হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগান দখলের ঘটনায় জড়িত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ এবং ওই ঘটনায় নিহত একজনের পরিবার। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করা হয়।উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নন্দরানী চা-বাগানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় চা-বাগানটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব কাজী মোহাম্মদ ফখরুল ইসলামসহ (৬৫) দুজন নিহত হন। নিহত ফখরুলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। ঘটনার দিন স্থানীয় গ্রামবাসী অভিযোগ করেছিলেন, চা-বাগানের মালিকানার দাবিদার এক ব্যক্তির পক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতৃত্বে আট শতাধিক লোক বাগান দখল করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সোমবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ফখরুলের ছেলে মোহাম্মদ শাহরিয়ার হাসনাইন। তিনি বলেন, ‘কোম্পানির পরিচালকের আদেশে ঘটনার দিন আমার পিতা মালিকানা-সংক্রান্ত কাগজপত্র নিয়ে বাগানে যান। তাঁকে জানানো হয়েছিল, স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা চা-বাগানের মালিকানা-সংক্রান্ত কাগজ পরীক্ষা করবেন। বাগানের বাংলোতে অবস্থানের সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে হত্যা করে।’ওই ঘটনায় চা-বাগানের মালিক প্রতিষ্ঠান ও শাহরিয়ার হাসনাইন বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা করেন। হাসনাইন বলেন, ‘মামলায় আসামিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। কেউ কেউ নিজেদের রক্ষায় আওয়ামী লীগের নাম ব্যবহার করছে। দলের কেউ জড়িত থাকলে প্রধানমন্ত্রীর কাছে তাঁদের বহিষ্কারের আবেদন জানাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ‘বর্তমানে নিহত ব্যক্তির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।’ এ ঘটনায় সরকারি দলের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি বা বিরোধী দল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জড়িত যেই হোক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. ইসমাইল, সহসভাপতি অধ্যাপক মইনুদ্দীন, সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।