হরতাল শিশুদের অপছন্দ
হরতাল দেশের অন্য জনগণের মতো শিশুদের জীবনকেও প্রভাবিত করে। তারাও হরতালে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। রাজনৈতিক আন্দোলনের এ বিষয়ে শিশুদের নিজস্ব কিছু মতামত রয়েছে। এই জরিপে তারা সেই মতামতগুলোই জানিয়েছে।
হরতাল চলাকালে শিশুরা নিরাপত্তাহীনতায় ভোগে বলে জানায় বেশির ভাগ শিশু। নিরাপত্তাহীনতার কারণে বাড়ির বাইরে যেতে পারে না। ৭১ শতাংশ শিশু বলেছে, হরতাল তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটায়। তবে জরিপে অংশ নেওয়া শহরের ৩৮ শতাংশ শিশু জানিয়েছে, তারা হরতালকে প্রতিবাদের একটি উপায় বলে মনে করে। গ্রামে এই হার ৪১ শতাংশ।
হরতালের বদলে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক— এমনটাই চাওয়া শিশুদের। চা-বাগানের শিশুরা জানিয়েছে, হরতাল তাদের জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না, কিন্তু তারাও হরতাল বন্ধ হোক, এটা প্রত্যাশা করে।
শিশুরা মনে করে, হরতালের কারণে তারা এবং তাদের পরিবারকে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে খাদ্যের মূল্যের ওপর। খাদ্যের মূল্য অনেক বেড়ে যায়।
শিশুরা জানিয়েছে, কর্মজীবী মায়েরা হরতালে ভিন্ন সমস্যার মুখোমুখি হন। তাঁরা হরতালে দুই ধরনের সমস্যায় পড়েন। একদিকে, ছোট শিশুর মায়েরা তাঁদের শিশুদের দিবাযত্নকেন্দ্রে নিয়ে যেতে পারেন না। সহিংসতার আশঙ্কায় এবং নিরাপত্তার জন্য শিশুদের বাড়িতে রেখে যান। অনেক ক্ষেত্রে শিশুদের বাড়িতে দেখার মতো কেউ থাকে না। শিশুদের সঙ্গে নিয়ে যেতে না পারা এবং একা রেখে যাওয়ার ফলে মায়েরা দুই ধরনের মানসিক চাপে ভোগেন।
হরতালের কারণে কর্মজীবী শিশুরা আর্থিক ক্ষতির মুখোমুখি হয়। অনেক সময় হরতালে তারা দেরি করে কর্মস্থলে পৌঁছায়। ফলে, তাদের বেতন কাটা যায়। অথবা ম্যানেজারের কাছে বকা খেতে হয়।
হরতাল সম্পর্কে মাঠপর্যায়ে ও অনলাইন জরিপে অংশ নেওয়া শিশুরা প্রায় একই কথা বলেছে। তবে অনলাইন জরিপে অংশ নেওয়া শিশুরা হরতালের কারণে গোটা দেশের ক্ষতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছে।