হরতালে নিষ্ক্রিয় থাকবে জামায়াত
আজকের বিএনপির হরতালের কর্মসূচিতে মাঠে থাকছে না জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। কেন্দ্রীয় নির্দেশ না পাওয়ায় জামায়াত কোনো কর্মসূচি দেয়নি বলে জানা গেছে। তবে নগর বিএনপি থেকে যৌথ আন্দোলনের ব্যাপারে কোনো অনুরোধ পাওয়া যায়নি বলেও জামায়াত নেতারা স্বীকার করেন। সারা দেশের মধ্যে চট্টগ্রামে জামায়াতের অবস্থান শক্তিশালী বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাফর সাদেক প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাইনি। তাই আমরা মাঠে থাকব কি না তা স্পষ্ট নয়। কেন্দ্রের নির্দেশ পেলে পুরো চট্টগ্রামে জামায়াত একসঙ্গে মাঠে থাকত।’ গতকাল শনিবার জামায়াতে ইসলামীর নগর কার্যালয়ে দেখা যায়, নেতাদের কেউ সেখানে নেই। অফিস-কর্মীরাই কেবল বসে আছেন। নেতারা কে কোথায় তা কেউ বলতেও অপারগতা প্রকাশ করেন। সরকারের সতর্ক অবস্থানের কারণে জামায়াতের শীর্ষ ও মধ্যম পর্যায়ের কোনো নেতাও এখন আর নিয়মিত দলীয় কার্যালয়ে আসছেন না বলে জানা গেছে। একাধিক জামায়াত নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ভয়ে মাঠে নামছেন না। এর আগে পুলিশের সঙ্গে দুবার সংঘর্ষে জামায়াত ও শিবিরের তিন শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার ও মামলার আসামি হওয়ার পর নেতারা আন্দোলন থেকে পিছুটান দেন। গত জুনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে সামনে রেখে মাঠে নেমেছিল জামায়াত। কিন্তু এরপর মাঠে নামার জন্য বিএনপিকে আর সঙ্গে পায়নি জামায়াত। বিএনপিও রাজনৈতিক কর্মসূচিতে জামায়াতকে সম্পৃক্ত করেনি। জামায়াতে ইসলামীর নেতারা দাবি করেন, বিরোধী দলের আন্দোলন বেগবান করতে বিএনপির বিগত দুটি হরতালেই জামায়াত আলাদাভাবে মাঠে ছিল। তারা হরতাল চলাকালে চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট এবং আগ্রাবাদের কিছু এলাকায় পিকেটিং ও সমাবেশ করে। তবে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির আ ন ম শামসুল ইসলাম বলেন, শিগগিরই বিএপির সঙ্গে অভিন্ন কর্মসূচিতে মাঠে নামবে জামায়াত। সময় হলেই সব জানতে পারবেন। সময় কবে হবে—তা স্পষ্ট করেননি এই শীর্ষ পর্যায়ের জামায়াত নেতা।