হরতাল দেখে কেউ ছাড়িস না বই, আড়ালে তার পরীক্ষা হাসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দীপ্র,একবিংশ শতকে এসে তোকে চিঠি লিখতে হচ্ছে! বিষয়টা খুবই অস্বস্তিকর! ফেসবুক স্ট্যাটাস দেওয়ার এ যুগে কেউ চিঠি লেখে? বড়জোর ই-মেইল করা যেত! যা-ই হোক, হরতালের কারণে এই চিঠি যে তুই ঠিক কবে পাবি জানি না। তত দিন বেঁচে থাকলে উত্তর দিস! আমরা ভীষণ ভালো আছি, এই পরীক্ষার সময় হরতাল যেন আশীর্বাদ হয়ে এসেছে। পরসমাচার, বিনা মেঘে বজ্রপাতের মতো দেশে এখন বিনা কারণে হরতাল হয়। হরতাল এখন পাবলিক প্রোপার্টি। চাইলে তুইও একটা হরতাল দিতে পারবি এ দেশে। এ জন্য কোনো ইস্যু লাগবে না। ধর, তোর কোনো কারণে মন খারাপ, দিয়ে দিলি একটা হরতাল। বাসার তরকারিতে লবণ কম হয়েছে? সমাধান হরতাল! এই পরীক্ষার সময় হরতাল হওয়ায় আরেকটা জিনিস বুঝতে পারলাম, জীবন যে আসলেই একটা পরীক্ষাক্ষেত্র। তবে আশার কথা হচ্ছে, সাত দিন চোরের, এক দিন সাধুর মতো এখন বিষয়টা যেন সাত দিন হরতালের আর এক দিন পরীক্ষার! কোনো কোনো সপ্তাহে পরীক্ষার জন্য দু-একটা দিন ফাঁকা থাকে। তোর নিশ্চয় মনে হচ্ছে, পরীক্ষা জেনেও কেন রাজনীতিবিদেরা হরতাল দিচ্ছেন? বিষয়টা পরিষ্কার করে বললে বুঝবি। বিরোধী দল আসলে চায় দেশের শিক্ষার মান আরও উন্নত হোক, কিন্তু পরীক্ষার আগে কোনো বন্ধ থাকে না। ফলে ছাত্রছাত্রীরা ভালো প্রস্তুতির সময় পায় না। এ ছাড়া এত টাইট শিডিউল থাকলে পরীক্ষার ফাঁকে ফাঁকে একটুও ফেসবুকিং করা যায় না। ফেসবুকিংয়ের মাধ্যমে একটু গ্রুপ ডিসকাস করা যায়। হরতালের কারণে এখন আমরা সবাই যে রাঁধে সে চুল বাঁধের মতো যে পড়ে সে ফেসবুকিংও করে টাইপের দুটোই সমানে চালিয়ে যেতে পারছি। শকুনের চোখ যেমন ভাগারের দিকে, তেমনি আমাদের রাজনীতিবিদদের চোখ শুধু ক্ষমতার দিকে কথাটা ঠিক না, তাঁরা আমাদের ভবিষ্যৎ নিয়ে যে অনেক ভাবেন তা তাঁদের হরতাল দেখে বোঝা যায়। বিরোধী দলের চোখ হরতালের দিকে! বিষয়টা ভালো, হরতালেরও অনেক পজিটিভ দিক আছে। হরতালে যেমন বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমে, বাতাসে সিসার মাত্রা কমে, এতে নাগরিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। হরতালে কিছু গাড়ি ভাঙচুর হয়, এটাও দেশের অর্থনীতির চাকাকে ঘোরাতে সাহায্য করে। যাঁর গাড়ি গেল তিনি নিশ্চয় আরেকটা নতুন গাড়ি কিনবেন। গাড়িটা নিশ্চয় বিদেশ থেকে আসবে, ফলে বিদেশিদের কাছে আমরা শুধু বেশি বেশি গাড়ি আমদানিকারক হিসেবে বড়লোক জাতি হিসেবে পরিচিতি পাব। এতে বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগে উৎসাহিত হবে! এ ছাড়া হরতালে অফিস-আদালত বন্ধ থাকে, বিদ্যুৎ ব্যবহার কম হয়। শুধু মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসের মতো আমাদেরও একটাই ভয়, হরতাল দেখে কেউ ছাড়িস না বই, আড়ালে তার পরীক্ষা হাসে! দোস্ত, আমার পুরো চিঠিটা পড়ে নিশ্চয় এটাও বুঝতে পারছিস, পরীক্ষার জন্য কী মারাত্মক প্রস্তুতি নিয়েছিলাম! ভাগ্যিস এসব চিঠি-টিঠি বাংলায় লিখতে হয়, তা না হলে দেখতি অঙ্ক-বিজ্ঞানের সূত্র দিয়েও তোর মাথাটা কেমন আউলা করে দিতাম। তবু বিজ্ঞান ছাড়া একটা চিঠি শেষ করতে চাই না, নিউটন বলে গেছেন সঙ্গে আমাদের বিপদে ফেলে গেছেন, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া যেমন থাকে, প্রতিটি হরতালেরও একটি বিপরীত হরতাল আছে! এক দিন হরতাল হয় তাতে কিছু ঘটনা ঘটে, পরদিন আবার হরতাল হয়! কিন্তু বসে খেলে যেমন সাত রাজার ধনও ফুরিয়ে যায়, তেমনি আমার পরীক্ষার সব প্রস্তুতিও ফুরিয়ে যাবে মনে হচ্ছে। আমি দোয়া করি, আমাদের দেশের রাজনীতিবিদরা যেন অনেক অনেক দিন বেঁচে থাকেন। কারণ, তাঁরা মরে গেলে তো শেষ হয়ে গেলেন, দেশের মানুষ এ রকম লাইভ কমেডি থেকে বঞ্চিত হবে। পৃথিবীতে আমরাও তখন সুখী জাতির মর্যাদা থেকে বঞ্চিত হব। ওনারা চিরদিন বেঁচে থাকুন, এভাবেই আজীবন কমেডি চালিয়ে যান, আমরাও নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে দিনরাত হাসতে থাকি! বছর শেষে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী জাতির মর্যাদা নিয়ে গর্বে বুক ফুলিয়ে হাঁটব! ইতি তোর বন্ধুমুনএসএসসি পরীক্ষার্থীর হয়ে চিঠিটি লিখেছেন: তাওহিদ মিলটন