হন্টন মানব
লোকটি ভবঘুরে নন। ঘোরতর সংসারী। চেহারা, পোশাক-আশাকেও নেই কোনো ছন্নছাড়া ভাব। দিনের শেষে বাড়ি ফিরলেই তিনি আনন্দ পান। তবু এই লোকটি ২০০০ সালের ১৮ আগস্ট থেকে ঘরের বাইরে। হাঁটছেন তিনি। জনে জনে তিনি বলে বেড়াচ্ছেন, ‘পৃথিবীতে শান্তি আনুন। যুদ্ধ-লড়াই ভুলে শিশুদের জন্য কাজ করুন।’ হাঁটতে হাঁটতে খুইয়েছেন ৪৩ জোড়া জুতো। তবু বিরাম নেই। পার হচ্ছেন একটির পর একটি দেশের সীমান্ত। জীবনে অনেকটাই হতাশ ছিলেন তিনি। প্রয়োজন ছিল নতুন কিছু। তাই নামলেন পথে। হাতে পয়সা নেই। সঙ্গে আছে মালামাল বহনের জন্য ছোট্ট একটা গাড়ি। ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হয় সেটি। সামান্য এই জিনিস নিয়েই বাইরে বের হওয়ার দুঃসাহস দেখালেন কানাডার অধিবাসী জন বেলিভু। এবার শুনুন শুরুর গল্পটা। ২.বেলিভুর ৪৫তম জন্মদিন। নিজের ভাবনাটার কথা বললেন তিনি স্ত্রীকে। জীবনটাকে বদলাতে চান তিনি। হতাশা ঘিরে ধরেছে তাঁকে চারপাশ থেকে। কিন্তু উপায় কী? এরমধ্যেই একদিন বাড়ির সামনের পথটা ধরে দৌড়াচ্ছিলেন তিনি। তখনই ভাবনাটা এসে উদয় হয়। তিনি তো হেঁটে হেঁটে চলে যেতে পারেন নিউইয়র্ক কিংবা মেক্সিকো। তবে কেন পুরো পৃথিবীটা চক্কর দিতে পারবেন না। মিলল স্ত্রীর অনুমতি। পরিবারের কারোরই তেমন কোনো আপত্তি নেই। সবার আশীর্বাদ নিয়েই পথে নামলেন তিনি। শুরু করলেন নিজ বাড়ি মন্ট্রিল থেকে। তারপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হেঁটে হেঁটে পার হতে লাগলেন। ২০০১ থেকে ২০১০—এই সময়কে জাতিসংঘ শান্তি এবং পৃথিবীকে শিশুর জন্য উৎসর্গ করেছে। শিশুদের বসবাসের উপযোগী হোক পৃথিবীটা। যুদ্ধ-লড়াই ভুলে মানুষ থাকুক শান্তিতে। তাদের স্লোগান—‘শান্তির জন্য কিছু করুন। করুন শিশুদের জন্য।’ এ স্লোগানই আলোড়িত করল বেলিভুকে। তিনি ভাবলেন, মানুষের জন্য কিছু করা তাঁর দায়িত্ব। তাই যেতে হবে সবার কাছে। বাড়াতে হবে সচেতনতা। নিজেকে মানিয়ে নিতে হবে নানা দেশের নানান সংস্কৃতির সঙ্গে। তবেই মানুষদের বুঝতে কিছুটা সফল হবেন তিনি। তাদের নিয়ে কাজ করতে পারবেন একসঙ্গে। একসঙ্গে কাজ করলেই পৃথিবীতে শান্তি স্থাপনের মতো কঠিন কাজটিও সহজ হয়ে উঠবে নিমিষে।৩.‘হঠাৎ নিজেকে একদিন অন্তঃসারশূন্য মনে হলো। পৃথিবীতে কত কী-ই না শেখার আছে। এ যেন মস্ত এক জ্ঞানভান্ডার।’ বলছিলেন বেলিভু। নিত্যনতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তিনি। হাঁটতে হাঁটতে পৌঁছেছিলেন ম্যানিলায়। সেখানের শিশুদের দুরবস্থা দেখে খারাপ লাগল। আর্থিকভাবে সাহায্য করার জন্য হাঁটলেন তিনি পথশিশুদের নিয়ে। নিরাশ করল না স্পনসর কোম্পানিগুলো। ঘর থেকে বেরিয়ে হাজারো মানুষ একাত্মতা ঘোষণা করল তাঁর সঙ্গে। সাধারণ মানুষের এমন সাড়া দেখে অভিভূত বেলিভু।দক্ষিন আফ্রিকায় একবার ধরেছিল ছিনতাইকারীরা। দুজন মাতাল লোক কেড়ে নিতে এসেছিল সবকিছু। ছোট্ট একটা ভ্যানের নিচে তিনি লুকিয়ে ছিলেন সেদিন। তাই বলে মানুষের প্রতি ক্ষোভ নেই তাঁর। ভালো-মন্দ মিলিয়েই তো মানুষ। পথে পথে মানুষই তাঁকে খাবার দিয়ে সাহায্য করেছে। এতগুলো দিনের মধ্যে শুধু ১২টি রাত কাটাতে হয়েছে নিজের খরচে। সমস্যা হয়েছিল জাপানে গিয়ে। খরচ অনেক। জাপানের দুই বা আড়াই মাসের চলার টাকা দিয়ে অনায়াসে আফ্রিকায় দুই বছর পার করা যায়। নিজের পায়ের জুতো নিয়েও কম ভোগান্তি হয়নি। বেলিভুর জুতোর আকার কিছুটা বড়। এ মাপের জুতো পাওয়া যাচ্ছিল না এশিয়ায়। অনেক খুঁজে পাওয়া গেল সিঙ্গাপুরের এক দোকানে। তাও আকারে কিছুটা ছোট। বুদ্ধি করে জুতোর সামনের অংশ কাটলেন তিনি। আঙুলগুলো বের হয়ে এল বাইরে। ব্যস্, সহজ সমাধান। ব্যথা হবে না আর পায়ে। হাঙ্গেরিতে পৌঁছাতে পৌঁছাতে পার হলেন ৪০ হাজার ৭৫ কিলোমিটার। অনেকটা পথ। অন্য রকম এক আনন্দ এসে ঠাঁই নিল মনে। সেই সঙ্গে মনে পড়ল পরিবারের কথা। স্ত্রী লুসি হয়তো তাঁকে নিয়ে ভাবছেন। ইথিওপিয়ায় গিয়ে ধৈর্যের বাঁধ ভাঙল। এবার বাড়ি ফিরতেই হবে। লুসিকে মনে পড়ছে খুব। তখনই কাকতালীয়ভাবে পেলেন স্ত্রীর মেইল। তাতে লেখা, ‘তোমাকে মনে পড়ছে খুব। কবে আসবে? অপেক্ষায় আছি। তবে অনুরোধ, কাজ শেষ করে বাড়ি ফিরবে তুমি। এর আগে নয়।’ নতুন শক্তি পেলেন বেলভিউ। এ মুহূর্তে বাড়ি ফেরার প্রশ্নই আসে না। হাঁটতে হাঁটতে একের পর এক জুতো ক্ষয় করে চলেছেন বেলিভু। এ হাঁটা শেষ হবে ২০১১ সালে গিয়ে। তারপর তিনি ফিরবেন বাড়ি। বেলিভু এখন আর ক্লান্ত হন না। তিনি মানুষের জন্য হাঁটছেন। হাঁটছেন শান্তির জন্য। হুট করে কোনো একদিন হয়তো দেখবেন, আপনার শহরেও এসে হাজির হয়েছেন তিনি। তখন কাছে গিয়ে তাঁকে স্বাগত জানাতে ভুলবেন না যেন।ওয়েবসাইট অবলম্বনে কিঙ্কর আহ্সান