হতে পারেন আইওএমের শিক্ষানবিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বর্তমানে বিশ্বের ১৪৪টি দেশের ৪৪০টি অবস্থানে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এই সংস্থা ১৯৯০ সালে কাজ শুরু করে। অভিবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে এই আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের অভিবাসনসংক্রান্ত এ সংস্থাটির দক্ষিণ এশিয়ার কার্যালয় ঢাকার গুলশানে। যারা অভিবাসন নিয়ে কাজ করতে আগ্রহী তাঁরা ইচ্ছা করলে কাজ করতে পারেন এই সংস্থার সঙ্গে। এ সংস্থায় রয়েছে শিক্ষানবিশ(ইন্টার্ন) হিসেবে কাজ করার সুযোগ। আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার আসিফ মুনীর বলেন, ‘প্রতি তিন মাস পর আমাদের সংগঠনে ইন্টার্ন নিয়োগ করা হয়ে থাকে।’ তাঁর দেওয়া তথ্য ও ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কীভাবে আইওএমের ইন্টার্ন হিসেবে নিয়োগ পেতে পারেন, তার বিস্তারিত জানানো হলো। মেয়াদ: একজন ইন্টার্নের মেয়াদ সাধারণত তিন মাসের হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষে তাঁদের ছয় মাস এমনকি এক বছরের চুক্তিতেও নিয়োগ করা হয়ে থাকে। তা ছাড়া তাঁদের কোন প্রকল্প বা কোন কাজে নিয়োগ করা হচ্ছে এবং সংগঠনে তাঁদের কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ নির্ভর করে থাকে। সম্মানী: সম্মানী বিষয়ে আসিফ মুনীর সরাসরি কিছু না বললেও তিনি বলেন, সম্মানী নির্ভর করে তাঁদের কোন কাজে নিয়োগ করা হচ্ছে, সেই কাজ ও তাঁদের নিজস্ব যোগ্যতার ওপর। অনেক সময় তাঁদের সঙ্গে আলোচনাসাপেক্ষেও সম্মানী নির্ধারিত হয়ে থাকে। প্রার্থীর যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। তবে প্রার্থীকে কী কাজে নিয়োগ করা হলো তার ওপর নির্ভর করে প্রার্থীকে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আর প্রার্থী উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান অনুষদের যেকোনো বিষয় অথবা বাণিজ্য অনুষদের বিষয়ে পাস হলেও চলবে। তবে প্রার্থীকে অবশ্যই ইংরেজি ও কম্পিউটারে দক্ষ হতে হবে। স্বাস্থ্যবিমা: প্রার্থীর ন্যূনতম মৌলিক একটি স্বাস্থ্যবিমা থাকতে হবে। আর প্রার্থী ইন্টার্ন হিসেবে নিয়োগ পেলে তাঁর সিকিউরিটি ক্লিয়ারেন্স দিতে হবে বলে জানান আসিফ মুনীর।কাজকর্ম: একজন ইন্টার্নকে যেকোনো ধরনের কাজ করতে হতে পারে। তবে তাঁদের যদি কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, তাঁকে সে কাজে নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। তা ছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট, নথিপত্র তৈরি, অফিসের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কাজ করতে হয় ইন্টার্নদের। অভিজ্ঞতা: প্রার্থীর ইন্টার্ন হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে প্রার্থীর যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, নিয়োগের ক্ষেত্রে তাঁকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। আবেদনপদ্ধতি: প্রার্থী www.iom.org.bd এ ঠিকানায় গিয়ে নিজের নাম, যোগাযোগের পূর্ণ ঠিকানা, ই-মেইল ঠিকানাসহ তাঁর সিভি আপলোড করে দিতে পারেন। আবেদনের সময় প্রার্থীকে অবশ্যই পারসোনাল হিস্ট্রি ফরম দিতে হবে। আর আত্মীয় নয়, তবে প্রার্থী সম্পর্কে পূর্ণ তথ্য দিতে সক্ষম এমন তিনজনের রেফারেন্স দিতে হবে।