হবু মায়ের জন্য একটু আরাম

পৃথিবীর সব আনন্দ একদিকে। মা হওয়ার আনন্দ আরেকদিকে। এর সঙ্গে তুলনা হয় না কিছুরই। মা হওয়ার অনুভূতি কেমন এই প্রশ্নের উত্তরটি এভাবেই আসে পৃথিবীর যেকোনো মায়ের কাছ থেকে। কিন্তু মা হওয়ার এই যাত্রাপথে কিছু অস্বস্তি ও কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয় বৈকি। পোশাক নিয়ে সব সময় বিড়ম্বনা, এ সময়ের একটি সাধারণ ব্যাপার। সাধারণ সময়ের চেয়ে পোশাক হওয়া দরকার বেশি আরামদায়ক। সঙ্গে যদি যোগ করা যায় আধুনিকতা তাহলে তো কথাই নেই।
মা হওয়ার অভিজ্ঞতা থেকেই ফ্যাশন ডিজাইনার তাহসীনা শাহীন বলেন, ‘এই সময়ে শরীরে অবয়ব বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু অস্বস্তিও তৈরি হয়। আমার মা হওয়ার প্রতিটি অভিজ্ঞতাই আমার মনে আছে, যেটা কাজে লেগেছে মাতৃত্বকালীন পোশাকগুলো তৈরির ক্ষেত্রে। পোশাকটি দেখতে যেমনই হোক আরামদায়ক হতে হবে।’

গরমের সময়টার কারণে বিশেষজ্ঞরা জোর দিলেন সুতি কাপড়ের ওপর। এর বাইরে লিনেন, ক্রেপ জর্জেট, হালকা সিল্ক বেছে নিতে পারেন। হলি ফ্যামিলি হাসপাতালের ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগের প্রধান রওশন আরা বলেন, ‘এই গরমে হালকা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে। সুতির কাপড় পরা ভালো। তাতে ঘাম বেশি বসবে না। খেয়াল রাখতে হবে যাতে কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে। ভারী পোশাকের কারণে যেন অতিরিক্ত ঘাম বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন গোসল করতে হবে। ঘামের গন্ধ দূর করতে সুগন্ধি ব্যবহার করতে পারবেন। কোমরে খুব আঁটোসাটো বা ঢিলাভাবে সালোয়ার, পেটিকোট না পরে স্বাভাবিকভাবেই পরুন। প্রতিদিন ধোয়া কাপড় পরতে হবে। যাতে জীবাণু সংক্রমণ না হয়।’
পেটের ওপরই সালোয়ার অথবা পেটিকোট পরার কারণে একধরনের অস্বস্তি তৈরি হয়। এ ক্ষেত্রে স্মক বা চওড়া ইলাস্টিক আরাম দেবে। এটাতে কোনো রকম চাপবোধ হয় না। পেটের ওপর অনেকটুকু জায়গাজুড়ে ছড়িয়ে থাকে। চুড়িদার, সালোয়ার, পালাজ্জো সবকিছুতেই এই ইলাস্টিকটি ব্যবহার করতে পারেন। আরামের কথা চিন্তা করে একটু ছড়ানো গলার পোশাক বানাতে পারেন। হাতের সংযোগের কাছটায় ঢিলা রাখুন। কামিজ বানানোর সময় কোমরের কাছে কোনোভাবেই চাপা রাখবেন না। বরং আনারকলি কাটের টপস, কামিজে আরাম পাবেন। তাহসীনা শাহীন বলেন, ‘সন্তানসম্ভবা মায়েদের জন্য টপ, সব ধরনের সালোয়ার, ম্যাক্সি ও ওভারকোট বানিয়েছি। এই পোশাকগুলো অনায়াসে মাতৃত্বকালীন ও পরবর্তী সময়ে পরা যাবে। ম্যাক্সিগুলোতে লুকানো চেইন আছে। যার কারণে শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের সুবিধা হবে।’ সবার সামনে হাতাকাটা পোশাকে অস্বস্তিবোধ করলে ওপরে ওভারকোট পরে নিতে পারেন।
অভিনয়শিল্পী দীপা খন্দকার আবার মা হতে যাচ্ছেন। পোশাকের বিষয়ে তিনিও আরামকে প্রাধান্য দিচ্ছেন। তিনি জানান, ঢিলেঢালা পোশাকগুলোকেই তিনি বেছে নিচ্ছেন। সব জায়গাতে সালোয়ার-কামিজেই স্বচ্ছন্দবোধ করছেন। বাড়িতে ট্রাউজার, টি-শার্ট, ম্যাক্সি পরে থাকেন।
পায়ের আরামটাও দরকার এ সময়। অ্যাপেক্সের সহযোগী ব্যবস্থাপক ব্র্যান্ডস ইয়াশনা চৌধুরী বলেন, মাতৃত্বকালীন সময় পায়ের আরামের জন্য বিশেষ ধরনের জুতা ব্যবহার করা ভালো। অ্যাপেক্স ডক্টর মক ও রিভাইভ বিভাগে এ ধরনের জুতা আছে। এসব জুতায় নরম চামড়া ব্যবহার করা হয়েছে যেটা পায়ের আর্দ্রতা ঠিক থাকে। পায়ের রক্ত সঞ্চালনে সহায়তা করে। পায়ে ম্যাসাজের কাজ করে, যার কারণে ব্যথাও সেরে যায়।
এ সময়ে উঁচু হিল যদি পরতেই হয় তাহলে প্ল্যাটফর্ম হিল পরা ভালো। একটু ছড়ানো থাকলে ভালো হয়৷ কারণ অনেকের পায়ের পাতা ফুলে যায়।
পাওয়া যাচ্ছে
সাদাকালোতে মাতৃত্বকালীন সময়ে পরার জন্য টপস, পালাজ্জো, ম্যাক্সিসহ অন্যান্য নকশার পোশাকও পাওয়া যাচ্ছে। কিডস্ অ্যান্ড মামস্-এ মাতৃত্বকালীন পরবর্তী সময়ের জন্য ম্যাক্সি আছে। সুতি কাপড়ের তৈরি বিভিন্ন নকশার ফতুয়া পাওয়া যাচ্ছে ঝিঁ ঝিঁ পোকাতে৷ এ ছাড়া বানিয়েও নিতে পারেন এমন পোশাক।
