হরিণ শিকারিচক্র বেপরোয়া
টেকনাফে হরিণ শিকারিচক্র বেপারোয়া হয়ে উঠেছে। হোয়াইক্যং, শীলখালী ও টেকনাফ রেঞ্জের বনাঞ্চল থেকে একটি সংঘবদ্ধ চক্র হরিণ শিকার করে চামড়া ও শিং পাচার করছে মিয়ানমারে। আর মাংস বিক্রি করছে বিভিন্ন হাটবাজারে। শিকারিরা এসব রেঞ্জে বনপ্রহরীদের নিয়মিত পাহারা না থাকার সুযোগ নিচ্ছে বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের শিয়্যালার ঘোনা, কেরুন তলি, নাইট্যংপাড়া, বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া, শামলাপুর, চাকমাপাড়া, মাতুরঘোনা, নিলা ইউনিয়নের মোচনী ও দমদমিয়া এলাকার হরিণ পাচারের প্রধান রুট। শিকারিচক্র বনভোজনের নামে কয়েকটি দলে বিভক্ত হয়ে গভীর বনে ঢুকে ‘ফাঁসজাল’ ও গুলি করে হরিণ শিকার করছে। স্থানীয় লোকজন জানান, উপজেলা সদর, লেঙ্গুরবিল বাজার, রাজারছড়া বাজার, শামলাপুর, লেদা বাজার ও নিলা বাজার এলাকায় ৩০০ টাকা কেজি দরে হরিণের মাংস বিক্রি করা হয়। প্রায় প্রতিদিন এসব বাজারে হরিণের মাংস বিক্রি করে শিকারিরা।বন বিভাগের কর্মকর্তারা বলেন, ‘এ উপজেলার তিনটি রেঞ্জের আওতাধীন ৩০ হাজার একর বন পাহারার জন্য প্রহরী রয়েছেন মাত্র ১২ জন। আবার এসব বনে যাওয়ার ৮০ কিলোমিটার সড়ক কাঁচা। ফলে সব সময় টহল দেওয়া সম্ভব হয়ে ওঠে না।’জীববৈচিত্র্য সংরক্ষণের সমন্বিত রক্ষিত এলাকাসহ ব্যবস্থাপনা প্রকল্পের (আইপ্যাক) টেকনাফের সমন্বয়কারী প্রাণতোষ চন্দ্র রায় বলেন, ‘টেকনাফের বনাঞ্চলে হরিণের ওপর এখনো কোনো জরিপ হয়নি। তবে শতাধিক হরিণ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ সূত্র জানায়, চলতি বছরের ২ জানুয়ারি উপজেলার নিলা ইউনিয়নের মোচনী এলাকায় ফাঁসজালসহ একটি হরিণ উদ্ধার করেন বনকর্মীরা। গত বছরের ৩১ ডিসেম্বর হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বিটের বনাঞ্চল থেকে হরিণের একটি মাথা ও চামড়া উদ্ধার করা হয়। এ ব্যাপারে চারজনকে অভিযুক্ত করে বন আদালতে মামলা করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর শামলাপুর বনাঞ্চল থেকে উদ্ধার করা হয় দুটি শিংসহ ২০ কেজি হরিণের মাংস । এদিকে গত ৩০ নভেম্বর বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ সদর বিওপির (চৌকির) সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১৭৩ কেজি ও ২২ সেপ্টেম্বর সেন্ট মার্টিন উপকূল থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ৭৮৪ কেজি হরিণের শিংসহ আটজনকে আটক করেন। এ প্রসঙ্গে শীলখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘বিশাল বন পাহারা দেওয়ার জন্য পর্যাপ্ত লোকবল নেই। অনেক সময় হরিণ শিকারের কথা শুনেছি কিন্তু ব্যবস্থা নিতে পারছি না। বন পাহারার জন্য লোকবল নিয়োগ জরুরি হয়ে পড়েছে। তারপরও আমরা শিকারিদের প্রতিরোধের চেষ্টা করছি।’ জেলা দক্ষিণ সহকারী বনসংরক্ষক (এসিএফ) আবদুর রহমান হরিণ শিকারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের একটি চক্র অবৈধ অস্ত্র ও ফাঁসজাল দিয়ে নির্বিচারে হরিণ শিকার করছে। এ চক্রটি শিকারের কাজে ব্যবহার করছে রোহিঙ্গাদের। এদের প্রতিরোধ করা না গেলে হরিণ শিকার বন্ধ করা কঠিন হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’