হরতালের ডিজিটালাইজেশন ও বিকল্প কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগারেটের প্যাকেটে লেখা দেখেছি ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। তেমনি হরতালের প্রচারপত্রেও লেখা উচিত ‘হরতাল মাতৃভূমির জন্য ক্ষতিকর’। কথাগুলো সিরিয়াসলি বলিনি, দায়িত্বের খাতিরেই বললাম। ‘এত মা মা করে কী হবে?’ নিজে বাঁচলে মায়ের নাম! তবুও আসুন, রাজপথের হরতাল ওভারটেক করে দেওয়ার মতো কর্মসূচি রস-গুগলে সার্চ করি। ডিজিটাল দুনিয়ায় প্রথম অপশন হতে পারে ‘ফেসবুক’। আমরা জানি, ফেসবুকের ‘ফার্মভিল’ গেমের মাধ্যমে জমিতে শাকসবজি চাষ করে চেয়ারে বসেই বড়লোক হওয়া যায়। এভাবে ফেসবুকে ‘ডিজিটাল হরতাল’ করার জন্য কোনো ‘অ্যাপ্লিকেশন’ তৈরি করা যেতে পারে। তাতে বিরোধী দলের ক্যাডারদের পিকেটিংয়ের জন্য থাকবে লোভনীয় সব অফার! যেমন, কেউ চাইলে মাউসের এক ক্লিকেই দামি গাড়ির টায়ার পোড়াতে পারবে বা পটকা ফুটিয়ে ‘হরতালে’ নতুন ‘তাল’ যোগ করতে পারবে। আবার ইচ্ছা করলে সরকারি দলের রুই-কাতলাদের মাথাও ফাটাতে পারবে। সেই গেমে মাথা ফাটানোর জন্য প্রয়োজনীয় ইট কেনার টাকা জোগাড়ের ব্যবস্থা থাকবে অ্যানিমেটেড জনগণের পকেট মারিংয়ের মাধ্যমে। ডিজিটাল হরতালের দিন বিরোধী দলের সব নেতা ফেসবুকে বসবেন। সরকারের ব্যর্থতা, রোগ-শোক, গ্লানি নিয়ে ‘স্ট্যাটাস’ আপডেট করবেন। দলের কর্মীরা সেগুলোতে সাধ্যমতো ‘কমেন্ট’ করে নেতাদের তেল মারারও সুযোগ পাবেন। আরও থাকবে, সরকারের কর্মকাণ্ডের ওপর ইউটিউব চলচ্চিত্র। সেগুলো ‘আনলাইক’ করে নেতা-কর্মীরা আনন্দে আত্মহারা হতে পারবেন। এখানে উল্লেখ্য, ফেসবুকে ‘লাইক’ অপশন থাকলেও সরাসরি ‘আনলাইক’ অপশন নেই। অবিলম্বে এ অপশন তৈরির জোর দাবি জানাচ্ছি। সেদিন মহব্বত সাহেবের বাসায় গিয়ে দেখি সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় কেউ মার্ডার হয়ে গেলে এমন থমথমে হয়! জানতে চাইলাম ঘটনা। ‘ম্যাডাম এখন গৃহহারা, তাই বাসার সবার মন খারাপ’। হরতাল নিয়ে তাদের মাথাব্যথা নেই! শেষমেশ নাজমুল হুদা মাথা ঘামিয়ে অর্জন করলেন রাজনীতির অস্কার ‘বহিষ্কারাদেশ’। ম্যাডাম গৃহ থেকে গিয়েছেন আরেক গৃহে, তাতেই গৃহহারা! যেসব মানুষ পথের ধুলোয় পড়ে থাকে, তাদের অবশ্য গৃহ হারানোর ভয় নেই। শুধু ভয়, হরতালে দৈনিক ইনকাম বন্ধ হলে আদরের বাচ্চাটার পেটে ছুঁচো বুকডন দেবে যে! বিরোধী দলের ফেসবুক অ্যাকাউন্টগুলো সরকারি দল হ্যাক করলে ডিজিটাল হরতাল ভাতে মারা পড়বে। তাই বিকল্প কর্মসূচির উপায়ও ভাবা দরকার। হরতাল রাজনৈতিক শিল্পের পর্যায়ে পড়ে! হরতাল যদি হয় বৃহৎ শিল্প, তাহলে বিকল্প হিসেবে আমরা কুটিরশিল্পের দিকে নজর দিতে পারি। সমস্যা অনুযায়ী ‘কর্মসূচির মিনি প্যাকেজ’ চালু করতে পারি। যেমন, লোডশেডিংয়ের প্রতিবাদে ‘বিদ্যুৎ বর্জন আন্দোলন’, তেল মারা বন্ধে ‘তেল ছাড়া সপ্তাহ’, যানজট নিরসনে ‘রিকশা-গাড়ি শোভাযাত্রা’, ছিনতাই বন্ধে ‘নৈতিক শিক্ষাদান কার্যক্রম’, ঘুষ গ্রহণ বন্ধে ‘ব্রাইব পুরস্কার প্রদান’, আজাইরা আলাপ বন্ধে ‘টক-মিষ্টি-ঝাল শো’ ইত্যাদি! এভাবে ইস্যু অনুযায়ী কর্মসূচির সূচিপত্র দিলে তা হবে ফলপ্রসূ। অহেতুক হরতাল দিয়ে জাতিকে বেতাল করা ঠিক না। আশা করি, জাতিসংঘের মহাসচিবও এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন।