হরতালে কক্সবাজার সৈকত পর্যটকশূন্য
বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল বুধবার সমুদ্রসৈকত একেবারে ফাঁকা হয়ে গেছে। টানা ৪৮ ঘণ্টার হরতালের পর আবার হরতাল আসার খবরে পর্যটকেরা দলে দলে কক্সবাজার ত্যাগ করেন। ফলে তিন শতাধিক হোটেল-মোটেল-গেস্টহাউসসহ সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব যাচ্ছে। গতকাল সকাল ১০টায় সৈকতের ডায়াবেটিক হাসপাতাল ও বালিকা মাদ্রাসাসংলগ্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে, বিশাল সৈকত ফাঁকা। হাতেগোনা পাঁচ-ছয়জন পর্যটক জোয়ারে ভেসে আসা শামুক-ঝিনুক কুড়াচ্ছেন। তবে সৈকতের লাবণী ও কলাতলী পয়েন্টে গিয়ে শতাধিক নারী-পুরুষকে পানিতে নেমে গোসল করতে দেখা গেছে। তাঁদের বেশির ভাগ শহরের বাসিন্দা। হরতালে অফিস-আদালত বন্ধ থাকার সুযোগে এঁরা পরিবারের সদস্যদের নিয়ে সাগরে গোসল করতে নামেন। পর্যটকশূন্যতার কারণে সৈকত এলাকার বিভিন্ন ঝিনুক মার্কেট, ভ্রাম্যমাণ দোকানপাট, বার্মিজ মার্কেটসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা-প্রতিষ্ঠানে মন্দাভাব যাচ্ছে। শহরের ঝাউতলা এলাকার শুঁটকি বিক্রেতা দিলোয়ার হোসেন (২৩) জানান, হরতালের প্রথম দিন তিন কেজি শুঁটকি বিক্রি হয়েছে। তা-ও এখানকার বাসিন্দারা কিনেছেন। এইভাবে টানা হরতাল সাধারণ মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে।ঝাউতলা এলাকার হোটেল সাগরগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদুল ইসলাম জানান, তাঁর হোটেলে দুই শতাধিক কক্ষ রয়েছে। কিন্তু হরতালের কারণে গতকাল বুকিং ছিল মাত্র চারটির। পার্শ্ববর্তী হোটেল সি-কুইন, আল হেরা, সিলভার সাইনসহ বিভিন্ন হোটেলের একই অবস্থা। হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, হরতালের কারণে শহর ও সৈকতপাড়ের তিন শতাধিক হোটেল-মোটেল-গেস্টহাউস এখন পর্যটকশূন্য বলা যায়। এখন পুরো শহরে কয়েক শ পর্যটক অবস্থান করছেন। বর্ষার অফ সিজনে পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করার জন্য হোটেলমালিকেরা ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত রেয়াত ঘোষণা করেন। কিন্তু হরতাল সব শেষ করে দিচ্ছে। ফলে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব যাচ্ছে। সৈকতের ভ্রাম্যমাণ আলোকচিত্রী মনজুর আলম (৩৩) জানান, সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সৈকতে ঘুরছি। এই পর্যন্ত একটি ছবিও তুলতে পারিনি। কারণ পর্যটক নেই। হরতালের কারণে সব পর্যটক কক্সবাজার ত্যাগ করেন। পর্যটকদের ভ্রমণ সেবায় নিয়োজিত ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর সংগঠন টুয়াকের সহসভাপতি তোফায়েল আহমদ জানান, অফ সিজনের এই সময়ে কক্সবাজারে প্রতিদিন ১০ হাজারের মতো পর্যটক থাকে। কিন্তু ৪৮ ঘণ্টার হরতালের খবর শুনে সবাই চলে গেছেন। এতে ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। সৈকতে ঝিনুক ও বার্মিজ মার্কেটগুলোর কয়েক হাজার দোকানপাট, পাঁচ শতাধিক রেস্তোরাঁ বন্ধ রয়েছে।