হতাশ বোয়ালখালীর লেবুচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চারটি বাগান থেকে গত বছর পৌনে পাঁচ লাখ টাকার লেবু বিক্রি করেছি। চলতি বছর বিক্রি করেছি প্রায় দুই লাখ টাকার। গত বছর ১০০ লেবুর দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। রমজান মাসে তা বেড়ে দাঁড়ায় ২০০ টাকায়। আর এ বছর মৌসুমেই ১০০ লেবুর দাম পাওয়া গেছে মাত্র ৩০ টাকা। রোজায় ২০ টাকা বেড়ে হয়েছে ৫০ টাকা। প্রতিদিন লেবু বিক্রি থেকে শ্রমিকের মজুরি দেওয়ার পর লাভ তো দূরের কথা বরং লোকসান গুনতে হচ্ছে।’ লেবুর ফলন ভালো হওয়া সত্ত্বেও দাম না পাওয়ায় হতাশ হয়ে কথাগুলো বলছিলেন বোয়ালখালীর লেবুচাষি মো. মোজাম্মেল হক।লেবুচাষি ও কৃষি বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার তিন ইউনিয়ন জ্যৈষ্ঠপুরা, করলডেঙ্গা ও আমুচিয়ার বিশাল পাহাড়ি এলাকায় অন্তত সাড়ে তিন শ বাগানে লেবুর চাষ হয়। এসব বাগানে কর্মসংস্থান হয় প্রায় পাঁচ হাজার লোকের। ভর মৌসুমে শ্রমিকের সংখ্যা বেড়ে হয় প্রায় দ্বিগুণ। তবে এ ব্যাপারে কোনো তথ্য নেই কৃষি কার্যালয়ে।চাষিরা জানান, ভালো ফলন হলেও দাম একেবারে কম। প্রতিটি লেবু বিক্রি হচ্ছে মাত্র ৫০ থেকে ৬০ পয়সায়। দাম অস্বাভাবিক কম হওয়ায় লোকসানের মুখে পড়ে হতাশ হয়ে পড়েছেন তাঁরা।জ্যৈষ্ঠপুরার মো. সেলিম, ওসমান, করলডেঙ্গার নবী আহমদ, মো. ইসলামসহ কয়েকজন লেবুচাষি জানান, রমজান মৌসুমে লেবুর বেশি চাহিদা থাকে। এবারও বাজারে লেবুর চাহিদা রয়েছে। তবে দাম পানির মতো। মধ্যস্বত্ব্বভোগী ব্যবসায়ীদের হাতে চাষিরা জিম্মি হয়ে পড়েছেন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ওই সব ব্যবসায়ীর কাছে কম দামে লেবু বিক্রি করতে বাধ্য হন বাগানের মালিকেরা। লেবু ব্যবসায়ীরা জানান, এখান থেকে প্রতিদিন সাত থেকে নয় ট্রাক লেবু চট্টগ্রাম ছাড়াও ঢাকার শ্যামবাজার, কারওয়ানবাজার এবং নোয়াখালী-কুমিল্লাসহ দেশের বিভিন্ন বড় বাজারে সরবরাহ করা হয়। ফড়িয়া ব্যবসায়ীরা স্থানীয় চাষিদের কাছ থেকে এসব লেবু কিনে বাজারে সরবরাহ করেন। রমজান মাসের শুরু থেকে লেবুর চাহিদা বেড়েছে বলে জানান তাঁরা। জানা গেছে, জ্যৈষ্ঠপুরা, করলডেঙ্গা ও নয়াবাজারে পাঁচটি মধ্যস্বত্বভোগী চক্র রয়েছে। তাঁরা বাগানের মালিকদের কাছ থেকে লেবু সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজারে সরবরাহ করেন।চাষিদের অভিযোগ, লেবু চাষের জন্য সরকারি সহায়তা কিংবা কৃষি বিভাগের পরামর্শ তাঁরা পান না। ব্যক্তিগত কিংবা বেসরকারি সংস্থার কাছ থেকে ধার-কর্জ নিয়েই এ অঞ্চলের প্রান্তিক চাষিরা চাষাবাদ করে থাকেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এনায়েত-ই-রাব্বী প্রথম আলোকে বলেন, ‘বোয়ালখালীতে ভালো লেবুর চাষ হয়। লেবুর গুণগত মানও উন্নত। চাষিরা এলেই পরামর্শ দিয়ে থাকি।’ তিনি জানান, বড় ধরনের সহায়তা করার মতো প্রকল্প কৃষি বিভাগে নেই। ন্যায্য দাম পেতে হলে সমবায়ের মাধ্যমে চাষ ও বাজারজাত করার উদ্যোগ নেওয়ার জন্য চাষিদের পরামর্শ দেন তিনি।