আরব বসন্তের ফুল কি শুকিয়ে যাচ্ছে? মরুর লু হাওয়ায় কি মিলিয়ে যাচ্ছে তার সৌরভের শেষ চিহ্ন? গণতন্ত্র আনবে বলে মধ্যপ্রাচ্যজুড়ে পরিবর্তনকামীরা যে জাগরণের সৃষ্টি করেছিল, তার সার্থকতা কি বিলীন হবে হতাশার আবর্তে? এসব প্রশ্ন এখন সারা বিশ্বের অগণিত মানুষের।তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন গড়ে ওঠে, সে বিপ্লবের জোয়ারে জয়নাল আবেদিন বেন আলী, হোসনি মোবারক, মুয়াম্মার গাদ্দাফি ও আলী আবদুল্লাহ সালেহের মতো শক্তিধর একনায়কের পতন ঘটে। কিন্তু যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে এই রক্তক্ষয়ী বিপ্লব, তা যেন এখন বিফলে যেতে বসেছে। আরব বিশ্বের যেসব দেশে বিপ্লব ঘটেছে, তার কোনোটিতেই এখনো কাঙ্ক্ষিত রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি, উন্মোচিত হয়নি অর্থনৈতিক মুক্তির পথ; বরং উল্লিখিত প্রতিটি দেশই এখন কমবেশি রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল। মিটছে না মৌলিক চাহিদা। বিপন্ন নাগরিক অধিকার। সাধারণ মানুষ এ পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কোনো দিকনির্দেশনা পাচ্ছে না।‘আরব বসন্তের’ শুরু তিউনিসিয়ায়। ২০১০ সালের ডিসেম্বর মাসে ফলবিক্রেতা মোহাম্মদ বুআজিজি সরকারি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগুনে আত্মাহুতি দিলে বিপ্লব শুরু হয়। সামাল দিতে না পেরে পরের বছরের ১৪ জানুয়ারি ২৩ বছরের শাসন ছেড়ে দেশ থেকে পালান বেন আলী। নতুন সরকার গঠন এবং সংবিধান প্রণয়নে গত অক্টোবর মাসে তিউনিসিয়ায় প্রথমবারের মতো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, গঠিত হয়েছে নতুন সরকার। কিন্তু শান্তি আসেনি। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এখনো সে দেশে চলছে দফায় দফায় বিক্ষোভ। সম্প্রতি অব্যাহত বিক্ষোভের মুখে বিচারমন্ত্রী নুরুদ্দিন বিরি একদল ম্যাজিস্ট্রেটকে বরখাস্ত করেন। পতিত বেন আলীর প্রশাসনের সঙ্গে যোগসূত্র থাকা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে এই বরখাস্তের প্রতিবাদে গত সপ্তাহ থেকে বিচারকেরা ধর্মঘট শুরু করেছেন। এতে বিচার বিভাগে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। বিচারক সমিতির প্রধান রাওদা লাবিদি বলেন, পদচ্যুত ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।একতরফাভাবে বরখাস্ত করা কেন?বিভিন্ন সহিংস ঘটনাও ঘটছে তিউনিসিয়ায়। সম্প্রতি উত্তরাঞ্চলীয় শহর জেনদুবায় শত শত কট্টরপন্থী মুসলিম স্থানীয় থানা ও মদের দোকানে হামলা চালিয়েছে। এ সময় লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করা হয়।গত বছরের ফেব্রুয়ারি মাসে হোসনি মোবারকের পতনের পর থেকে মিসরের শাসনক্ষমতা শীর্ষ সেনা কর্মকর্তাদের নিয়ন্ত্রণে। তাঁদের অধীনে গত ২৩ ও ২৪ মে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। মিসরের ইতিহাসে এবারই প্রথমবার গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচনের প্রকৃত সুযোগ পায় সে দেশের মানুষ। কিন্তু এ নির্বাচনেও বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে একটি বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান কার্টার সেন্টার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের নেতৃত্বাধীন এ প্রতিষ্ঠানের পর্যবেক্ষকদের দাবি, ভোট গণনার ফলাফল সরাসরি জানতে দেওয়া হয়নি তাঁদের।