হতে চাইলে প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলেন পৃথিবীটা রঙ্গমঞ্চ, আবার কেউ বলেন যুদ্ধক্ষেত্র! কথাটি হয়তো দুই অর্থেই সঠিক। তবে এই সময়ের বুয়েটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে অবশ্য দ্বিতীয়টিই সত্য বলে মনে হচ্ছে। কারণ কী? ‘আর মাত্র কদিন বাদেই বুয়েট ভর্তি পরীক্ষা। রীতিমতো যুদ্ধের দামামা শুনতে পাচ্ছি। এত প্রতিযোগীর মধ্যে নিজের ভর্তি নিশ্চিত করা কি চাট্টিখানি কথা? এ তো যুদ্ধজয়েরই সমতুল্য।’পৃথিবীটাকে যুদ্ধক্ষেত্র মনে হওয়ার কারণ ব্যাখ্যা করছিলেন ফয়সাল হোসেন ও তানিয়া সুলতানা। এ বছর তাঁরা বুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। ফয়সাল ও তানিয়ার মতো সারা দেশের আরও কয়েক হাজার শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করছেন এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য। বলাই বাহুল্য, ইতিমধ্যে প্রায় সবাই যুদ্ধজয়ের সর্বোচ্চ প্রস্তুতিই নিয়ে ফেলেছেন। তবু সংশয়ে ‘সংকল্প’ টলে উঠছে কারও কারও, ‘যদি এই শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যাপারে পূর্বসূরিদের পরামর্শ পাওয়া যেত, তা হলে প্রস্তুতিকে আরও পোক্ত করে নিতে পারতাম!’এমন আক্ষেপ করে শুধু শুধু যাঁরা মনঃকষ্ট বাড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে এবার মুখ খুলেছেন ২০১১ সালের বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন মেধাবী—আশরাফুল আশিক, খালিদ বিন ওয়ালিদ ও জয়ন্ত দে।‘এ সময় নিজের মনোবল ধরে রাখাই প্রধান কাজ। কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না। যতটুকু প্রস্তুতি নেওয়া হয়েছে, আত্মবিশ্বাসের সঙ্গে সেই প্রস্তুতিটুকুই ঝালিয়ে নিতে হবে।’ বলছিলেন আশরাফুল আশিক। তাঁর কথা প্রসঙ্গে খালিদ বিন ওয়ালিদ বলছিলেন, ‘এ সময় নানা দুশ্চিন্তা এসে মাথায় ভর করে। আত্মবিশ্বাস কমে যায়। মনে হয়, এত দিন যা পড়েছি, সব ভুলে যাচ্ছি, বিশেষ করে রসায়ন দ্বিতীয় পত্র। এ বিষয়ের অনেক বিক্রিয়া ও সংকেত আছে, যা সহজে স্মৃতিতে থাকতে চায় না। তাই আমি বলব, এ বিষয়ের বিক্রিয়া ও সংকেতগুলো বারবার পড়ো। বেশি বেশি চর্চা করো পদার্থবিজ্ঞান আর গণিত। কারণ, এ দুটি বিষয়ের সূত্রগুলো মনে রাখা খুব জরুরি।’আশরাফ ও খালিদের কথায় এতক্ষণ মাথা দুলিয়ে সায় দিচ্ছিলেন জয়ন্ত দে। এবার নিজেই নিজের মুখের কুলুপ খুললেন। ‘এ সময় আমি নতুন করে কিছু পড়তে যাইনি। পুরোনো পড়াগুলোতেই বারবার নজর বুলিয়েছি। আর যেগুলোতে বেশি দখল ছিল, সেগুলো নিয়ে মাথা না ঘামিয়ে বরং যে বিষয়গুলো মাঝেমধ্যে ভুলে যাই বলে মনে হচ্ছিল, সেগুলোতেই একটু বেশি গুরুত্ব দিয়েছিলাম।’কথায় কথায় এই তিন মেধাবীর কাছ থেকে জানা গেল, মোট ৬০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে বুয়েট ভর্তি পরীক্ষায়। এই ৬০০ নম্বরের মধ্যে পদার্থ, রসায়ন ও গণিতের প্রতিটিতে ১৮০ নম্বর এবং ইংরেজিতে থাকে ৬০ নম্বর। তবে ইংরেজিতে কম নম্বর থাকলেও এ বিষয়কে অবহেলা করা মোটেও উচিত নয় বলে মনে করেন তাঁরা। কারণ, ইংরেজিতে ন্যূনতম পাস নম্বর না পেলে ভর্তি হওয়া একবারেই অসম্ভব। ইংরেজি সম্পর্কে আশরাফুলের এই সতর্কবাণী মেনে নিয়ে জয়ন্ত ফের পরামর্শের খাতা খুললেন, ‘পরীক্ষার আগের এ সময়কে আলাদা বা অধিক গুরুত্বপূর্ণ না ভেবে অন্য সব দিনের মতোই স্বাভাবিকভাবে দেখো। চেষ্টা কোরো নিয়মবদ্ধ জীবনযাপনের এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে।’এবার জয়ন্তর সঙ্গে যোগ করেন খালিদ, ‘পরীক্ষার জন্য নির্ধারিত তিন ঘণ্টা সময় কিন্তু দুই ভাগে ভাগ করা থাকে। এর মধ্যে দেড় ঘণ্টা এমসিকিউ আর বাকি দেড় ঘণ্টা রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে হয়।’এরপর তিন বন্ধু একসঙ্গে যে বিষয়টি মনে রাখতে বললেন তা হলো, উত্তর দেওয়ার সময় অবশ্যই প্রশ্নের নম্বর মিলিয়ে নিতে হবে। কারণ, পরীক্ষা ভালো দিলেও নম্বরে মিল না থাকলে ছিটকে পড়ার আশঙ্কা থাকে অনেকাংশে।সাবধান থাকতে হবে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে। কারণ, এমসিকিউ উত্তরের ক্ষেত্রে প্রতি চারটি ভুলের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কাটা যাবে। তাই আন্দাজে বা না জেনে উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিলেন এই তিন মেধাবী। আর গণিতের ব্যাপারে তাঁদের মন্তব্য হচ্ছে, অঙ্কে একটু বেশি সময় লাগতেই পারে। তাই বলে অর্ধেক করে ছেড়ে দেওয়া যাবে না। পুরোটা শেষ করেই অন্য প্রশ্নে যাওয়া উচিত।সব শেষে এই অন্তিম সময়টুকু সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দিলেন তাঁরা এবং শুভকামনা জানালেন এবারের বুয়েটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য।অতএব, ভর্তি-ইচ্ছুক বন্ধুরা, পূর্বসূরিদের পরামর্শ ও আশীর্বাদ তো পেলে। তবে আর ভাবনা কেন? এবার নিশ্চিন্ত মনে এই শেষের সময়টুকু কাজে লাগাও।