তখনো তোর সেই আগের বন্ধুটিই থাকব।

শাতীল রহমান
খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।