মিসরের নির্বাচনের সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে দীর্ঘদিনের স্বৈরশাসক মোবারকের শাসনামলের নেতাদের অংশগ্রহণ। মোবারকের দুই শীর্ষ কর্মকর্তা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের প্রধান আমর মুসা এবং মোবারক সরকারের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক এতে অংশ নেন। প্রথম দফার ভোট গ্রহণের পর দেখা গেছে, প্রভাবশালী মুসলিম রাজনৈতিকগোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ শফিক শীর্ষে রয়েছেন। উভয়কে নিয়েই প্রশ্ন রয়েছে অনেকের মনে।সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়সহ ধর্মনিরপেক্ষ ও উদারপন্থীদের ভয়, মুরসি ক্ষমতায় এলে কট্টর ইসলামি শাসন কায়েম করবেন। এতে অশেষ দুর্ভোগ পোহাতে হবে তাদের। মুরসি অবশ্য জোরেশোরেই বলছেন, ক্ষমতায় গেলে তিনি নারীর ওপর পর্দাপ্রথা চাপিয়ে দেওয়ার মতো জোরজুলুম করবেন না। একই ধরনের আশ্বাস দিচ্ছেন আহমেদ শফিক। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, মোবারক-আমলের অপশাসনের কোনো চিহ্ন দেখবে না মিসরের মানুষ। দিন বদলে গেছে। নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে অন্য দলের নেতাদের সঙ্গে নিয়ে সরকার গড়বেন। কিন্তু তাঁর প্রতি সাধারণ মানুষের অনেকেরই আস্থা নেই। প্রথম দফা ভোটের পরপর তাঁর কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলা এর একটি প্রমাণ। গত মঙ্গলবারও রাজধানী কায়রোয় শফিকের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মোবারক-আমলের কাউকে ক্ষমতায় দেখতে চাইছে না তারা। এ সব ঘটনায় এটা পরিষ্কার যে মুরসি বা শফিক যিনিই বিজয়ী হন না কেন, ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে তাঁদের।কায়রোর বিশেষ আদালত বিক্ষোভকারীদের হত্যার দায়ে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ দিয়েছেন, তাতেও বহু মিসরীয় সন্তুষ্ট নয়। তাদের দৃষ্টিতে মোবারকের গুরুতর অপরাধের তুলনায় এটি লঘু দণ্ড। এই ‘লঘু দণ্ডের’ বিরুদ্ধে মিসরী বিপ্লবের প্রতীক হয়ে ওঠা তাহরির স্কয়ারে এরই মধ্যে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।লিবিয়ায় গত বছর টানা ছয় মাসের সরকারবিরোধী বিক্ষোভ ও সশস্ত্র প্রতিরোধের জের ধরে গত আগস্ট মাসে গাদ্দাফির আসন টলে ওঠে। গত ২০ অক্টোবর বিদ্রোহীদের হাতে এক ছেলেসহ নিহত হন তিনি। তিন দিন পর আনুষ্ঠানিকভাবে দেশটির শাসনভার গ্রহণ করে অন্তর্বর্তী জাতীয় পরিষদ। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন এবং নির্বাচিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। কিন্তু গাদ্দাফিবিরোধীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। রাজধানী ত্রিপোলির বাইরে অবস্থানরত বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহীরা কেন্দ্রীয় শাসন মানতে রাজি নয়। তারা এখন নিজ নিজ প্রভাব বিস্তারে সক্রিয়।গাদ্দাফির সন্দেহভাজন সমর্থকদের ধরে নির্যাতন চালানোর অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। গাদ্দাফির সমর্থকেরাও বসে নেই। তলে তলে তারাও সংগঠিত হচ্ছে। গত ৮ মে ট্রাকে করে একদল সশস্ত্র ব্যক্তি ত্রিপোলিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালিয়েছে। গত সোমবারই আল-আওফিয়া ব্রিগেড বলে পরিচিত সাবেক মিলিশিয়ারা অতর্কিতে হামলা চালিয়ে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশ দখল করে নেয়। কর্নেল