হরতাল-পরবর্তী বন্ধের দিনে বিপণিকেন্দ্রগুলো খোলা রাখার প্রস্তাব
হরতাল-পরবর্তী সাপ্তাহিক বন্ধের দিন বিপণিকেন্দ্রগুলো খোলা রাখার প্রস্তাব দিয়েছে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন (সিএমএসওএ)। গতকাল বুধবার সকালে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সৈয়দ খোরশেদুল ইসলাম, বেলায়েত হোসেন, আবদুল জব্বার, জাগির হোসেন সর্দার, জাকির হোসেন, তৌহিদ চৌধুরী, সেলিম উল্লাহ, ইয়াছিন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জনস্বার্থবিরোধী, অর্থনীতি ধ্বংসকারী, হত্যা, জ্বালাও পোড়াও, রাস্তাঘাট বন্ধসহ সব প্রকার সহিংস কর্মসূচি অবিলম্বে বন্ধের দাবি জানান।তাঁরা বলেন, বর্তমান অবস্থায় দোকানমালিকদের ব্যবসা স্থবির হয়ে পড়েছে। তাঁরা ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে হরতাল-পরবর্তী সাপ্তাহিক বন্ধের দিন বিপণিকেন্দ্রগুলো সংশ্লিষ্ট কর্মচারী-নেতাদের সঙ্গে আলোচনা করে খোলা রাখার প্রস্তাব দেন। বিজ্ঞপ্তি।