হতে পারেন সুদক্ষ সমুদ্রচারী

সাগরের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার স্বপ্ন যাঁরা দেখেন, তাঁদের জন্যই রয়েছে সুদক্ষ সমুদ্রচারী হওয়ার সুযোগ। দুই বছর প্রশিক্ষণ শেষে সমুদ্রগামী জাহাজে গিয়ে শুরুতেই প্রায় ৫০ হাজার টাকা বেতন পাওয়া যায়। কম সময়ে সৎ পথে অনেক বেশি টাকা আয় করা যায় বলে দিনে দিনে এ পেশায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।
বাংলাদেশে এ পেশায় আসার একমাত্র সরকারি প্রতিষ্ঠানটি চট্টগ্রামে অবস্থিত। এ ছাড়া চট্টগ্রামে রয়েছে আরও তিনটি বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠান, যেগুলো থেকে গড়ে তোলা হয় অভিজ্ঞ নাবিক ও মেরিন প্রকৌশলী।
বাংলাদেশ মেরিন একাডেমি: সম্প্রতি ৫০তম ব্যাচে ক্যাডেট ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ মেরিন একাডেমি। ভর্তির জন্য আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাতেই বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে আলাদাভাবে জিপিএ ৩ দশমিক ৫ ও ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে। প্রার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে ২১ বছরের বেশি হতে পারবে না। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে। প্রত্যেক প্রার্থীকে সাঁতার জানা থাকতে হবে।
আবেদন-পদ্ধতি: মেরিন একাডেমির ফরম সোনালী ব্যাংকের যেকোনো শাখা বা ওয়েবসাইট (www.macademy.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। নির্দিষ্ট ফরম পূরণ করে এক হাজার ১০০ টাকা নিবন্ধন ফিসহ জমা দিতে হবে সোনালী ব্যাংকে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার একই তারিখে সোনালী ব্যাংক লিমিটেড থেকে প্রার্থীর দেওয়া মুঠোফোন নম্বরে একটি গোপনীয় ট্র্যাকিং নম্বরসংবলিত খুদে বার্তা আসবে। এরপর সোনালী ব্যাংকের ওয়েবসাইটে মেরিন একাডেমি অনলাইন রেজিস্ট্রেশন ফরম লিংকে গিয়ে প্রার্থীর মুঠোফোন নম্বর ও ট্র্যাকিং নম্বর দিলেই অনলাইন রেজিস্ট্রেশন ফরম আসবে। এবার অনলাইনে সঠিকভাবে এই ফরম পূরণ করে জমা দিলেই প্রার্থী সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
লিখিত পরীক্ষা: ২০ সেপ্টেম্বর শুক্রবার মেরিন একাডেমির ৫০তম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় চারটি বিষয়ের ৫০টি করে এমসিকিউ-পদ্ধতির প্রশ্ন থাকবে। ২৫ সেপ্টেম্বর মেরিন একাডেমির ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শারীরিক ও সাঁতার পরীক্ষা শেষে হবে মৌখিক পরীক্ষা। এরপর লিখিত, মৌখিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর আনুপাতিক নম্বরের সমন্বয়ে প্রাথমিক মেধাতালিকা প্রকাশ করা হবে।
প্রশিক্ষণ ব্যয়: একাডেমিতে দুই বছরের প্রশিক্ষণকালে একজন ক্যাডেটের পড়াশোনা, আবাসন, খাদ্য, পোশাকসহ সার্বিক প্রশিক্ষণ খরচ পড়বে প্রায় চার লাখ ২৫ হাজার টাকা। বিস্তারিত ফোনে (২৫১৪১৫১-৬) জানা যাবে।
বেসরকারি প্রতিষ্ঠান: চট্টগ্রামে রয়েছে তিনটি বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠান। তবে এসব প্রতিষ্ঠানে ভর্তিপ্রক্রিয়া বাংলাদেশ মেরিন একাডেমি থেকে কিছুটা ভিন্ন হলেও প্রার্থীর যোগ্যতা একই। বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠান একাডেমি অব মেরিন এডুকেশন অ্যান্ড টেকনোলজির (এএমইটি) কোর্স কো-অর্ডিনেটর মীর্জা এম রহিম প্রথম আলোকে বলেন, বেসরকারিভাবে দুই বছরমেয়াদি এই কোর্স শেষ করতে খরচ পড়বে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা। তবে বেসরকারিভাবে কোর্স করলে তাঁরা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন, এটি অনেক বড় সুবিধা।
যোগাযোগ: একাডেমি অব মেরিন এডুকেশন অ্যান্ড টেকনোলজি (এএমইটি)—গোধূলি নিলয়, বাড়ি-৭, লেন-২, সড়ক-১, ব্লক-এইচ, হালিশহর। বিস্তারিত ফোনে (২৫২৬৬৫১-৩, ০১৮২০৩১২৫০০, ০১৬৮০৩৩৮৯০১) জানা যাবে। মাস মেরিটাইম লিমিটেড: বাড়ি-১, সড়ক-১, লেন-৫, ব্লক-এল, পিসি সড়ক, হালিশহর হাউজিং সোসাইটি। ফোন: ২৫১০৪৯০। ওশান মেরিটাইম লিমিটেড—তুলাতলি সড়ক, ফৌজদারহাট, চট্টগ্রাম ৪৩১৫। ফোন: ২৭৮১২৩৮-৩৯।