হরতালে দর্শনার্থী শূন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় প্রায় দর্শনার্থী শূন্য হয়ে পড়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ১৮ ও ১৯ মার্চ টানা দুই দিনের হরতালের সময় পার্কে দর্শনার্থীর এমন আকাল দেখা দেয়। হরতালের কারণে দূরের কোনো পর্যটক আসতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ১৯ মার্চ সরেজমিনে অবস্থান করে দেখা যায়, সকাল থেকে দূরের কোনো পর্যটক পার্কে ঢোকেননি। টিকিট ব্যবস্থাপক বেলাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থী ছিলেন মাত্র ২০জন। সোমবার পার্ক ঘুরে গেছেন ১৫ দর্শনার্থী। পার্কের ইজারাদার শামশুদ্দিন মো. লিটন জানান, চলতি মাসে তাঁর ব্যাপক লোকসান হচ্ছে। টানা হরতাল-অবরোধে পার্কে দর্শনার্থী নেই বললে চলে। অথচ গত বছর এ সময় প্রতিদিন গড়ে এক হাজার ৪০০ জন দর্শনার্থী এসেছিলেন এ পার্কে। তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু যতই দিন যাচ্ছে, ততই মানুষের মধ্যে ভয় বাড়ছে। ফলে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে মাত্র এক হাজার।পার্কের বিট কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, গত বছর জুন মাসে ৭০ লাখ টাকা দিয়ে পার্কটি ইজারা নেন শামশুদ্দিন মো. লিটন। এর আগের বছরও তিনি পার্কটি ইজারা নিয়েছিলেন। হরতালের কারণে দর্শনার্থী কমছে বলে তিনি স্বীকার করেন।