খাগড়াছড়ির দীঘিনালায় হত্যা, সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি বেড়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন। কিন্তু ভয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে চান না ভুক্তভোগী ব্যক্তিরা। জানা যায়, ১ জুলাই জেএসএসের (জনসংহতি সমিতি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রীতি খীসা মেরু ২ নম্বর যৌথ খামার এলাকায় গুলিতে আহত হন। ৮ জুলাই নারিকেল বাগান এলাকায় একটি ছাত্রাবাসের তিনজন ছাত্র আহত হন গুলিতে। এর আগে গত ১২ এপ্রিল জেএসএসের সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা ওরফে দেবেশ গুলিতে প্রাণ হারান। ১৭ মার্চ উল্টাছড়ি গ্রামের কার্বারী রণজিৎ চাকমা অপহূত হন। এ ছাড়া চাঁদাবাজির ঘটনা ঘটছে অহরহ। ৯ জুলাই দীঘিনালা সেনা জোন সদরে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় চাঁদাবাজি বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা। সভায় সন্ত্রাস ও চাঁদাবাজদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি এমনকি হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পরও সঠিক কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে চায় না কেউ।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম বলেন, ‘সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে তথ্য না দিলে তারা প্রশ্রয় পাবে।’ তবে দীঘিনালা থানার বাজার চৌধুরী জেসমিন চাকমা তথ্য দেওয়ার পরিণতি সম্পর্কে সংশয় প্রকাশ করে বলেন, ‘আমরা অসহায়, নিরুপায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দেওয়ার পরবর্তী সময়ে যে চাপ আসবে, তা আমরা সহ্য করতে পারব না।’ বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘সামপ্রতিক কয়েকটি ঘটনায় আমরা শঙ্কিত। প্রাণনাশের ভয়ে কেউ সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য দিতে চান না।’ বাবুছড়া ইউনিয়নের এক কার্বারী নাম প্রকাশ না করে বলেন, ‘আমাদের মুখ বন্ধ, কিছু বলতে পারব না। এই সভায় আসার জন্যও আমাকে হয়তো জবাবদিহি করতে হবে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম বলেন, ‘আমরা সবাই সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাঁদের ব্যাপারে তথ্য দিলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়?’ উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করা যায় না। হয় ব্যবসা বন্ধ করতে হবে, না হয় সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ছাড়া চাঁদাবাজি বন্ধ হবে না।’জনসংহতি সমিতি (জেএসএস এম এন লারমা) পক্ষের সভাপতি প্রীতিময় চাকমা বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে বিভিন্ন দলে বিভক্তি ও ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয়েছে। সন্তু পক্ষ আমাদের দেখলেই গুলি করে। আমাদের সাধারণ সম্পাদককে হত্যা করা হয়েছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা বলেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ছোট ছোট কাজেও ১৫-২০ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।’ মতবিনিময় সভার প্রধান অতিথি সেনা তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল এ বি এম নওরোজ এহসান বলেন, ‘সন্ত্রাসীদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো তথ্য না দেওয়ায় একের পর এক ঘটনা ঘটছে। ওদের কাছে জিম্মি না থেকে সাহস করে রুখে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে আছে।’