হতে পারেন অ্যানিমেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ টিভির দিকে। দ্রুতবেগে দৌড়াচ্ছে জনপ্রিয় কার্টুন সিরিজের টম অ্যান্ড জেরি। পর্দায় নানা ধরনের মজার কাণ্ড ঘটছে। তুমুল জনপ্রিয় এমন অনেক কার্টুনই অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে আছে। শুধু টম অ্যান্ড জেরিই নয়, হালের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমার দর্শকও সারা বিশ্বে আছে। এসব সিনেমা অস্কারের মতো পুরস্কারও জিতে নিচ্ছে। অ্যানিমেশনের এ কাজগুলো করেন অ্যানিমেটররা। এখন এ কাজের প্রায় পুরোটাই কম্পিউটারনির্ভর। ‘বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে কম্পিউটার অ্যানিমেশনের কাজ। আর এ কাজ শিখতে চাইলে শুরুতে এ বিষয়ে জানাটা জরুরি। অ্যানিমেশন বিষয়ে ইন্টারনেটে অনেক ধরনের তথ্য রয়েছে। যা পড়েও অনেক কিছু শেখা যাবে।’ বলেন অগ্নিরথ স্টুডিওর প্রধান নির্বাহী জুবায়ের কেওলিন। শুধু জানা-ই নয়, নিজের কল্পনাশক্তি বাড়াতে প্রচুর সিনেমা দেখতে হবে। বিশেষ করে অ্যানিমেশন সিনেমা, আর্ট সিনেমা দেখার পাশাপাশি আঁকাআঁকি বিষয়ে ধারণা থাকতে হবে। এ জন্য বেশ কিছু সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। ড্রিমার ডনকির প্রধান নির্বাহী শ্রীকান্ত রায় জানান, সাধারণত দুই ধরনের অ্যানিমেশন হয়। এর মধ্যে যাঁরা টুডি অ্যানিমেশন শিখতে চান, তাঁদের ক্ল্যাসিক্যাল ও ফ্ল্যাশ সম্পর্কে জানতে হবে। আর থ্রিডি অ্যানিমেশন শিখতে চাইলে থ্রিডি ম্যাক্স ও মায়া সফটওয়্যার শিখতে হবে। জুবায়ের কেওলিন জানান, বর্তমানে অ্যানিমেশনের ক্ষেত্র অনেক বেড়েছে। বেশির ভাগ টেলিভিশন চ্যানেলেই এখন অ্যানিমেশনের কাজ হয়। এ ছাড়া ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও রয়েছে বিশাল সম্ভাবনা। অ্যানিমেশনের কাজ শেখানো হয়, এ ধরনের প্রতিষ্ঠান তেমন একটা নেই বাংলাদেশে। তাই বলে দুশ্চিন্তার কিছু নেই। যাঁদের ছবি আঁকার প্রতি আগ্রহ আছে, তাঁরা নিজেরা চেষ্টা শুরু করলে ভালো হয়। এ ছাড়া ইন্টারনেটে প্রচুর তথ্য রয়েছে, যেগুলো পড়ার পাশাপাশি সফটওয়্যারগুলো ব্যবহার করেও প্রাথমিক পর্যায়ের কাজ শেখা সম্ভব।