
১৮ দলীয় জোটের হরতালে প্রতিবন্ধকতা (ব্যারিকেড) সৃষ্টির জন্য বিএনপির নেতা-কর্মীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশের গাছ কাটছে। এ পর্যন্ত হরতালে কাটা হয়েছে ছোট-বড় প্রায় ১২০টি গাছ। অথচ এ ব্যাপারে শুধু একটি ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এমনকি হরতালে এ পর্যন্ত কী পরিমাণ গাছ কাটা হয়েছে তার হিসাব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের কাছেও নেই। এদিকে হরতালের সুযোগ কাজে লাগাচ্ছে স্থানীয় কিছু ব্যক্তি। প্রতিবন্ধকতা সরানোর নামে এসব গাছ নিয়ে বিক্রি করে দিচ্ছে তারা।
সূত্র জানায়, সওজের উদ্যোগে বিভিন্ন সময় সড়কের দুই পাশে আকাশমনি, শিরীষ, শিশু ও একাশিয়া গাছ রোপণ করা হয়। বেশির ভাগ গাছ এখন বড় হওয়ায় এসবের ওপর নজর পড়েছে দুর্বৃত্তদের। তারা রাতের আঁধারে গাছ কাটছে। গাছ কাটায় ব্যবহার করা হচ্ছে বৈদ্যুতিক করাত। ফলে দ্রুত গাছ কেটে সটকে পড়ছে তারা।
সওজের রাঙ্গুনিয়া কার্যালয়ের সুপারভাইজার রাসেল দেওয়ান বলেন, হরতালে প্রচুর গাছ কাটা হয়েছে। গভীর রাতে এসব গাছ কাটার খবর পেলে আমাদের যাওয়া সম্ভব হয় না। উপজেলার শান্তির হাট এলাকায় চারটি বড় গাছ কাটা হয়েছে শুনতে পেয়ে স্পটে গেলেও একটা গাছের টুকরাও পাওয়া যায়নি। আমরা যাওয়ার আগেই এসব গাছ নিয়ে গেছে। এ পর্যন্ত একটি গাছও উদ্ধার করতে পারিনি। তবে শান্তির হাটের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা, মরিয়মনগর, নজরের টিলা, আধুর পাড়া, ছুফি পাড়া. বুইজ্জার দোকান, মহাজনের বটতল, বনগ্রাম, পোমরা ইউনিয়নের বুড়ির দোকান ও সত্যপীরের মাজার থেকে তাপবিদ্যুৎ এলাকায় এসব গাছ কাটা হয়েছে। অভিযোগ রয়েছে, হরতালের আগের দিন রাতে গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। এর পর সকালে প্রতিবন্ধকতা সরানোর নামে স্থানীয় কিছু লোকজন গাছগুলো কিনে নেয়।

শান্তির হাট এলাকার ব্যবসায়ী মো. আকতার বলেন, পোমরার বুড়ির দোকান এলাকায় হরতালের শেষ দিন পিকেটাররা চারটি গাছ কেটে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে গেলে মূল্যবান গাছ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের কাছে প্রতিটি পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয়।
জানতে চাইলে হরতাল সমর্থকদের গাছ কাটার অভিযোগ অস্বীকার করে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন বলেন, ‘বিএনপি ধ্বংসের রাজনীতি করে না। হরতালে শুধু গাছ কাটা কেন, গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়াসহ সহিংস কর্মকাণ্ড না করতে বলা হয়েছে। আর যারা এসব কর্মকাণ্ড করে তারা আমাদের দলের কেউ নয়।’
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (ওসি) মো. ওয়ালী উল্লাহ জানান, সড়কের পাশ থেকে গাছ কাটার ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ একটি সাধারণ ডায়েরি করেছে। গাছ কাটা রোধে পুলিশ সচেষ্ট রয়েছে।