হতাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি নিয়ে হতাশ সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা। কমিটিতে আশানুরূপ পদ না পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।কেন্দ্রীয় কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখার যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান দেওয়ার দাবিতে গত বুধবার ক্যাম্পাসে শাটল ট্রেন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে নেতা-কর্মীরা। সামনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।প্রসঙ্গত, গত সোমবার রাতে ছাত্রলীগের ২২০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ২৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আরও ৩১টি পদ খালি রয়েছে। বাকি ৩১ জনের পদ পরে পূরণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এবারের কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখা থেকে মাত্র একজনকে স্থান দেওয়া হয়। তিনি হচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখার গত কমিটির উপকোষাধ্যক্ষ মহসিন করিম।সংগঠনের নেতা-কর্মীরা জানান, ছাত্রলীগের প্রতিটি কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে তিন থেকে পাঁচজন নেতার নাম থাকত। কিন্তু এবারই ব্যতিক্রম। যেখানে মাত্র একজনকে ঠাঁই দেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, ছাত্রলীগের গত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে চারজন নির্বাহী কমিটিতে আর চারজন জাতীয় পরিষদে স্থান পান। গত কমিটিতে মাহমুদ হাসান সভাপতি ও মাহফুজুল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে লিয়াকত শিকদার ও নজরুল ইসলামের নেতৃত্বাধীন কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঠাঁই পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ নেতা। এ ছাড়া বাহাদুর ব্যাপারি ও অজয় করের কমিটিতেও দুই ছাত্রনেতা স্থান পেয়েছিলেন। সাম্প্রতিক ইতিহাসে শুধু একবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে কোনো নেতা-কর্মীর ঠাঁই হয়নি। গত আওয়ামী লীগ সরকারের সময় এনামুল হক ও ইসহাক আলী খানের কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের স্থান পাওয়ার সৌভাগ্য হয়নি। এ ছাড়া প্রায় প্রতিটি কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকত।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে তিন থেকে পাঁচজন নেতা-কর্মী ঠাঁই পেতেন। কিন্তু এবারের কমিটিতে মাত্র একজন স্থান পেয়েছেন, যা আমাদের জন্য হতাশাজনক।’একই প্রসঙ্গে গত কমিটির সদস্য সাহেদ সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘এবারের কেন্দ্রীয় কমিটিতে মৌলবাদ ও শিবিরের বিরুদ্ধে সক্রিয় নেতা-কর্মীদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়েছে।’ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। কেন্দ্রীয় কমিটিতে আরও ৩১টি পদ বাকি রয়েছে। এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের তিন থেকে চারটি পদ দেওয়া হবে।