হরতালে কঠোর হবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরতাল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। নগরের ১২ থানার পুলিশের বাইরে প্রায় এক হাজার ৭০০ পুলিশকে রাস্তায় নামানো হচ্ছে। এর মধ্যে দাঙ্গা পুলিশ (এপিবিএন) ও শিল্প পুলিশ থাকবে ২০০ জন। সূত্রমতে, হরতালের সময় কেউ যানবাহন চলাচলে বাধাদানসহ কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে আটক করা হবে। আটক ব্যক্তির শাস্তি হবে ভ্রাম্যমাণ আদালতে। এ জন্য দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। মাইক্রোবাস নিয়ে দুই ম্যাজিস্ট্রেট শহরজুড়ে ঘুরে বেড়াবেন বলে জানা গেছে। নগর পুলিশ প্রশাসন সূত্র জানায়, যেসব ইসলামপন্থী দল আজ হরতাল ডেকেছে তাদের নগরে শক্ত সাংগঠনিক ভিত্তি নেই। তাদের সমাবেশ মিছিলে লোকজন আনা হয় ফটিকছড়ি, হাটহাজারী, আনোয়ারাসহ গ্রামাঞ্চল থেকে। বিএনপি কেন্দ্রীয়ভাবে হরতালে সমর্থন দিলেও চট্টগ্রামের বিএনপি এই হরতালে মাঠে নামছে না। ফলে হরতাল আহ্বানকারীদের সামাল দেওয়া কঠিন হবে না বলে পুলিশ প্রশাসন মনে করছে।পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, হরতাল আহ্বানকারীরা নগরের ছয়টি স্থানে জমায়েত হতে পারে। প্রতিবেদনে এসব স্থানকে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করে এসব স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। স্থানগুলো হলো—অলংকার মোড়, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড), দেওয়ানহাট মোড়, বহদ্দারহাট মোড়, আন্দরকিল্লা মোড় ও নিউমার্কেটের সামনে। পুলিশের আশঙ্কা, হরতাল আহ্বানকারীরা বিভিন্ন সময়ের নামাজের পর সংঘবদ্ধ হয়ে রাস্তায় নামতে পারে। এ জন্য কিছু মসজিদ ও মাদ্রাসার ওপরও পুলিশ নজরদারি করছে। এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, হরতালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ-ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য অন্তত দুইটি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে। তবে হরতাল আহ্বানকারী সংগঠনের নেতাদের আশঙ্কা জামায়াতে ইসলামি যেকোনো অঘটন ঘটিয়ে তার দোষ হরতালকারীদের ওপর চাপাতে পারে। এ প্রসঙ্গে ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত শুক্রবার আন্দরকিল্লা জামে মসজিদ এলাকায় আমাদের শান্তিপূর্ণ সমাবেশের সময় জামায়াত-শিবিরের লোকজন সিরাজদ্দৌলা সড়কে লাঠিসোটা নিয়ে মিছিল করেছে। আমরা এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে সুপারিশ করেছি।’ পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ হরতাল করবেন বলে তিনি জানান।