হতে চাইলে শব্দ প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যালো হ্যালো...চেক...হাইটা একটু বাড়বে...লো-টা কমবে...।’ সাধারণের কাছে ভাষাটা দুর্বোধ্য মনে হলেও, যে শব্দ প্রকৌশলীর উদ্দেশে কথাগুলো বলা, তিনি ঠিকই বোঝেন। কনসার্ট বা বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড পরীক্ষা করার সময় এসব শব্দ ব্যবহার করা হয়।রেকর্ডিং স্টুুডিওতে গেলেও দেখা পাবেন শব্দ প্রকৌশলীদের। রেকর্ডিংয়ের সময় সবকিছু ঠিকঠাক রাখা কিংবা রেকর্ডিংয়ের পর সুরগুলোকে ‘মিক্সিং’ করা—সবই তাঁর কাজ। মোদ্দা কথা, রেকর্ডিং স্টুডিওকে যদি হেঁশেলের সঙ্গে তুলনা করা হয়, একজন শব্দ প্রকৌশলী সে হেঁশেলের প্রধান পাচক! লবণটা ঠিক হলো কি না, আগুনটা বাড়িয়ে দিতে হবে কি না—সেসব দেখভালের সব দায়িত্ব তাঁর। শব্দ প্রকৌশলীরাই গানগুলোকে শ্রোতাদের কাছে ‘সুস্বাদু’ করে তোলেন!মূলত গানের সঙ্গে জড়িতদের এ কাজে আগ্রহ থাকে। তবে গানবাজনার সঙ্গে সম্পৃক্ত নন, এমন কেউ চাইলেও এ পেশায় আসতে পারেন। শব্দ প্রকৌশলীদের মতে, তাঁকে অবশ্যই গান ভালোবাসতে হবে, তাল-লয় বুঝতে হবে এবং প্রযুক্তি সম্পর্কে অল্পবিস্তর জ্ঞান রাখতে হবে। চাইলে কিছু যন্ত্রপাতি কিনে নিয়ে নিজের ঘরেই একটা ছোটখাটো স্টুডিও করে ফেলতে পারেন। যদি আগ্রহ থাকে, এটা-ওটা নাড়াচাড়া করতে করতে অনেকখানি শেখা হয়ে যাবে। নিজে নিজে শেখার কথা বলছি কারণ দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশে শব্দ প্রকৌশল শেখার জন্য তেমন কোনো প্রতিষ্ঠান নেই। কিছু কিছু প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে। তবে তাদের কেউ কেউ এখনো ঠিক গুছিয়ে উঠতে পারেনি, আবার কেউ হয়তো সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে। অনেকে ব্যক্তিগতভাবে নিজের স্টুডিওতে শেখান। আবার অনেকে দেশের বাইরে থেকেও শব্দ প্রকৌশল বিষয়ে পড়ালেখা করে আসছেন। তবে বাংলাদেশে অধিকাংশ শব্দ প্রকৌশলী গড়ে উঠেছেন নিজ তাগিদে, একেবারেই নিজের চেষ্টায়। অনলাইনের তথ্য আর ইউটিউবের টিউটোরিয়ালই তাঁদের ভরসা। এবিসি রেডিওর শব্দ প্রকৌশলী খালিদ বললেন, ‘বাংলাদেশে শব্দ প্রকৌশলী হিসেবে পেশা গড়ে তোলাটা একটু কঠিন। নিজের আগ্রহেই শিখতে হয়। তবে এখনকার তরুণেরা অনেক মেধাবী। অনেক সীমাবদ্ধতা থাকার পরও বেশ ভালো ভালো শব্দ প্রকৌশলী আছেন আমাদের দেশে। তাঁদের পরিশ্রমের কারণেই অনেক ভালো গান তৈরি হচ্ছে।’ খালিদ আরও যোগ করলেন, এখন দেশে বেশ ভালো প্রযুক্তিও আছে। আগে এতসব ছিল না।যদি শব্দ প্রকৌশলী হওয়ার ইচ্ছা থাকে, প্রথমত অনলাইনের সহায়তা নিতে পারেন। পরিচিত কোনো শব্দ প্রকৌশলী থাকলে তাঁর কাছেও ধরনা দিতে পারেন, হয়তো কাজ দেখতে দেখতেই শেখা হয়ে যাবে। শব্দ প্রকৌশলীরা যেসব সফটওয়্যার ব্যবহার করেন সেগুলো হলো প্রো টুলস, কিউ বেইস, অ্যাডোব, লজিক প্রো, অডেসিটি ইত্যাদি। তবে এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের সাউন্ড কার্ড ব্যবহার করতে হবে।বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে শব্দ প্রকৌশলীদের চাহিদা রয়েছে। এফএম স্টেশন, টিভি চ্যানেল, প্রোডাকশন হাউস, স্টুডিওসহ বিভিন্ন জায়গায় শব্দ প্রকৌশলীদের চাকরির সুযোগ রয়েছে।