হতে পারেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়’—এই মূলনীতি বুকে ধারণ করে বাংলাদেশের নৌবাহিনীর সাহসী নাবিকেরা জাহাজ ভাসিয়ে চলছেন দেশের জলসীমা রক্ষায়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হিসেবেও কাজ করে। ১৯৭১ সালের জুলাই মাসে এই বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে এবং ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৭১ সালের ৯ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ছয়টি টহল নৌকাসহ একটি জাহাজ যোগ হয়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী খুব সংগঠিত। বিভিন্ন কার্যক্রম এবং জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার ফলে এই বাহিনী দেশে ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর মোট চারটি মূল শাখা রয়েছে। এগুলো হলো—এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই ও ইলেকট্রিক্যাল। এ ছাড়া নৌবাহিনীর ছোট ছোট শাখার মধ্যে শিক্ষা, মেডিকেল ছাড়াও আরও অনেক শাখা রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার একটি অন্যতম শক্তিশালী নৌবাহিনী। তা ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে এ বাহিনী অনেক দেশেই সুনাম ছড়িয়েছে।’অনেকেরই স্বপ্ন থাকে সমুদ্রের বুকে জাহাজ ভাসানোর। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে এখন। সুযোগ আছে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা হওয়ার। সম্প্রতি নৌবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়পদ: বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার (সাব লেফটেন্যান্ট) এবং অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। ‘বাংলাদেশ নৌবাহিনীতে এ দুটি পদই হলো অফিসার হিসেবে যোগদানের মাধ্যম।’ বললেন মো. আশরাফুল আলম ভূঁইয়া।বয়স: সরাসরি কমিশন্ড অফিসার হিসেবে নিয়োগের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। আর অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৬ বছর ছয় মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। এই বয়স হিসাব করা হয় প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ অনুসারে। তবে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ রাইফেলসে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা বাড়ানো হয়ে থাকে। বয়স নির্ণয়ের ক্ষেত্রে কোনো এফিডেভিট নেওয়া হয় না। অফিসার ক্যাডেট পদের জন্য প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তবে সাব লেফটেন্যান্ট পদে শাখাভেদে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা: উভয় ক্ষেত্রে নিয়োগের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারী প্রার্থীর জন্য পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে। এ ছাড়া প্রার্থীদের ওজন, বুকের মাপ (স্বাভাবিক ও সম্প্রসারিত) বিধি মোতাবেক হতে হবে। মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, নৌবাহিনী নিজস্ব মেডিকেল কোরের মাধ্যমে এসব শারীরিক যোগ্যতা নির্ণয় করে থাকে। শিক্ষাগত যোগ্যতা: অফিসার ক্যাডেট পদের প্রার্থীদের অবশ্যই পদার্থ ও উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৩.৫ বা সমমান নিয়ে পাস করতে হবে। আর সরাসরি কমিশন্ড অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শাখাভেদে শিক্ষাগত যোগ্যতার হেরফের হয়। আবেদন-পদ্ধতি: প্রার্থী উভয় পদের জন্যই নির্দিষ্ট স্থান থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করবেন এবং প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র, ২০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডারসহ তা জমা দেবেন নির্দিষ্ট ঠিকানায়। এরপর শুরু হবে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া। নির্বাচন-পদ্ধতি: প্রার্থীদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র থেকে জানা গেছে, এখানে মূলত প্রার্থীর ওজন, উচ্চতা ও বুকের মাপ দেখা হয়। প্রার্থীর প্রাথমিক জ্ঞানের ওপর প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীকে তাঁর কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হয়। এর পরপরই প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষার দিন, সময়, স্থান জাতীয় পত্রিকার মাধ্যমে জানানো হয়ে থাকে। মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। নিয়োগের ক্ষেত্রে কঠিন নিয়ম অনুসরণ করা হয়ে থাকে বলেই এটি সম্ভব হয়েছে।’