হরতাল দেবে বিরোধী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু আগে কবি রজনীকান্ত সেন ‘স্বাধীনতার সুখ’ নামে একটি কবিতা লিখেছিলেন। কবিতায় স্বাধীনতার সুখ পায় বাবুই পাখি। আর আমাদের দেশে স্বাধীনতার সুখ পায় অসাধারণ জনগণ, মানে রাজনীতিবিদেরা। এই যেমন হরতাল দেওয়ার স্বাধীনতা, দেশ অচল করার স্বাধীনতা ইত্যাদি। সেই স্বাধীনতায় বিরোধী দল ঘোষণা দিয়েছে এইচএসসি পরীক্ষার সময় তারা স্বাধীনভাবে হরতালের কর্মসূচি দেবে। তা তারা দিতেই পারে। স্বাধীন বাংলাদেশে এইচএসসি পরীক্ষার সময় হরতাল দেওয়া যাবে না, এমন কোনো আইন নেই। তা ছাড়া কদিন আগে শেষ হওয়া এসএসসি পরীক্ষার সময়ও তারা হরতাল দিয়েছিল। কেউ হরতাল পাবে, কেউ পাবে না—তা তো হবে না। বিরোধী দলের ভাব দেখে মনে হচ্ছে, তারা হরতাল দিয়েছি আরও হরতাল দেব নীতিতে বিশ্বাসী। সরকার পতনের আন্দোলনে এপ্রিল এবং মে মাসকে গুরুত্ব দিচ্ছে তারা। রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষাও চলবে এই দুই মাসেই। সরকার পতন ঘটুক আর না ঘটুক, এইচএসসি পরীক্ষার্থীদের ধৈর্যের যে পতন ঘটবে তা না বললেও চলে। বাংলা, ইংরেজি, রসায়ন ইত্যাদি পরীক্ষার সঙ্গে ধৈর্য পরীক্ষাও দিতে হবে পরীক্ষার্থীদের। তবে হরতালের সুফলও পাবে তারা। পরীক্ষা দ্রুত শেষ হওয়া কোনো কাজের কথা না। দীর্ঘদিন পরীক্ষা চললে বিশ্ববাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপিত হবে। সবাই ভাববে, এইচএসসি পরীক্ষা কত কঠিন! অনেক দিন চলে! দীর্ঘদিন ধরে চলা এইচএসসি পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীরাও গর্ব করে বলবে, তোমরা তো সহজ পরীক্ষা দিয়েছ। এক-দেড় মাসেই শেষ। আমাদের পরীক্ষা চলেছে তিন মাস ধরে! তা ছাড়া বাংলাদেশ ওয়ানডেতে ভালো হলেও লংগার ভার্সনে খুবই দুর্বল। সেই দুর্বলতা কাটিয়ে উঠতে তৃণমূল পর্যায় থেকে অনুশীলনের ব্যাপারে জোর দেওয়ার জন্যই এইচএসসি পরীক্ষার সময় হরতালের কথা ভাবছে বিরোধী দল। অত্যন্ত স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের চিন্তা-ভাবনা। দলের নেতারা ছুটির দিনে কিংবা রাতের বেলায় পরীক্ষা নেওয়ারও পরামর্শ দিয়েছেন। এটাও অত্যাধুনিক চিন্তার বহিঃপ্রকাশ। দিনের বেলায় পরীক্ষা দিতে বের হলে প্রচণ্ড রোদে কষ্ট পেতে হয় পরীক্ষার্থীদের। রাতে পরীক্ষা হলে এই ঝামেলাই হবে না। আসলে শিক্ষার ব্যাপারে বিরোধী দলের নেতা-কর্মীরা কখনোই কোনো ছাড় দেননি, এবারও দেবেন না। তাই বিরোধী দলের প্রতি রইল গভীর শ্রদ্ধা।