হতে পারেন সেনা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’—বাংলাদেশ সেনাবাহিনীর মূলমন্ত্র। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় গঠিত হয় এই বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুর দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল আটটি পদাতিক ব্যাটালিয়ন, দুটি আর্টিলারি ইউনিট, একটি রকেট ইউনিট, ছয়টি সিগন্যাল কোম্পানি এবং চিকিৎসা (মেডিকেল) কোর। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী আজ আরও বেশি সংগঠিত। বর্তমানে এর বিভিন্ন পর্যায় মিলিয়ে সদস্যসংখ্যা দেড় লাখেরও বেশি। দেশের গৌরবোজ্জ্বল এই বাহিনীর কর্মকর্তা হওয়ার সুযোগ এসেছে আবার। সম্প্রতি প্রথম আলোসহ বিভিন্ন পত্রপত্রিকায় ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি এবংজুলাই-আগস্টের দিকে ক্যাডেট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।আবেদনের প্রক্রিয়াবাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাইলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্ধারিত শারীরিক যোগ্যতার অধিকারীও হতে হবে। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট হিসেবে যোগ দিতে চাইলে আগ্রহী প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ করে পেতে হবে। পুরুষ ও নারী-প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শারীরিক যোগ্যতা থাকতে হবে। আবেদনপত্র দেশের সব সেনানিবাসের স্টেশন সদর দপ্তর, সদর দপ্তর রিক্রুটিং ইউনিটসহ (আজিমপুর) নির্ধারিত কিছু জেলার সশস্ত্র বাহিনী বোর্ডের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।আবেদনপত্রের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের মাধ্যমে করতে হবে। আবেদনপত্র পূরণ করে ৯ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনের আরও বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।নিয়োগ-প্রক্রিয়া: অন্য সশস্ত্র বাহিনীর মতোই বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট নির্বাচনের প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন খালেদ বলেন, সেনাবাহিনীর ক্যাডেট নির্বাচনের জন্য পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে। ধাপগুলো হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা/মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, আন্তবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।এসবের পর সেনাবাহিনী সদর দপ্তর কর্তৃক চূড়ান্ত নিয়োগ পেতে হবে।কোনো ধাপে উত্তীর্ণ না হলেপ্রার্থীকে নিয়োগ-প্রক্রিয়া থেকে বিদায় নিতে হবে।প্রাথমিক ধাপ: আবেদনকারীদের আবেদন পরীক্ষা/নিরীক্ষা করে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা/মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। প্রার্থীর বয়স, শারীরিক যোগ্যতা (উচ্চতা, ওজন, বুকের মাপ) দেখা হবে এদিন। প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চাওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় টিকলে ওসব প্রার্থী একই দিনের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।লিখিত পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা/মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য। ক্যাডেট নির্বাচনের লিখিত পরীক্ষা হয় সাড়ে তিন ঘণ্টা। পরীক্ষার বিষয় হিসেবে থাকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান। পূর্ণমান ২০০। প্রশ্ন হবে বর্ণনামূলক ধরনের। লিখিত পরীক্ষা একই দিনে শেষ হবে। তবে একটি বিষয়ের পরীক্ষা শেষ হলে শুরু হবে আরেকটি বিষয়ের পরীক্ষা।বাংলা বিষয়ের জন্য মোট নম্বর থাকবে ৫০। সময় এক ঘণ্টা। জানা গেছে, ছোট ধরনের প্রশ্ন হয়ে থাকে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রেও ৫০ নম্বর ও সময় এক ঘণ্টা। প্রশ্ন হবে বাংলার মতোই উচ্চমাধ্যমিক স্তরের পাঠক্রম থেকে। সাধারণত গণিতের প্রশ্ন হয় মাধ্যমিক স্তরের গণিত থেকে। এক ঘণ্টার প্রশ্নে মোট নম্বর ৫০। