হতাশ লোহাগাড়ার আশ্রয়ণ প্রকল্পের মানুষ
লোহাগাড়া উপজেলার চারটি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে ঋণ বিতরণের জন্য বরাদ্দ করা সাড়ে ১৬ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন। ৮ জুলাই লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হতদরিদ্র ব্যক্তিরা।অনুসন্ধানে জানা যায়, ২০০৩-০৪ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে লোহাগাড়ার পাঁচটি আশ্রয়ণ প্রকল্প পদুয়া, চুনতি, কলাউজান, আধুনগর ও পুটিবিলার জন্য সাড়ে ২৬ লাখ টাকা ঋণ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পদুয়া আশ্রয়ণ প্রকল্পে ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। লোহাগাড়া আধুনগর কুলপাগলী আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, ‘আমরা অতীতে কোনো ঋণ পাইনি। বরাদ্দকৃত ঋণের টাকা ফেরত যাওয়ায় আমরা আরও ক্ষতিগ্রস্ত হলাম।’ লোহাগাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সুজিত চন্দ্র দাশ জানান, ‘নীতিমালা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের জায়গাগুলো উপকারভোগী ব্যক্তিদের নামে নিবন্ধন করতে হবে এবং সমবায় সমিতি গঠন করে ঋণ নিতে হবে। এগুলোর কিছুই তাঁরা অনুসরণ করেননি। তাই আমরা ঋণ বিতরণ করতে পারিনি। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের মানুষদের কাছ থেকে ঋণ আদায় করা কষ্টকর।’এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, আমার যোগদানের অনেক আগে এ টাকা বরাদ্দ এসেছিল। উপকারভোগী ব্যক্তিদের ভূমি নিবন্ধন ও সমবায় সমিতি না থাকায় এ টাকা ফেরতের সিদ্ধান্ত গৃহীত হয়। লোহাগাড়ার উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে হতদরিদ্র ব্যক্তিদের ঋণের টাকা এবং প্রশিক্ষণের টাকা যথাযথভাবে ব্যয় করতে পারলে তাদের আর্থসামাজিক উন্নয়ন হতো। হতদরিদ্র ব্যক্তিদের নিয়ে সরকারের পরিকল্পনা ফলপ্রসূ হতো। অথচ এ আর্থিক বরাদ্দ বিষয়ে আমরা কিছুই জানি না।’ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিকতার অভাবে ভূমি নিবন্ধন ও ঋণের টাকা বরাদ্দ দেওয়া যায়নি বলে মনে করেন তিনি। পুটিবিলা আশ্রয়ণ প্রকল্প সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলা প্রশাসনে ধরনা দিয়েও ভূমি নিবন্ধন করতে পারিনি। ফলে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি। উল্লেখ্য, চট্টগ্রামের অন্যান্য উপজেলা থেকেও আশ্রয়ণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ঋণ ১১ লাখ ৫০ হাজার টাকা ফেরত যাচ্ছে বলে জানা যায়।