হতে চাইলে প্রচ্ছদ শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা বইয়ের প্রচ্ছদ হলো চকলেট বা বিস্কুটের মোড়কের মতো। দূর থেকে দেখেই যেন পাঠক আকৃষ্ট হন। তাই প্রচ্ছদ করার সময় সবার আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে।’ প্রচ্ছদ বইয়ের জন্য কতটা জরুরি তারই সহজ ব্যাখ্যা দিলেন প্রচ্ছদশিল্পী সব্যসাচী মিস্ত্রী। তাঁর মতে, পুরো বইয়ের সহজ অভিব্যক্তি ফুটে ওঠে প্রচ্ছদে। লেখক বইতে যে ব্যাপারটি বোঝাতে চেয়েছেন তা এক পাতায় রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে হয় প্রচ্ছদশিল্পীকে। কাজটা কঠিন! তবে এই কঠিন কাজটি করেন প্রচ্ছদশিল্পীরা। এ কারণে লেখক বা প্রকাশকের কাছে প্রচ্ছদশিল্পীর চাহিদা সব সময়ই আছে। বই সম্পর্কে কোনো তথ্য দিতে গেলে লেখকদের প্রথম যে প্রশ্নটি শুনতে হয় তা হলো, ‘আপনার বইয়ের প্রচ্ছদটা কে করছে?’ এ থেকে বোঝা যায় প্রচ্ছদশিল্পীর কদর। তরুণদের বইয়ের প্রচ্ছদ করা প্রসঙ্গে প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ বলেন, ‘তরুণ প্রচ্ছদশিল্পীরাও অনেক ভালো কাজ করছেন। এ পেশায় আগের চেয়ে সন্মান ও সন্মানী দুই-ই বেড়েছে।তাই প্রচ্ছদশিল্পীদের কদর আর একুশে বইমেলাকেন্দ্রিক নয়। বছরজুড়েই বই প্রকাশ হয়। এ জন্য তাঁদের বছরজুড়েই কাজ থাকে।’শুধু কি বইমেলায়? অনেকের ধারণা, একুশে বইমেলার সময়েই শুধু প্রচ্ছদশিল্পীদের কদর বাড়ে। সারা বছর তাঁদের অবসর। যাঁরা এ ধরনের চিন্তা করেন, তাঁদের জন্য তরুণ কার্টুনিস্ট মেহেদী হক বলেন ‘একজন শিল্পী তো শুধু প্রচ্ছদ করেন না। প্রচ্ছদ ছাড়াও একটা বইয়ের অনেক কাজ থাকে। যেমন অলংকরণ ও কার্টুন আঁকার মতো কাজ রয়েছে। কাজ করতে জানলে সারা বছরই একজন প্রচ্ছদশিল্পীকে ব্যস্ত থাকতে হয়। সুযোগ রয়েছে পত্রপত্রিকায় কার্টুন আঁকারও। শুধু বইমেলায় কাজ করবেন, এমন চিন্তা থেকে প্রচ্ছদশিল্পী হওয়ার দরকার নেই। এর ক্ষেত্রটা অনেক বড়।’ আরও ভালো করার উপায়ইন্টারনেটের যুগে এখন আর হাতে-কলমে কিছু শেখার নেই। গুগল বা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে গ্রাফিকসের ওপর। এগুলোতে চোখ বুলালে সহজেই প্রচ্ছদ নিয়ে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। আর নতুন কিছু পাওয়ার জন্য বড় ভান্ডার গুগল তো রয়েছেই। এ প্রসঙ্গে ধ্রুব এষ বলেন, ভালো প্রচ্ছদশিল্পী হতে চাইলে ভালো পাঠক হতে হবে। প্রচুর পড়তে হবে। কম্পোজিশনের ধারণা ও জ্ঞান থাকতে হবে। সবার ওপরে একটা শিল্পী মন থাকতে হবে। কারণ জোর করে বা ইচ্ছার বিরুদ্ধে প্রচ্ছদশিল্পী হওয়া যায় না।’ তাঁর কথার সঙ্গে একমত পোষণ করেন সব্যসাচী মিস্ত্রীও। ‘বইয়ের মুড বা ধরনটা বুঝতে হবে আগে। সেই অনুযায়ী লে-আউট করতে হবে। তারপর ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যারে ইফেক্ট ব্যবহার করে বা পাণ্ডুলিপির ধরন অনুযায়ী প্রচ্ছদটা চূড়ান্ত করতে হবে।’ তবে যাঁরা নতুন তাঁরা অনায়াসে লেখক ও প্রকাশকের পরামর্শ নিতে পারেন। শিখবেন নাকি?প্রচ্ছদের কারিগর হওয়ার জন্য দেশে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান নেই। যাঁরা চারুকলার ছাত্র বা যাঁদের গ্রাফিকসের দখল আছে এবং যাঁরা সৃজনশীল চিন্তা করতে পারেন, তাঁরা অনায়াসে এঁকে ফেলতে পারেন প্রচ্ছদ। ধ্রুব এষ বলেন, ‘সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ বিষয়ে পড়াশোনা করা যাবে। এ ছাড়া গ্রাফিকস ডিজাইনের কোর্স করে একটা প্রাথমিক ধারণা নেওয়া যাবে। মনে রাখতে হবে, প্রচ্ছদ গ্রাফিকস ডিজাইনেরই একটা অংশ। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাফিকস ডিজাইন কোর্সে ভর্তি হলেই প্রচ্ছদ করাও শেখা যাবে।’