আবু ওয়েগিলা আল হেবশি বলে পরিচিত এক মিলিশিয়ানেতাকে অপহরণ করে সেখানে আটকে রাখা হয়েছে—এ সন্দেহের জেরে ওই ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমানের সব ফ্লাইট। পরদিনই অবশ্য কর্তৃপক্ষ বিদ্রোহীদের দখল থেকে বিমানবন্দর পুনরুদ্ধার করে। সব মিলিয়ে লিবিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি খুবই সংকটময়। এই জুন মাসেই দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার ভেতর তা কতটুকু সফল হবে, সেটি দেখার বিষয়।ইয়েমেনে সালেহবিরোধী আন্দোলনের জের ধরে একপর্যায়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ান একনায়ক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। এর পরও সে দেশে শান্তি ফিরে আসেনি। সেনা ও বিরোধীদের সংঘাতে এখনো দেশজুড়ে চলছে সহিংসতা। এর মধ্যে গোদের ওপর বিষফোড়া হয়ে দেখা দিয়েছে আল-কায়েদার ইয়েমেনি শাখার জঙ্গিরা। সেনা ও জঙ্গিদের সংঘর্ষে প্রায়ই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে। সম্প্রতি খোদ রাজধানীতে আল-কায়েদা জঙ্গিদের বড় ধরনের আত্মঘাতী হামলায় ৯৬ জন সেনা নিহত হয়।সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভ বেশ কিছুদিন ধরে চললেও এখনো এর পরিণতি অনিশ্চিত। পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে জাতিসংঘ ও আরব লিগ দফায় দফায় উদ্যোগ নিয়েও শান্তির কোনো পথ বের করতে পারেনি। বাশারের অনুগত সেনাবাহিনী বিভিন্ন শহরে দমন অভিযান চালিয়েই যাচ্ছে। এতে দিনকে দিন বেড়ে চলেছে প্রাণহানির ঘটনা। এর বেশির ভাগ শিকার শিশুসহ বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় সরকার ও বিরোধী পক্ষ উভয়কেই দায়ী করছে।সিরিয়ার চলমান সহিংসতা নিয়ে উদ্বিগ্ন এখন প্রতিবেশী দেশ লেবানন। সেখানে ধর্মনিরপেক্ষ ও ইসলামপন্থীরা নিজ নিজ প্রভাব বিস্তারে সচেষ্ট। এখনো তা উল্লেখ করার মতো সহিংস ঘটনায় রূপ নেয়নি। কিন্তু সিরিয়ার সহিংসতার বিরূপ প্রভাব সে দেশেও ছড়িয়ে পড়ে কি না, তা নিয়ে শঙ্কিত লেবাননিরা।স্বস্তিতে নেই আলজেরীয়রাও। দেশটিতে সমম্প্রতি পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনেই ৬০ জন আইনপ্রণেতা ওয়াকআউট করেন। সাম্প্রতিক নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে এর প্রতিবাদে অধিবেশন থেকে বেরিয়ে আসেন তাঁরা। এই আইনপ্রণেতারা বেশির ভাগই একটি ইসলামি জোটের। গত বছরে যখন আরব বিশ্বে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে, তখন আলজেরিয়ার রাজনৈতিক অঙ্গন ছিল নিশ্চুপ। পরে কিছু সরকারবিরোধী বিক্ষোভ হলেও তা বাড়তে পারেনি। খাদ্যদ্রব্যের মূল্যহ্রাস, ১৯ বছরের জরুরি অবস্থার অবসান ও সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিয়ে পরিস্থিতি সামাল দেন প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফলিকা। কিন্তু এবার ইসলামপন্থীদের নতুন পার্লামেন্টের অধিবেশন ত্যাগের ঘটনা আভাস দিচ্ছে যে ওই দেশের রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠতে বাকি নেই।মরক্কোয়ও আন্দোলনের ঢেউ জেগেছে। সম্প্রতি শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে ক্যাসাব্লাঙ্কায় হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করেছে। বলা হচ্ছে, গত জানুয়ারি মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবদেলিলা বেনকিরানে প্রতিশ্রুত সংস্কারে ব্যর্থ হয়েছেন।