হতে চাও চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে না জানে, পূর্বসূরিদের দেখানো পথই নিজের পথচলা সহজ করে দেয়। তাই এবার মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক যাঁরা, তাঁরা মনে মনে খুব করে চাইছেন, যদি জানা যেত, কীভাবে প্রস্তুতি নিয়েছেন গত বছরের শীর্ষস্থানীয় মেধাবীরা, তাঁদের পূর্বসূরিরা!গত বছরের মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী তিন মেধাবীর সঙ্গে আলাপচারিতায় উঠে এল এর উত্তর।‘অগ্রজদের পরামর্শ সব সময়ই বুকে সাহস জাগায়। আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি, তখনো অগ্রজদের পরামর্শ নিয়েছি।’ ২০১১ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শরাফত করিমের এই মন্তব্যে মাথা নেড়ে সায় দিলেন অপর দুই মেধাবী রাফসান হোসেন ও উম্মে সালমা। কথায় কথায় আরও জানা হলো, স্বপ্নপূরণের সাধনায় এই তিন মেধাবী কীভাবে পরিশ্রমের পাতে ঢেলে দিয়েছিলেন মেধা ও মননের সবটুকু নির্যাস।প্রথমেই শরাফতের কাছে যাই। মুহূর্তে চোখের ভাষাটুকু বুঝে নিয়ে বলতে শুরু করেন, ‘আমার পড়ালেখা ছিল সম্পূর্ণ রুটিনমাফিক। প্রতিদিনকার পড়া প্রতিদিন পড়তাম। পড়া জমিয়ে রাখতাম না কখনোই। আর শেষ মুহূর্তে এসে সেই বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দিয়েছিলাম যেগুলো থেকে তুলনামূলক বেশি প্রশ্ন হয়ে থাকে।’ এটুকু বলে একটু থামেন শরাফত। তারপর কণ্ঠটাকে আরও কঠিন করে বলেন, ‘মূল বিষয় হচ্ছে স্বপ্ন। আপনার স্বপ্ন বা লক্ষ্য যদি স্থির থাকে, তবে গন্তব্যে পৌঁছা অসম্ভব কিছু নয়। আমি শুধুই মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলাম। কারণ, ডাক্তার হওয়ার স্বপ্নে আমি ছিলাম অবিচল।’ আপন লক্ষ্যে পাহাড়ের মতো অটল থাকার এই শিক্ষা কি পাহাড়ের কাছেই পেয়েছেন শরাফত? অস্বাভাবিক কিছু নয়। কারণ, রাঙামাটির কাপ্তাইয়ে জন্ম নেওয়া এই মেধাবীর শৈশব-কৈশোর কেটেছে পাহাড়ের কোলে কোলে। মাধ্যমিকের পাট চুকিয়েছেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয় থেকে। আর উচ্চমাধ্যমিক পাস করেছেন ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে।কিন্তু রাফসানের ভেতর যে ইস্পাতকঠিন মন, সেই মনের জন্ম কীভাবে? রাফসান হেসে উত্তর দেন, ‘শরাফত লক্ষ্যে অটল থাকার শিক্ষা নিয়েছে পাহাড়ের কাছ থেকে আর আমি কংক্রিটের শহর ঢাকা থেকে।’ হাসতে হাসতে বললেও রাফসানের কথাকে হেসে উড়ে দেওয়া যাচ্ছে না। কেননা এই মেধাবীর শৈশব-কৈশোর ও তারুণ্যের সবটা দখল করে আছে রাজধানী ঢাকা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটোই সেরেছেন রাজউক উত্তরা মডেল কলেজ থেকে। হাসি থামিয়ে এবারের ভর্তি হতে ইচ্ছুকদের উদ্দেশে তিনি বলেন, ‘গাইড নয়, মূল বই পড়ো। মূল বইয়ের কোনো বিকল্প নেই। আমি শুরু থেকেই মূল বই পড়েছি আর জীববিজ্ঞানের মানবদেহ, তেলাপোকা, ম্যালেরিয়া, পরজীবী, কোষ ইত্যাদি বিষয় একটু বেশি গুরুত্বসহকারে দেখেছি। কারণ, এসব অধ্যায় থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি থাকে।’প্রস্তুতি পরামর্শের ফাঁকে ফাঁকে চলছিল কে কীভাবে ‘দৃঢ়চিত্ত’ মানসিকতা গড়ে তুললেন সেই বিষয়ে কথকতা। এ বিষয়ে উম্মে সালমার অভিমত রাফসানের সম্পূর্ণ বিরুদ্ধে। ‘আমারও বেড়ে ওঠা ঢাকা শহরে। কিন্তু আফসোস! ঢাকা শহর আমাকে কংক্রিটের মতো কঠোর হতে শেখাতে পারেনি। আমি খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তাই তো ভর্তি পরীক্ষার সময় আমি বুয়েট ও মেডিকেল দুটোরই প্রস্তুতি নিয়েছিলাম।’ তবে দ্বিধার প্রাচীর সালমার লক্ষ্যে পৌঁঁছার পথে মোটেও বাধা হতে পারেনি। সালমা ২০১১ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লাখো মেধাবী শিক্ষার্থীকে পেছনে ফেলে ঠিকই স্থান করে নিয়েছেন শীর্ষ তিনের মধ্যে। তার আগে এসএসসি পাস করেছেন কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবং এইচএসসি পাস করেছেন হলিক্রস কলেজ থেকে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে এই মেধাবীর পরামর্শ হচ্ছে, ‘এখন প্রতিটি অধ্যায় পড়ার পর কঠিন বিষয়গুলো নোট করে রাখো। বিশেষ করে রসায়ন বিষয়ের অনেক ছক, সংখ্যাবাচক তথ্য, বিজ্ঞানীর নাম, বিভিন্ন মৌলের ধর্ম, বৈশিষ্ট্য, ব্যবহার ইত্যাদির নোট রাখো। তা হলে রিভিশন দিতে কম সময় লাগবে এবং সহজে মনে থাকবে। পদার্থবিজ্ঞানের সংখ্যার প্রাচুর্য, বৈচিত্র্য ও এককের বিষয়গুলোও মনে রাখা বেশ বিরক্তিকর। প্রয়োজনে এসবেরও নোট রাখো। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে নিয়মিত পত্রপত্রিকা পড়ো এবং টেলিভিশনের খবরের দিকে নজর রাখো।’শোনা হলো তিন মেধাবীর মেডিকেলে ভর্তি-পরামর্শ। এবার কোমর বেঁধে মাঠে নামার পালা। এই যুদ্ধ জয়ের মূলমন্ত্র একটাই, ‘দ্বিধাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিয়ো নাকো, বারবার বলো আমি পারব... আমি পারব।’