পরীক্ষা: প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অংশ নিতে হয়। এই পরীক্ষা মূলত এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে। এখানে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানায় যায়, পরীক্ষার সময় নির্ধারিত নয়। প্রতিবছর আলাদা সময়ে পরীক্ষা হয়ে থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। আন্তবাহিনী নির্বাচন পর্ষদে (আইএসএসবি) পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের সেখানে চার দিন উপস্থিত থেকে তাঁদের নির্ধারিত পরীক্ষাগুলোতে অংশ নিতে হয়। সেখানে প্রার্থীদের মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা, শারীরিক দক্ষতা, ব্যক্তিত্ব, বিচারবোধ, উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা-ক্ষমতা ও অনুশীলন, নেতৃত্বের গুণাবলি, সত্যবাদিতা, সময়ানুবর্তিতা, নিষ্ঠাসহ যাবতীয় বিষয়ে দক্ষতা নির্ণয় করা হয়। সেখানে বিভিন্ন সময়ে প্রার্থীদের লিখিত পরীক্ষায়ও অবতীর্ণ হতে হয় এবং তাঁদের আইএসএসবির ডেপুটি প্রেসিডেন্টের (ডিপি) মৌখিক পরীক্ষা এবং জেনারেল টাস্ক (জিটি) পরীক্ষা দিতে হয়। প্রার্থী যদি প্রথম দিনে বাদ না (স্ক্রিন আউট) হন, তবেই চার দিনের পূর্ণ মেয়াদের পরীক্ষা দিতে পারবেন। এরপর হয় প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। সম্মিলিত সামরিক হাসপাতালের প্যানেল চিকিৎসকেরা সার্জিক্যাল, মেডিসিনের পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা নির্ণয় করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীদের অযোগ্যতা নির্ণীত হলে তাঁকে বাহিনীতে নিয়োগের অযোগ্য বলে ঘোষণা করা হয় এবং পরবর্তী নিয়োগ পরীক্ষার ধাপ থেকে অব্যাহতি দেওয়া হয়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।সুবিধাদি: বাংলাদেশ নৌবাহিনীর অফিসাররা বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনে কাজের সুযোগ, বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় সামরিক উপদেষ্টা হিসেবে কাজ, সন্তানদের লেখাপড়ার জন্য বিশেষ সুযোগ, মনোরম বাসস্থান, ডিওএইচএসে প্লট প্রাপ্তির সুযোগ এবং উন্নত চিকিৎসার সুযোগ পেয়ে থাকেন। প্রশিক্ষণ: অফিসার ক্যাডেটদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে জাহাজে ছয় মাস প্রশিক্ষণ নিতে হয়। আর সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটিতে এক বছরের প্রশিক্ষণ নিতে হবে। এর পর প্রার্থীদের ছয় মাসব্যাপী জাহাজে কর্মকালীন প্রশিক্ষণ নিতে হবে। যেসব তরুণের বাংলাদেশ নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে এবং সমুদ্রে জাহাজ ভাসানোর স্বপ্ন আছে, তাঁরা আর দেরি না করে আজই আবেদন করুন। ‘বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে দেশ ও দেশের নৌসীমা রক্ষা করা যায়। আর পাওয়া যায় চ্যালেঞ্জিং এক পেশাজীবন।’ বলেন মো. আশরাফুল আলম ভূঁইয়া। যোগাযোগ: পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর, বনানী, ঢাকা-১২১৩। ফোন-৮৭৫৪০৪১-৫, বর্ধিত- ২২১১।বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট অফিসার এবং অ্যাকটিং সাব-লেফটেন্যান্ট পদে অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাকটিং সাব-লেফটেন্যান্ট পদে আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি এবং ক্যাডেট অফিসার ২০ জানুয়ারি, ২০১১।নৌবাহিনীর র‌্যাঙ্ক: ক্যাডেট অফিসার, মিডশিপম্যান সাব-লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট কমান্ডার, কমান্ডার, ক্যাপ্টেন, কমোডর, রিয়ার অ্যাডমিরাল, ভাইস মার্শাল।