হতাশ হওয়ার মতো কিছু হয়নি
পুঁজিবাজারে নতুন শেয়ার আসা দরকার। পাশাপাশি কোনো শেয়ার যাতে অতি মূল্যায়িত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এমন অভিমত দিয়ে বাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে বাজারে যে গতিশীলতা ফিরে এসেছে তা ধরে রাখতে এসব বিষয়ে নজরদারি দরকার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও (এসইসি) এ ব্যাপারে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। এ প্রসঙ্গে চিটাগং ক্যাপিটাল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দীপক কুমার পালিত প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি এখনো হতাশ হওয়ার মতো কিছু হয়নি। আমাদের লেনদেন তো ভালোই চলছিল। এখন কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। যেমন- কোনো শেয়ারের দাম যাতে অতি মূল্যায়িত না হয়। রাইট শেয়ারের অনুমোদন দেওয়া উচিত। কারণ অনেকগুলো আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বাজারে নতুন শেয়ারও আসা দরকার।’ একই সঙ্গে আইপিও-এর আবেদনগুলোও বিবেচনায় আনার ওপর জোর দেন তিনি। এসব বিষয় বাজারের স্থিতিশীলতা ধরে রাখার জন্য সহায়ক হতে পারে বলে তাঁর ধারণা।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে ৯৮টির, কমে ৯৮টির এবং অপরিবর্তিত থাকে চারটি। সার্বিক সূচক ১০৮ দশমিক ৭১ পয়েন্ট, কমে দাঁড়ায় ১৮ হাজার ৮৬৯ দশমিক ৮৪ পয়েন্টে। এ দিন সিএসইতে মোট ১৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৯২ কোটি টাকার শেয়ার।রমজানের সময়সূচি রমজান উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময়সূচি পরিবর্তন হয়েছে। সিএসই সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত চলবে। স্টক এক্সচেঞ্জ কার্যালয় সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। চেক লেনদেন করা যাবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। স্পট মার্কেটের আর্থিক লেনদেন চলবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।