হরিণের জন্যশোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় এসেছে, গত তিন মাসে সীতাকুণ্ডের জঙ্গলে চোরাই শিকারিরা ৪০টি চিত্রা হরিণ মেরে চামড়া ও মাংস বিক্রি করেছে। খবরটির সঙ্গে মৃত হরিণের ছবি আমাদের অপরাধী করে তোলে। (সূত্র: প্রথম আলো, ২৭ জুন, ২০১০)সীতাকুণ্ডের জঙ্গলটি দুই ধরনের। এক ধরনের বনভূমি পাহাড়ি মিশ্র বৃষ্টিপাতের জঙ্গল। এখানেই একটি পরিকল্পনাহীন ইকোপার্ক আছে। অন্যদিকে রয়েছে ১৯৬০ সালের দিকে উপকূলীয় বনায়নের উদ্দেশ্যে বন বিভাগ সৃজিত ম্যানগ্রোভ জঙ্গল। চিত্রা হরিণ পাহাড়ি জঙ্গলে খুব একটা বেড়ে ওঠে না। কিন্তু উপকূলীয় বনে আশ্চর্য দক্ষতায় মানিয়ে নিয়েছে। বন আছে, বন্য হরিণ আছে—খবরটি যেমন উৎসাহের, আবার সামান্য কয়েকজন চোরাই শিকারি আর তাদের ছত্রচ্ছায়া দেওয়া প্রভাবশালীদের জন্য হরিণ শেষ হয়ে যাবে, সেটা কোনো দেশপ্রেমিক নাগরিকই মেনে নেবেন না। উপকূলীয় বনভূমি এমনিতেই হুমকির মুখে। চিংড়ি চাষ, পুরোনো জাহাজের বর্জ্যদূষণ, জ্বালানির জন্য গাছ কাটা লেগেই আছে। তার পরও যে কিছু হরিণ এখানে টিকে আছে, সেটা স্থানীয় জনসাধারণ ও বন বিভাগের নজরদারির কৃতিত্ব। কিন্তু যে হারে, যে প্রক্রিয়ায় সংঘবদ্ধভাবে হরিণ মারা হচ্ছে, তাতে এই হরিণ ও তার বাসভূমি কত দিন টিকে থাকবে, সেটা নির্ভর করছে সরকারের হস্তক্ষেপ, বিশেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর। আমরা অনেক হারিয়েছি। কি বীভৎসতায় ফাঁদ পেতে হরিণ মারা হয়, সেটা প্রত্যক্ষ করার দুর্ভাগ্য আমার হয়েছিল। দেশে বন্য প্রাণী হত্যার বিরুদ্ধে আইন আছে। আমরা এর প্রয়োগ চাই। — খসরু চৌধুরী