অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ হয়েছে এসএসসি পরীক্ষা। কেউ হিসাব না করলেও এ কথা নিশ্চিন্তে বলে দেওয়া যায় যে এবারের এসএসসি পরীক্ষা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম। একসময় তো শিক্ষার্থী-অভিভাবকেরা ভাবা শুরু করেছিলেন এবার বোধ হয় পরীক্ষা শেষই হবে না। কিন্তু তা হয়নি। সবকিছুরই শেষ আছে। বাংলা সিনেমার নায়ক যে মারামারি শুরু করে তাও পুলিশের আগমনের মধ্য দিয়ে শেষ হয়। নানা ঝামেলা পার করে এসএসসি পরীক্ষাও শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। আর পরীক্ষার মধ্যে বারবার হরতাল দিয়ে শিক্ষার্থীদের ধৈর্য বাড়াতে নজিরবিহীন ভূমিকা পালন করেছেন বিরোধীদলীয় নেতারা। বিরোধী দলের ধারণা, পরীক্ষার দিনে হরতাল ডাকলে তরুণ প্রজন্মের সহানুভূতি, সমর্থন বেশি পাওয়া যাবে। কারণ, তারা জানে, এখনকার ছেলেমেয়েরা নানা কাজে এত ব্যস্ত থাকে যে লেখাপড়া করার সময়ই পায় না। পরীক্ষার আগে সবারই মনে হয়, ‘আহা, আরেকটা দিন যদি পড়ার সুযোগ পেতাম!’ তাদের মনের গভীরে লুকিয়ে থাকা এই ইচ্ছা আর কেউ শুনুক আর না শুনুক, বিরোধী দল ঠিকই শুনেছে। তাই পরীক্ষার্থীদের কথা ভেবেই নিয়ম করে পরীক্ষার দিন হরতাল ডেকেছে তারা। বিরোধী দলে থেকেও যে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখা যায়, হরতাল না দিলে তা বোঝাই যেত না। তবে বেছে বেছে ঠিক পরীক্ষার দিনগুলোতে হরতাল ডাকার আনন্দটা এখন আর পাবে না তারা। এসএসসি পরীক্ষার অবসান ঘটায় শিক্ষার্থী-অভিভাবকেরা ব্যাপক আনন্দিত হলেও হরতালপ্রেমী নেতা-কর্মীদের মন তাই খুব একটা ভালো নেই। পরীক্ষাই যদি না থাকে তাহলে হরতাল ডেকে পরীক্ষার্থীদের সেবায় তাঁরা কী করে এগিয়ে আসবেন? তবে হরতালপ্রেমীদের মন খারাপের কিছু নেই। এসএসসি শেষ তো কী হয়েছে? কদিন পরই আছে এইচএসসি পরীক্ষা। তারা আবারও মহা সমারোহে একযোগে সারা দেশে হরতাল দিতে পারবেন। মূল পরীক্ষার আগে যেমন মডেল টেস্ট হয়, ইতিমধ্যে বিরোধী দলও সে রকম হরতালের টেস্ট ট্রান্সমিশন শুরু করেছে। পরীক্ষা শুরু হলে আবারও হরতাল ডেকে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে তাঁরা এগিয়ে আসবেন, এমনটাই সবার আশা।