হরিশঙ্কর জলদাস শিক্ষকতা করেন। আর করেন লেখালেখি। লেখালেখি ও গবেষণার বিষয় জেলেসম্প্রদায়ের জীবন। তাঁর লেখায় উঠে আসে ধীবরশ্রেণীর আনন্দ-কান্না, জন্ম ও মৃত্যুর কথা। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে জলপুত্র, কৈবর্তকথা ও দহনকাল। এবার সৃজনশীল শাখায় তাঁর দহনকাল উপন্যাস পেয়েছে প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি। এবারের সময়ের তারকা—প্রথম পড়া গল্পের বই—কাশীরাম দাসের মহাভারত। এ বইটি জীবনের কথা বলে।লেখালেখির শুরু—বয়স ৪০ পার হওয়ার পর।ধীবর-জীবনকে উপন্যাস বা গবেষণার বিষয় হিসেবে বেছে নেওয়ার কারণ—সামাজিক যন্ত্রণা ও অন্তর্জ্বালা থেকেই এই নিপীড়িত মানুষগুলোকে নিয়ে লিখছি আমি। যে বইটি বারবার পড়ি—রামসুন্দর বসাকের আদিবাল্য।জলপুত্র, কৈবর্তকথা ও দহনকাল—কোন বইটি বেশি প্রিয়?জলপুত্র।সুযোগ পেলে জেলেজীবনের যে দিকটি পাল্টে দিতে চাই— শিক্ষার আলো পৌঁছে দিতে চাই প্রতিটি ঘরে। চাই দুবেলা দুমুঠো খেতে যেন পায় দরিদ্র জেলেরা।যে গান গুনগুনিয়ে যাই—রবিঠাকুরের লেখা অসাধারণ একটি গান, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’প্রিয় লেখক—মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মনজুরুল ইসলাম, সেলিনা হোসেন এবং আরও অনেকে।নিজের লেখা উপন্যাসের সবচেয়ে প্রিয় চরিত্র— খুব শিগগিরই কসবি নামের একটি বই প্রকাশিত হবে আমার। প্রকাশক শুদ্ধস্বর। ওই বইয়ের ‘দেবযানী’ চরিত্রটি।উপন্যাস লেখার ক্ষেত্রে বাস্তব, না কল্পনা কোনটি বেশি প্রয়োজনীয় ভাবেন— আমার লেখায় বাস্তবতাই সিংহভাগ জুড়ে থাকে। তবে কল্পনাকেও অস্বীকার করা যায় না। শৈশবের না পাওয়ার স্মৃতি—একটা মাত্র হাফ প্যান্ট আর জীর্ণ জামা নিয়ে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। না পাওয়ার অনেক কিছুই ছিল তখন। তবে মনে পড়ে, বাজারে মাছ বিক্রির সময় ছাতার বাঁট দিয়ে আমার বাবাকে মেরেছিল এক ক্রেতা। অপমানে হাউমাউ করে কাঁদছিল বাবা সেদিন। শৈশবের সেই দিনে বিপর্যস্ত বাবার প্রাপ্য সম্মান না পাওয়ার যন্ত্রণাটা পোড়ায় এখনো আমাকে। ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম—প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সে সময়ের পরিবারের অর্থনৈতিক মুক্তির প্রয়োজনটা নিয়ে ভাবতে হয়েছে আমাকে।ইচ্ছে থাকা সত্ত্বেও যে লেখাটি লেখা হয়নি এখনো— মেথরদের জীবন নিয়ে একটি উপন্যাস লিখতে চাই। নিজের যে বদভ্যাসটি বদলাতে পারি না কিছুতেই—রাগ।যে স্বপ্নটা পূরণ হয়নি এখনো— আমার স্বপ্ন আমার চাওয়ার চেয়ে অনেক অনেক বেশি পূরণ হয়েছে। তবে মৃত্যু পর্যন্ত মানুষের ভালোবাসা পাওয়ার স্বপ্নটা দেখি আমি সব সময়।শিক্ষকতা পেশাকে উপভোগ করি যেভাবে—শিক্ষকতা ছাড়া আর কোনো শাখা নেই, যেখানে আমি পরম তৃপ্তি ও মর্যাদা পেয়েছি। ছাত্রদের পড়িয়ে আমি আনন্দ পাই। চাই পরের জন্মেও যেন শিক্ষক হিসেবে আসি এ পৃথিবীতে।সাক্ষাৎকার: কিঙ্কর আহ্সান