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন হতে পারে। সাধারণ জ্ঞানের মোট নম্বর ৫০, সময় ৩০ মিনিট। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন থাকে। আইএসএসবি: লিখিত পরীক্ষায় টিকবেন যাঁরা, তাঁরা পরবর্তী ধাপ আন্তবাহিনী নির্বাচন পর্ষদে (আইএসএসবি) পরীক্ষায় অংশ নেবেন। আইএসএসবি মেয়াদ চার দিন। আইএসএসবিতে প্রার্থীদের মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা, শারীরিক দক্ষতা, ব্যক্তিত্ব, বিচারবোধ, উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা-ক্ষমতা ও অনুশীলন, নেতৃত্বের গুণাবলি, সত্যবাদিতা, সময়ানুবর্তিতা, নিষ্ঠা ইত্যাদি দেখা হয়। এসব দেখার জন্য প্রার্থীকে লিখিত পরীক্ষাও দিতে হবে। ব্যক্তিগত ও দলগত নানা রকম কাজ তাঁকে করতে হয়ে থাকে। বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে যেতে হবে। দেখা হয় দলগতভাবে কাজ করার মানসিকতা প্রার্থীর আছে কি না।আইএসএসবির ডেপুটি প্রেসিডেন্টের (ডিপি) মৌখিক পরীক্ষা এবং জেনারেল টাস্ক (জিটি) পরীক্ষা দিতে হবে।আইএসএসবিতে প্রথম দিনে বাদ না পড়লে প্রার্থী চার দিনের পূর্ণ মেয়াদের পরীক্ষা দিতে পারবেন।স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবির পর নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। সম্মিলিত সামরিক হাসপাতালের প্যানেল চিকিৎসকেরা এই স্বাস্থ্য পরীক্ষা নিয়ে থাকেন। এখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে। বাদ যাবে না সার্জিক্যাল ও মেডিসিনের পরীক্ষাও। চূড়ান্ত মনোনয়ন: স্বাস্থ্য পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। পরে যোগদানের যাবতীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। প্রশিক্ষণ: বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনা সদরের চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কর্তৃক নির্বাচিত প্রার্থীদের দুই বছর মেয়াদি বুনিয়াদ প্রশিক্ষণে অংশ নিতে হয়। দুই বছরের এ প্রশিক্ষণ হবে চার টার্মে। প্রতিটি টার্ম আবার ছয় মাস মেয়াদি। পেশাগতভাবে তাঁকে সেনাবাহিনীর সদস্য হিসেবে উপযুক্ত করাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তবে প্রশিক্ষণের পাশাপাশি প্রার্থীকে স্নাতক স্তরের পড়াশোনাও করতে হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করতে পারলে তাঁকে ‘রাষ্ট্রপতির কুচকাওয়াজের’ মাধ্যমে কমিশন দেওয়া হবে। তিনি সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে চাকরি শুরু করবেন। চাকরিজীবনে তো বিভিন্ন রকমের পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হবেই। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেটদের বেশ কয়েকটি বিশেষ শাখায় নিয়োগ দেওয়া হয়। শাখাগুলো হচ্ছে আরমার্ড, আর্টিলারি, প্রকৌশল, সিগন্যাল, পদাতিক, সার্ভিস, অর্ডন্যান্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) শাখা। এর বাইরের শাখাগুলোতে সাধারণত স্বল্পমেয়াদি কোর্সের ক্যাডেটদের নিয়োগ দেওয়া হয়। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই শাখাগুলোতে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি অনেক তরুণ-তরুণীর পছন্দ। আর যাঁরা এই বাহিনীতে যোগ দিয়ে দেশের প্রতিরক্ষায় নিজেকে নিয়োগ করতে চান, তাঁদের জন্য সুযোগ এখনই। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে হতে পারেন আপনি গৌরবের অংশীদারও। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন, পার্সোনেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তরে। ফোন করতে পারেন ৮৭৫০০১১, বর্ধিত ২৪৮২ নম্বরে। দেখতে পারেন ওয়েবসাইট: www.army.mil.bd।কৃতজ্ঞতা: সামরিক গোয়েন্দা পরিদপ্তরসেনা সদর, ঢাকা। সেনাবাহিনীর র‌্যাংকসেকেন্ড লেফটেন্যান্টলেফটেন্যান্টক্যাপ্টেনমেজরলেফটেন্যান্ট কর্নেলকর্নেলব্রিগেডিয়ার জেনারেলমেজর জেনারেললেফটেন্যান্ট জেনারেলজেনারেল