হত্যা-গুমের ঘটনায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গত জানুয়ারিতে খুন হয়েছেন এক আদিবাসী। এ ছাড়া আরও চার ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তাঁদের কোনো হদিস পাওয়া যায়নি। এর মধ্যে তিনজন আদিবাসী ও একজন বাঙালি। পরিবারের দাবি, তাঁদের হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে বিবদমান দুই আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঘাইছড়িতে একে অপরের সমর্থককে প্রকাশ্যে গুলি করে হত্যা ও অপহরণের পর গুম করার ঘটনা অব্যাহত রয়েছে।থানা সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে ইউপিডিএফের গ্রাম শাখার সভাপতি ও সাবেক শান্তি বাহিনীর প্রত্যাগত গেরিলা সদস্য নব বিকাশ চাকমা ওরফে নোভেলকে (৪০) সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। এ ছাড়া গত ১৭ জানুয়ারি বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম দোসর এলাকার পানছড়ি গ্রাম থেকে তিন আদিবাসী যুবককে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। তাঁরা হলেন পাঙাকানা চাকমার ছেলে নাঙ্গা চাকমা (২৫), মন দেওয়ান চাকমার ছেলে প্রিয় চাকমা (১৮) ও অনিল চাকমার ছেলে নিরাময় চাকমা (১৭)। এরপর থেকে তাঁদের হদিস নেই। ঘটনার তিন দিন পর পরিবারকে অপহরণকারীরা জানিয়ে দেয়, তাঁদের হত্যা করা হয়েছে।এদিকে, গত ১৫ জানুয়ারি বাঘাইছড়ি থেকে দীঘিনালায় যাওয়ার পথে মুসলিম ব্লক গ্রামের মোটরসাইকেলের চালক মো. মামুন (২৫) নামে এক বাঙালি নিখোঁজ হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে মামুন যে জায়গা থেকে নিখোঁজ হন, সে জায়গায় তাঁকে হত্যার কিছু আলামত পাওয়া গেছে। পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করে আদিবাসী ও বাঙালিরা। উভয় সম্প্রদায়ের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমা বলেন, ‘জনসংহতি সমিতি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। চুক্তি বাস্তবায়ন না হওয়ার এলাকায় খুন ও অপহরণের পর হত্যাসহ নানা অপকর্ম হচ্ছে। এসব হত্যাকাণ্ডের জন্য একটি পক্ষ যে আমাদের দলকে দোষারোপ করে, তা অহেতুক।’ বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, সম্প্রতি চুক্তির পক্ষে-বিপক্ষে সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। এ ছাড়া অপহরণের পর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এসব ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ ভয়ে কোথাও বের হচ্ছে না। ১৪ ডিসেম্বর একজন মোটরসাইকেলের চালক খুন ও ১৫ জানুয়ারি আরেকজনের নিখোঁজের জের ধরে আদিবাসী-বাঙালিদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, যে ঘটনা ঘটছে সেগুলো গভীর রাতে। অপহরণ বা গুম করে হত্যার যেসব ঘটনা ঘটছে সেগুলো দুর্গম এলাকায়। আর যেসব হত্যাকাণ্ড প্রকাশ্যে হয় এ ব্যাপারে পুলিশ অবগত থাকলেও আসামি গ্রেপ্তার করা যায় না। অন্যদিকে, ভয়ে কেউ এসব ব্যাপারে মুখ খুলতে সাহস পায় না।