হঠাৎ রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু আগে ক্লাস শেষ হয়েছে। রোদ মাথায় করে এখন রুমে ফিরছি। একজন মাঝবয়সী লোককে দেখলাম। পথের ধারে একটি খুঁটিতে ঠেস দিয়ে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। দেখে মনে হলো তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু কীই-বা করার আছে আমার? রাস্তায় তো আরও কত লোক আছে, কারোর কিছু হচ্ছে না আমার কী দায়! এসব ভেবেই নিজের পথে এগোচ্ছিলাম। কিন্তু তিনি আমাকেই ডাকলেন,

—‘এই যে, মা। শোনেন...’, চোখেমুখে কিছুটা বিরক্তি নিয়ে তাকালাম তঁার দিকে।

—‘জি, বলুন।’

লোকটা অসহায় ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, ‘২৫০ বেডের হাসপাতাল কোন দিকে? এহান থেকে কত দূর?’

আমি রাস্তাটি দেখিয়ে দিয়ে বললাম, ‘তা মাইলখানেক দূরত্ব তো হবেই।’ দম নিয়ে প্রশ্ন করলাম, ‘রোগী কে? কী হয় আপনার?’

এবার লোকটা একনাগাড়ে বলা শুরু করলেন, ‘আমার ওষুধ ফুরায়া গেছে।’ একটি খালি ইনহেলার বের করে দেখালেন। তারপর থেমে নিশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন, ‘বাড়িতে সবাইকে বললেও কেউ তো এনে দিল না। তাই হাসপাতালে যাচ্ছি, যদি নতুন একটা পাই। সেই চকরাখালি থেকে হেঁটে আসছি।’

বলতে বলতে লোকটা কেঁদে ফেললেন। ইতিমধ্যে আরও কিছু লোক জড়ো হয়েছে।

চকরাখালি আমাদের বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চার-পাঁচ মাইল দূরে। একজন সুস্থ মানুষের পক্ষেও এত দূর হাঁটা কষ্টের। আর তিনি তো হাঁপানির রোগী। আর দেরি না করে একটি অটোরিকশা ডেকে তাঁকে তুলে দিলাম। মাত্র ৫ টাকার জন্য যদি লোকটির মাইলখানেক হাঁটা না লাগে সেটাই ভালো।

কিন্তু অটোরিকশাচালক আমার কাছ থেকে টাকা নিল না। অবাক হলাম তার ব্যবহারে আর কথায়, ‘দায়িত্ব তো রাস্তার সবারই। আপনি দায়িত্ব নিয়ে অটো ডাকছেন, এবার আমি দায়িত্ব নিয়ে ওনারে পৌঁছে দেব।’

আর কথা না বাড়িয়ে একগাল হেসে বিদায় নিল। আমি বাসায় ফিরে এলাম।

সেই মানুষ পৌঁছাতে পেরেছিলেন কি না জানি না, জানা সম্ভবও নয়। তবে এটুকু জানলাম, মানুষের মানবতাবোধ আজও টিকে আছে, দায়িত্ব এড়ানোর লোকের অভাব না থাকতে পারে, তবু দায়িত্ববোধটা জেগে আছে।

নওরীন নাহার

খুলনা বিশ্ববিদ্যালয়।