হতে পারেন ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা
বাংলাদেশ একটি গ্রামনির্ভর দেশ। আর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই গ্রামের উন্নয়নে কাজ করে। এই কাজের অংশ হিসেবে সরকারি অর্থায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করতে যাচ্ছে পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট-২। তারই অংশ হিসেবে গ্রামপর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।‘পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট-২’-এর অধীনে ৯১ জন ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা নিয়োগ করা হবে। এই প্রকল্পের অধীনে জুন ২০১৪ পর্যন্ত এ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নির্দিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা এবং শর্তের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তার (ইউডিও) মূল কাজ হলো গ্রামভিত্তিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। ইউনিয়ন পর্যায়ের পল্লী উন্নয়ন বোর্ডের যে কার্যালয় রয়েছে, সেসবের দায়িত্ব সামলানো হলো ইউডিওর কাজ। এ বিষয়ে কথা হয় পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট ২-এর প্রকল্প পরিচালক ও নিয়োগ কমিটির সদস্যসচিব মো. আমিনুর রহমান খানের সঙ্গে। তিনি বলেন, এই কর্মকর্তাদের কাজ হবে গ্রামে অবস্থান করে জনগণের সঙ্গে থেকে কাজ করা। প্রার্থীদের এই চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তাঁদের গ্রামে থেকে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। নিয়োগ: ইউডিও নিয়োগের জন্য পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ কমিটি রয়েছে। এই কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে যাবতীয় কোটা ব্যবস্থা অনুসরণ করা হবে। বেতন-ভাতা: ইউডিও গ্রেড-১০ কর্মকর্তা।সাকুল্যে বেতন ১২ হাজার ৩০০ টাকা। বয়স: এই পদে নিয়োগের জন্য সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩১ আগস্ট, ২০১০-এর মধ্যে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর হলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে। এ ক্ষেত্রে যেকোনো ফলাফলধারী প্রার্থীরাই এ পদের জন্য আবেদন করতে পারবেন। মো. আমিনুর রহমান খান বলেন, আমরা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা না, মূলত প্রার্থীদের কাজ করার আগ্রহ দেখতে চাই। অভিজ্ঞতা: প্রার্থীদের তেমন কোনো অভিজ্ঞতা দরকার নেই। তবে যদি কোনো প্রার্থীর পিআরডিপি ২-এর সংগঠক হিসেবে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তবে তিনি অগ্রাধিকার পাবেন।অবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থী এ-ফোর আকারের কাগজে আবেদন করবেন। আবেদনপত্রে নিচে উল্লিখিত তথ্যাবলি উল্লেখ করতে হবে। তথ্যগুলো হলো নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা (উত্তীর্ণ পরীক্ষার নাম, প্রাপ্ত বিভাগ, সাল, বোর্ড বা বিশ্ববিদ্যালয় উল্লেখসহ), জাতীয়তা, অভিজ্ঞতা, সংযুক্ত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার নম্বর, তারিখ, টাকার পরিমাণ ও ইস্যুকৃত ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। যা যা লাগবে: আগ্রহী প্রার্থী আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, পাসপোর্ট সাইজের সদ্য তোলা তিন কপি সত্যায়িত ছবি, পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ এবং প্রথম শ্রেণীর একজন গেজেটেড সরকারি কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। তা ছাড়া আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্য হলে সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা তাঁদের পোষ্যদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট, উপযুক্ত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। বর্তমানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তার প্রমাণপত্র দিতে হবে। আর আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান ঠিকানা সংবলিত একটি অব্যবহূত খাম সংযুক্ত করে পাঠাতে হবে। ‘প্রকল্প পরিচালক’, ‘পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট-২’-এর অনুকূলে যেকোনো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ৩০০ টাকা মূল্যে হিসাবে প্রদেয় ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) জমা দিতে হবে। বিশেষ তথ্য: নির্বাচিত প্রার্থীদের নিয়োগ শুধু প্রকল্পের মেয়াদকালীন (৩০ জুন, ২০১৪ পর্যন্ত) কার্যকর থাকবে এবং প্রকল্প মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির মেয়াদ আপনা-আপনি শেষ হয়ে যাবে। এ জন্য আলাদা কোনো নোটিশ জারি করা হবে না। এই পদের জন্য মোট ৯১ জন নিয়োগ দেওয়া হবে। তবে কর্তৃপক্ষ পদগুলোর সংখ্যা প্রয়োজনে হ্রাস-বৃদ্ধি করতে পারবেন। কোথায় জমা দেবেন: আবেদনপত্র ৩১ আগস্টের মধ্যে পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট-২, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ‘পল্লী ভবন’ ৫, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫-এর বরাবর পৌঁছাতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।