হতে পারেন খাদ্য পরিদর্শক
খাদ্য অধিদপ্তরে ৩২৮ জনকে নিয়োগ করা হচ্ছে। এসব পদ হচ্ছে খাদ্য পরিদর্শক/কারিগরি খাদ্য পরিদর্শক/অপারেটর (পেস্ট কন্ট্রোল) নন-গেজেটেড কর্মকর্তা। এর সঙ্গে আরও বিভিন্ন পদে অধিদপ্তরের অধীনে লোক নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য আছে অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dgfoo.gov.bd)।পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতেও পাওয়া যাবে সব তথ্য। প্রার্থীর যোগ্যতা এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আবেদনকারী প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ১৮ অক্টোবরের মধ্যে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত।খাদ্য পরিদর্শকের কাজস্থানীয় পর্যায়ে খাদ্য অধিদপ্তরের অধীন সব কাজকর্ম সম্পাদন করা খাদ্য পরিদর্শকদের কাজ। এ বিষয়ে কথা হয় খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ইলাহী দাদ খান বলেন, এ পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আমাদের অধিদপ্তরের স্থানীয় পর্যায়ে নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে তাঁদের দক্ষতার ওপর বদলি ও পদোন্নতি নির্ভর করে। আবেদনের পদ্ধতি বিজ্ঞপ্তিতে বলা তথ্যসহ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর আবেদনপত্র লিখতে হবে। সঙ্গে ২০০ টাকার ট্রেজারি চালান সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে নিজ জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। প্রার্থী যদি কোটার বিপরীতে আবেদন করে থাকেন, তবে তাঁকে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে আগামী ১৮ অক্টোবরের মধ্যে। নিয়োগ পদ্ধতি খাদ্য পরিদর্শক/কারিগরি খাদ্য পরিদর্শক/অপারেটর (পেস্ট কন্ট্রোল) পদের নিয়োগের ক্ষেত্রে সরকারি সব বিধি-বিধান মেনে চলা হবে বলে মন্তব্য করেন ইলাহী দাদ খান। মেধা ও যোগ্যতার ভিত্তিতে যাতে নিয়োগ হয়, সে বিষয়েও জোর দেন তিনি। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্যদের ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। যাঁরা এই মৌখিক পরীক্ষার ধাপ পার হতে পারবেন, তাঁরা চূড়ান্তভাবে নিয়োগ পাবেন এই পদের জন্য। লিখিত পরীক্ষা: যদিও বাংলাদেশের সব প্রার্থীর জন্য প্রশ্ন হবে অধিদপ্তরের মাধ্যমে, তবে পরীক্ষা হবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের তত্ত্বাবধানে। লিখিত পরীক্ষা বিষয়ের মানবণ্টন নিয়ে এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইলাহী দাদ খান। তবে পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। আর এর প্রস্তুতির জন্য বাড়তি কিছু পড়ারও দরকার নেই বলে জানান ইলাহী দাদ খান। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মতোই একই ধরনের প্রস্তুতি নিলেই একজন প্রার্থী ভালো করতে পারেন বলে তাঁর মত। মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর অন্যান্য প্রশ্নের সঙ্গে প্রার্থীকে বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনা, নিজ জেলা ও উপজেলা-সম্পর্কিত তথ্য জিজ্ঞাসা করা হতে পারে। মৌখিক পরীক্ষার জন্য অধিদপ্তর এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ড গঠিত হবে বলে জানান ইলাহী দাদ খান। মৌখিক পরীক্ষা হলো প্রার্থীদের নিয়োগ পাওয়ার ক্ষেত্রে সর্বশেষ ধাপ। এই ধাপে টিকে গেলেই নিয়োগ দেওয়া হবে।