গরমে এক গ্লাস ঠান্ডা ফলের রস জুড়িয়ে দেয় শরীর। বাড়িতে ব্লেন্ডার থাকলে যখন-তখন তৈরি করতে পারবেন ফলের রস। কিন্তু ব্লেন্ডারের কাজ কি শুধু ফলের রস তৈরিতেই সীমাবদ্ধ? উত্তরটা, না। আমাদের না জানার কারণে অনেকে শুধু রসই করে থাকেন ব্লেন্ডারে। রন্ধনশিল্পী সিতারা ফেরদৌস বলেন, ফলের রস থেকে শুরু করে ভর্তা, সবই করা যায় ব্লেন্ডারে। জুসারে যেকোনো রসাল ফল যেমন তরমুজ, আম, কমলা, বাঙ্গির জুস তৈরি করা যায়। আর অন্য বাটিগুলোর মাঝে আছে চপার, গ্রেডার ইত্যাদি। এসবের ব্যবহার রান্নাকে যেমন সহজ করে, তেমনি ঝামেলা কমায়।ব্লেন্ডারের সাহায্যে শুকনো মিহি ধনে, জিরাগুঁড়া করা ছাড়াও মাংসের কিমা তৈরি করতে পারেন। সে জন্য প্রথমে মাংসে থাকা হাড় সরিয়ে নিতে হবে। চার ফলার অংশগুলোতে বা গ্রেডারে মসলা ছাড়াও চাল গুঁড়া করাও সম্ভব। প্রথমে চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে শুকনো করে নিয়ে গুঁড়া করতে হবে। অনেকেই পছন্দ করেন চিংড়ি ভর্তা। ব্লেন্ডারে চিংড়ি ভর্তা করতে চাইলে প্রথমে চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পরিমাণমতো কাঁচা মরিচসহ চুলায় হালকা করে ভেজে নিতে হবে। এটি ব্লেন্ডারে দিয়ে সঙ্গে পেঁয়াজ, রসুন আর লবণ দিতে হবে। এভাবে করতে পারেন চিংড়ি ভর্তা। সিতারা ফেরদৌস বলেন, গরমে অনেকে কাঁচা আম বা কামরাঙার ভর্তা মেখে খেতে পছন্দ করেন। এখনো বাজারে জলপাই পাওয়া যাচ্ছে। অনেকে জলপাইও মাখাবেন। সে ক্ষেত্রে প্রথমে ফলের আঁটি ছাড়িয়ে নিতে হবে। তারপর ব্লেন্ডারে হালকা গুঁড়া করে কাসুন্দি ও লবণ মেখে নিলেই পেয়ে যাবেন মুখে রস ঝরানো ভর্তা। তবে ব্লেন্ডার অনেক দিন ভালো রাখতে এর যত্ন নেওয়া চাই। যতবারই ব্যবহার করবেন, কাজ শেষে ব্রাশ দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে পানি শুকিয়ে রাখতে হবে। খেয়াল রাখবেন, যেন ময়লা না জমে। এর ফলে খাবারে জীবাণু ঢুকতে পারে।বাজার ঘুরে দেখা গেল, ঢাকার নিউমার্কেটসহ অন্যান্য মার্কেটে এ ব্লেন্ডারের দাম শুরু ৮০০ থেকে।