হরেক ফলের রেসিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলে কার্বাইড মেশালে তা পাকা ফলে রূপান্তরিত হয়—এটা দেখে-শুনে ক্লান্ত আমরা! তাই কোন কোন ফল আরও কোন কোন উপায়ে রূপান্তরিত করা যায়, তার রেসিপিও খুঁজে দেখল রস+আলো।

.
.

যোগফল
ফলের সঙ্গে কিছু যোগ করাকেই অনেকে যোগফল বলেন। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। প্রথমে গাছ থেকে ফল পাড়ুন, তারপর তাতে পরিমাণমতো কার্বাইড যোগ করুন। অতঃপর গাড়িতে তুলে দিন। রাস্তায় রাস্তায় কিছু চাঁদা ঢালুন। ব্যস, গাড়ি থেকে নামিয়ে দোকানে দোকানে তা পরিবেশন করুন। দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের যোগফলও বেড়ে যাবে।
পরীক্ষার ফল 
পরীক্ষার আগে আগে এক কপি প্রশ্নপত্র সমাধানের সঙ্গে মিশিয়ে ফেসবুকে ওঠান। কিছুক্ষণ সময় দিন। পরীক্ষার সময় এক চিমটি সহায়তা প্রদান করুন। পরীক্ষা হয়ে গেলে খাতা দিন শিক্ষকের হাতে। সেই সঙ্গে পরিমাণমতো নির্দেশনা দিন, তাঁরা যেন বেশি করে নম্বর দেন। ব্যস, কদিন পরই পরীক্ষার ফল ৯৬ শতাংশ পাসসহ ভালো ফলে রূপান্তরিত হবে।
তদন্ত ফল
তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করুন। তাদের ঘুমানোর জন্য আরামদায়ক চেয়ার দিন। সঙ্গে নাকে দেওয়ার জন্য একটি কাপে দুই চা-চামচ করে খাঁটি সরিষার তেল ঢালুন। অতঃপর একটি করে ফাইল দিন। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকে, ততক্ষণ ফাইল নাড়াচাড়া করতে থাকুন। পরিস্থিতি শীতল হয়ে এলে, ফাইল বেঁধে কিঞ্চিৎ ধুলাসহ আলমারির ভেতরে পরিবেশন করুন।
ফল সেমিস্টার
বছরে একবার ছাত্র নিয়ে কত টাকাই বা পাওয়া যায়! সুতরাং ফল সেমিস্টারেও কিছু ছাত্র নেওয়ার সিদ্ধান্ত নিন। পর্যাপ্ত শিক্ষক থাকতে হবে এমন একটা পুরোনো নিয়ম থাকলেও, অভিজ্ঞতায় বলছে না থাকলেও চলে। আন্দাজমতো বিজ্ঞাপন দিন। অতঃপর ছাত্রদের কাছ থেকে কড়কড়ে নোট নিয়ে তা অন্য জায়গায় ঢালুন। নির্দিষ্ট সময় পর ফল সেমিস্টারের সুফল নিজ ঘরে পরিবেশন করুন।