ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলেরঘাট বাজারে একটি চায়ের দোকানে গল্প করছিলেন নানা বয়সের লোকজন। নির্বাচনের কথা তুলতেই তাঁরা একজন আরেকজনের মুখের দিকে তাকালেন। একজন বলে উঠলেন, নির্বাচনের কথা কী বলব। এখানে তো নির্বাচনী উত্তাপ বলতে যা বোঝায় তেমন কিছু দেখা যাচ্ছে না। হরিণের নড়াচড়া কিছুটা দেখা গেলেও লাঙ্গলের কোনো খবরই নেই। দোকানের ভেতর আড্ডারত সবাই ভোটার। ভোট নিয়ে তাঁদের নির্লিপ্ততাই প্রমাণ করে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় প্রচারণা চললেও প্রধান বিরোধী দল বিএনপি ছাড়া এ নির্বাচন নিয়ে ভোটারদের তেমন আগ্রহ নেই।
এবারের নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে কাগজে-কলমে লড়াইয়ে আছেন দুই প্রার্থী। একজন রহিম উল্লাহ, আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। অপরজন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবির। তিনি লড়ছেন ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে।
রহিম উল্লাহ এত দিন প্রায় নিষ্ক্রিয় থাকলেও কয়েক দিন ধরে হাঁটি হাঁটি পা পা করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাঁর কর্মী-সমর্থকেরা ছোট ছোট মিছিল নিয়ে মাইকিং করছেন এবং হাট-বাজারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া তাঁর পক্ষে এলাকায় বঙ্গবন্ধুর ছবিসংবলিত সাদাকালো ছবিসহ পোস্টার ও প্রচারপত্র বিলি চলছে। আওয়ামী লীগসমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের একাংশ রহিমুল্লাকে সমর্থন দিচ্ছে। রহিম উল্লাহ বলেন, ‘দল আমাকে মূল্যায়ন না করলেও এলাকার মানুষ আমাকে পেয়ে বেশ খুশি। তাদের ভালোবাসা নিয়ে জয়ী হব বলে আমি আশাবাদী।’
অন্যদিকে, জাতীয় পার্টির আনোয়ারুল কবিরের পক্ষে তেমন কোনো প্রচারণা নেই বললেই চলে। যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি এখনো ঢাকায়। মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছিলাম। কিন্তু তা হয়নি। দলের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে টানাপোড়েন চলছে। অন্যদিকে, যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, সেই আওয়ামী লীগও এলাকায় একজনকে ভোটে দাঁড় করিয়ে দিয়েছে। এ অবস্থায় আমার নির্বাচনে আগ্রহ নেই।’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনের ব্যাপারে কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় নেতা-কর্মীরা নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন না।
ফেনী-৩ আসনে আনোয়ারুল কবির ও রহিম উল্লাহ ছাড়াও ফেনীর একসময়ের গডফাদারখ্যাত সাবেক সাংসদ জয়নাল হাজারী এবং যুবলীগ ঢাকা মহানগর (উত্তর) সভাপতি আবুল বাশার মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইকালে বাসভবনের প্রায় ১২ বছরের গ্যাস বিল খেলাপির অভিযোগে জয়নাল হাজারীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এবং মহাজোটের পক্ষে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় আবুল বাশার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।