হরতালের ক্ষতি টানছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম তিন কার্যদিবসের টানা হরতালের ক্ষতির বোঝা এখনো টেনে চলেছেন ব্যবসায়ীরা। তিন দিন পর গতকাল বুধবার চাক্তাই-খাতুনগঞ্জ সচল হয়েছে। বন্দর ও বেসরকারি ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনও স্বাভাবিক হয়েছে। তবে তিন দিনের ক্ষতির রেশ এখনো কাটেনি। এই ক্ষতি পুষিয়ে নিতে গতকাল থেকে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন থেকে শুরু করে ব্যবসায়িক কর্মকাণ্ড পুরোদমে শুরু করেছেন ব্যবসায়ীরা। চলছে গুদাম থেকে পণ্য খালাস ও গুদামে পণ্য তোলার কাজ। বন্দর থেকে কাঁচামাল নিয়ে কারখানার দিকে ছুটে চলেছে ট্রাক-কাভার্ড ভ্যান। কারখানা থেকে প্রস্তুত পণ্য নিয়ে কনটেইনারে বোঝাই করতে বেসরকারি ডিপোতে আনা হচ্ছে রপ্তানি পণ্য। এরপরও ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে উদ্বেগ আছে রপ্তানিকারকদের।এই উদ্বেগ বেশি পোশাকশিল্পের মালিকদের। কারণ বিদেশি ক্রেতার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই প্রস্তুত হওয়া পণ্য পৌঁছে দিতে হয় তাঁদের হাতে। এর মধ্যে আবার অসংখ্য চালানে থাকে কাপড় আমদানি করার সময়ও। হরতালে কাঁচামাল খালাস এবং প্রস্তুত পণ্য পরিবহনে ব্যাঘাত হওয়ায় হিমশিম খাচ্ছেন পোশাকশিল্প মালিকেরা। এ বিষয়ে বিজিএমইএর (বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘এখনো তিন দিনের হরতালের ধকল কাটিয়ে উঠতে পারিনি। হরতালের কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকেরা ক্রেতার সঙ্গে সমঝোতা করতে না পারলে বিমানেও পণ্য পাঠাতে হতে পারে। এই রেশ অনেক দিন থাকবে।’এদিকে পোশাকশিল্পের মালিকদের মত দুশ্চিন্তায় আছেন ভোগ্যপণ্যের ব্যবসায়ীরাও। সারা দেশের আমদানিনির্ভর ভোগ্যপণ্যের সিংহভাগই যায় চট্টগ্রাম থেকে। হরতালে বন্দর থেকে পণ্য খালাস করতে পারেননি তাঁরা। গুদাম থেকেও নয়। তিন দিনের হরতালে গুদামে পণ্য আনা-নেওয়ার জট লেগে আছে এখনো। বন্দরের হিসাবে দেখা গেছে, হরতালের প্রথম দুই দিন বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে খালাস করে ছোট জাহাজে বোঝাই করা হয়েছে ৬১ হাজার ৪২১ টন পণ্য। এসবের মধ্যে আছে গম, চিনিসহ ভোগ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল। কিন্তু হরতালের কারণে ছোট জাহাজ থেকে খালাস করে গুদামে তোলা যায়নি এসব পণ্য। হরতাল শেষ হওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যা থেকে কর্ণফুলীর ১৬টি বেসরকারি ঘাটে ছোট জাহাজ থেকে এসব পণ্য খালাস শুরু হয়। জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে ভোগ্যপণ্যের বিপণনব্যবস্থা থমকে ছিল। পণ্য বেচা-কেনাও অস্বাভাবিকভাবে কমে গেছে। খাতুনগঞ্জ থেকে সারা দেশে পণ্য সরবরাহ বন্ধ থাকায় এখন ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছেন ব্যবসায়ীরা।’হরতালে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের কেন্দ্রবিন্দু বন্দর ঘিরেই ছিল উৎকণ্ঠা। বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামার কার্যক্রম স্বাভাবিক থাকলেও খালাসের হার ছিল স্বাভাবিক সময়ের চেয়ে ৮০ শতাংশ কম। এ কারণে বন্দর ইয়ার্ডে তিন দিনে বেশি জমে গেছে পণ্যভর্তি তিন হাজার একক কনটেইনার। হরতালের প্রথম দুই দিন বন্দর থেকে খালাস হয়েছে ৪৭৮ একক কনটেইনার। স্বাভাবিক সময়ে দুই দিনে কনটেইনার খালাস হয় তিন থেকে চার হাজার একক কনটেইনার। হরতাল শেষ হওয়ার পর গত মঙ্গলবার পণ্য খালাস ও জাহাজীকরণের হিড়িক পড়ে যায়। এরপরও সবকিছু স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে বলে জানান বন্দর কর্মকর্তারা।