হত্যাচেষ্টার মামলা থেকে ১০ বছরের শিশুর অব্যাহতি
‘ইমান খানের দিকে তাকিয়ে মনে হয়েছে সে খুবই কম বয়সের একটি শিশু। যে সময়ে সে আদালতে হাজিরা দিতে এসেছে, সেই সময়টায় তার স্কুলে থাকার কথা ছিল। আর ক্লাসের ফাঁকে ফাঁকে হয়তো খেলার সাথিদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে উঠতে পারত সে।’ আদালতের আদেশের উপরোল্লিখিত অংশ পড়ে যদি প্রশ্ন জাগে, অবুঝ শিশুটি কেন আদালতে, তাহলে আদালতের আদেশের নিচের অংশ পড়তে হবে—‘নথি পর্যালোচনা করে দেখা যায়, ইমানের বয়স ১৫ বছর লেখা হয়েছে। ধারণা করা যায়, এজাহারকারী নিশ্চিতভাবে একটা মিথ্যার আশ্রয় নিয়েছেন যা কোনোভাবেই কাম্য ছিল না।’কর্ণফুলী থানার পুলিশ একটি হত্যাচেষ্টার মামলায় ১০ বছরের ইমানের বয়স ১৫ বছর দেখিয়ে তাকে মামলার আসামি করে। আদালতে হাজির করার পর বিষয়টি নজরে আসে মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের। ২২ ডিসেম্বর শুনানির পর আদালত শিশু ইমানকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। যাচাই-বাছাই ছাড়া একটি শিশুকে আসামি করে অভিযোগপত্র দেওয়ায় আদালত এ ব্যাপারে তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে দেন। আদালত সূত্র জানায়, কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটার বাসিন্দা ইমান খানকে (১০) হত্যাচেষ্টা মামলার আসামি করেন প্রতিবেশী শেখ আহমদ (৪৫)। ওই মামলায় ইমানের বাবা আমিন খান ও মা আলতাজ খাতুনও আসামি। গত ১০ মার্চ এলাকার ছোলা-পিঁয়াজু বিক্রেতা এক শিশুকে হত্যার চেষ্টা করা হয় বলে ইমান ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলাটি হয়। আদালত আদেশে আরও বলেন, “বিশ্বকবি রবিঠাকুরের ‘ছুটি’ গল্পের ফটিক চরিত্র কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর অপু ও দুর্গার চরিত্রে যে দুরন্তপনা দেখা যায়, শিশু ইমানের স্খলনও এই দুরন্তপনার ব্যতিক্রম নয়। এতটুকু দুরন্তপনার জন্য থানা-পুলিশ কিংবা কোর্ট-কাছারি নয়, বরং পারিবারিক অনুশাসনই যথেষ্ট ছিল। এই দুরন্তপনার স্নেহমণ্ডিত শাসন না থাকলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’-এর মতো অমর সৃষ্টি থেকে হয়তো বাংলা সাহিত্য বঞ্চিত হতো।’চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘খারাপ উদ্দেশ্য ও অভিপ্রায় না থাকলে হত্যাচেষ্টার অভিযোগ করা উচিত নয়। আর কোনো শিশু খারাপ উদ্দেশ্যে মানুষ হত্যার চেষ্টা করবে—তা বিশ্বাসযোগ্য নয়। তবে দুরন্তপনা বা চঞ্চলতার কারণে একটি শিশুর দ্বারা অন্য একটি শিশুর ক্ষতি হতে পারে। আদালত এ ক্ষেত্রে যথাযথ আদেশ দিয়ে শিশুটিকে রক্ষা করেছেন। পুলিশেরও উচিত সতর্কভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়া।’ আদালত আদেশে বলেন, ‘সার্বিক বিবেচনায় আনীত অভিযোগে অপরাধ বলে গণ্য করা যায় না। শিশুসুলভ দুষ্টুমি, চঞ্চলতা ও দুরন্তপনাকে তদন্তকারী কর্মকর্তা অপরাধ হিসেবে গণ্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে আনীত অভিযোগকে ভিত্তিহীন মনে হয়েছে। আসামি ইমানকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হলো।’ আদেশে আরও বলা হয়, ‘দ্য চিলড্রেন অ্যাক্ট ১৯৭৪-এর অধীন ধারায় আদালত এ বিষয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারে। সেই সূত্র ধরে আদালত জামিনের দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করল। রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) সময় বিবেচনা এবং পূর্বে জামিনে থাকার বিরোধিতা করেননি।’ আদেশে বলা হয়, ‘তদন্তকারী কর্মকর্তা সাক্ষীদের জবানবন্দি নথিভুক্ত করেছেন। তাদের বক্তব্য পরীক্ষা করে মনে হয়েছে, কথিত ভিকটিম (ভুক্তভোগী) পিঁয়াজু দিতে না চাওয়ায় শিশুসুলভ অস্থিরতার বশবর্তী হয়ে আসামি ইমান তাকে মেরেছে। এতে অপরাধমূলক মানসিকতার অস্তিত্ব আছে বলে গণ্য করা যায় না।’আদালত তদন্ত কর্মকর্তার সমালোচনা করে আদেশে বলেন, গত ১১ জুলাই শিশুটির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। এ ব্যাপারে গত ৫ আগস্ট, ৬ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে বক্তব্য দিতে নোটিশ পাঠানো হয়। অথচ তিনি হাজির হয়ে বক্তব্য প্রমাণ করেননি। পুলিশ প্রতিবেদন, অভিযোগপত্র কিংবা আদালতে দাখিল করা প্রতিবেদন থেকে কোনোটা গ্রহণ করা আদালতের জন্য বাধ্যতামূলক নয়। এই কোমলমতি শিশুর অনেক সুখকর সময়ও নষ্ট হতো না। বাদীর যে অভিযোগ: শেখ আহমদের অভিযোগ, মুন্নির (১০) বাবা তাহের আহমদ গরিব। ছোলা-পিঁয়াজু বিক্রি করে তাঁদের সংসার চলে। মুন্নি এই কাজে তার বাবাকে সাহায্য করে আসছিল। গত ১০ মার্চ আসামি ইমান মুন্নির কাছ থেকে জোর করে পিঁয়াজু নিতে চাইলে বাধা পায়। একপর্যায়ে ইমান মুন্নির চুলের মুঠি ধরে তাকে হত্যা করার উদ্দেশ্যে পাকা দেয়ালের সঙ্গে মাথা জোরে আঘাত করতে থাকে। মুন্নির চিৎকারে ইমানের বাবা ও মা এসে মুন্নিকে কিলঘুষি মারতে থাকে। এতে সে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। ঘটনাস্থলে অন্য সাক্ষীরা দ্রুত না এলে মুন্নিকে মেরে ফেলা হতো।