হরেক পোশাক একই সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজটা একেবারেই সাদামাটা। তবে এর বিশেষত্ব হলো, মানিয়ে যায় সব পোশাকে, সব উপলক্ষে ও আয়োজনে। নেই বেশি প্রসাধন কিংবা রঙের বাহার। হাতের মুঠোয় রাখা ছোট্ট একটা বাক্সের মধ্যে এঁটে যাবে সাজের সব উপকরণ। সাদা, কালো, রুপালি, সোনালি, বাদামি আর গোলাপির বাইরে একদম ভাবতে হবে না আপনাকে। এ রংগুলোকে বলা হয় সাজের নিউট্রাল কালার। এ দিয়েই চলবে আপনার সকাল, দুপুর ও বিকেলের সাজ। নগরজীবনে ব্যস্ত আজকের আধুনিক তরুণীটির ঘরে বসে টিপটপ হওয়ার সুযোগ কোথায়! সকালে ঘর থেকে বের হয়ে কর্মস্থলের সব কাজ শেষ হতে না হতেই হয়তো ছুটতে হয় কোনো না কোনো উপলক্ষে, আয়োজনে। বাসায় ফিরে আর সাজগোজের সময় হয় না। তাই ব্যাগের ভেতর রেখে দেওয়া যেতে পারে নিউট্রাল সাজের এমন কিছু উপকরণ, যা খুব কম সময়ে আপনাকে করে তুলবে আকর্ষণীয়। এভাবেই বলছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। নিউট্রাল সাজটা আসলে শুধু নিউট্রাল রং দিয়ে সাজা নয়, বরং ব্লাশঅন, আইশ্যাডো, লিপস্টিকের পাশাপাশি সাজের অন্য সব অনুষঙ্গের ব্যবহার, যা মানিয়ে যাবে সব পোশাকে এবং অবশ্যই আপনার ব্যক্তিত্বের সব সময়জুড়ে। কেমন হবে সেই নিউট্রাল সাজ, তাই নিয়ে বলেন হেয়ারোবিক্সের পরামর্শদাতা তানজিমা শারমিন। ন্যাচারাল লুকটা সব সময়ই ভালো লাগে সবাইকে। সাজের সময় মনে রাখতে হবে, মুখোশের আড়ালে মুখশ্রী যেন হারিয়ে না যায়। সাজের ক্ষেত্রে রঙের ব্যবহারেও এ দিকটি খেয়াল রাখতে হবে। সাজ ঠিকই হবে, তবে তার মধ্যে থাকতে হবে লুকোচুরি। নিউট্রাল রংগুলো ব্যবহার করে সেই লুকোচুরি করতে পারেন সহজেই। মুখ সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিন বাতাসে। তারপর স্কিন টোনের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশনটা মিশিয়ে নিন খুব আলতো করে। চোখ সাজিয়ে নিন পরপরই। যুগ যুগ ধরে বাদামি, সোনালি কিংবা রুপালি রং—এই চলে এসেছে চোখের সাজ। এখন যোগ হয়েছে নানা রং। আপনি ফিরে যেতে পারেন আগের যুগেই। রুপালি আর ঘন বাদামি চোখে আপনাকে খারাপ লাগবে—এ কথা কেউ কোনো দিন বলতেই পারবে না। অথবা কালো আর রুপালিতে সাজিয়ে তুলতে পারেন চোখ। আরও বেশি সহজ চাইলে লাগিয়ে নিন কাজল। আর আঙুলের ডগা দিয়ে একটু দিন ঘষে। কাজলকালো চোখ সব পোশাকে, সব উপলক্ষেই আকর্ষণীয়। ব্লাশঅনটা হবে খুব আলতো। যাঁরা ফরসা তাঁরা হালকা পিংকের ছোঁয়া, যাঁদের রংটা একটু চাপা তাঁরা ব্রাউনিশ করতে পারেন। রাতের সময় একটু গোল্ডেন মিশিয়ে নিন ব্লাশঅনে। ঠোঁটের সাজের নিউট্রাল রং হলো হালকা গোলাপি। কেউ কেউ একে বলে থাকেন ন্যাচারাল কালার। ইচ্ছা করলে আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে লাল কিংবা বাদামি দিয়েও রাঙাতে পারেন ঠোঁট। তবে লিপস্টিক বা লিপগ্লস, যা-ই ব্যবহার করুন না কেন, লিপলাইনারটা সেটির রং থেকে এক শেড গাঢ় বেছে নেবেন। নখ সব সময়ের জন্য গোলাপি অথবা সোনালি রঙের নেইলপলিশে সাজিয়ে রাখতে পারেন। অথবা একেবারে স্বচ্ছ রঙে ফ্রেন্স মেনিকিউর। চুলের সাজেও আধিক্যের প্রয়োজন নেই। ব্যাগে রেখে দিতে পারেন সোনালি বা রুপালি দুটো খোঁপার কাঁটা অথবা রুপালি পাথরের দুটো কালো ক্লিপ। করে নিতে পারেন হাতখোঁপা। তাতে গুঁজে দিতে পারেন কাঁটা। অথবা চুল ছেড়ে এক পাশ করে লাগিয়ে নিতে পারেন দুটো ক্লিপ। একটু অন্য রকম ভালো লাগবে আপনাকে। এবার আসি গয়নার দিকে। ব্যাগের কোনো ছোট একটা বাক্সে রেখে দিতে পারেন একজোড়া সোনার কিংবা রুপার দুল। চিকন একখানি চেইন ও একখানি ব্রেসলেট। সাজের ক্ষেত্রে সোনা কিংবা রুপার ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। আপনি চাইলে মুক্তার ছোট দুল, মালা বা ব্রেসলেটও পরতে পারেন। মুক্তার ঝিলিক সব পোশাকেই ধরা পড়বে। যাঁরা টিপ পরতে পছন্দ করেন, তাঁদেরও বেশি ঝামেলার প্রয়োজন নেই। লাল আর কালো—এ দুটি রং দিয়েই যেকোনো সাজে সেজে উঠতে পারেন। এবার তাহলে শুনে রাখুন ঝটপট সেজে ওটা এ নিউট্রাল সাজের জন্য আপনার হাতের মুঠোয় থাকতে হবে কী কী উপকরণ। বাজার থেকে বাদামি, সোনালি, রুপালি—এ তিন রঙের ছোট চ্যাপটা শ্যাডো বক্স কিনে নিন একটি। পিংক ও ব্রাউন ব্লাশঅনের আরও একটি ছোট চ্যাপটা বক্স। একখানি কালো আইপেনসিল আর আপনার ঠোঁটের রং থেকে এক শেড গাঢ় একখানি লিপলাইনার। ছোট ছোট নেইলপলিশ পাওয়া যায়, বেছে নিতে পারেন তার দু-একটি। আর ক্লিপ সাইজের দুটো খোঁপার কাঁটা বা পাঞ্চ। সোনা কিংবা রুপার গয়না তো সবারই থাকে। মুক্তার দুলটাও এর সঙ্গে যোগ করে নিতে পারেন। নাহ্, আর কিছুর দরকার হবে না। এত সব দেখবেন আটকে যাবে ছোট একটা বক্সেই। এবার সেটি ফেলে রাখুন ব্যাগের এক কোণে। যখন ডাক পড়বে কোনো উৎসবের, তখনই ঝটপট সেজে উঠুন নিউট্রাল সাজে।