নতুন নতুন উদ্ভাবনের নেশায় গবেষণা করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা সীমাবদ্ধতার মধ্যেও খুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত প্রকল্পগুলো বেশ প্রশংসিত হয়েছে। সে সব প্রকল্প কতটুকু কার্যকরী হতে পারে, এগুলোর বর্তমান হাল এবং বাণিজ্যিক সম্ভাবনা কেমন—এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন কাওসার মো. নুরুন্নবীতড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী রাজেশ মজুমদার ও জীবনচন্দ্র ভৌমিক উদ্ভাবন করেছেন স্যাটেলাইটনির্ভর রেল নিয়ন্ত্রণ পদ্ধতি। এই ব্যবস্থার ফলে অনাকাঙ্ক্ষিত রেল দুর্ঘটনা এড়ানো ও যাত্রীদের ভোগান্তি কমানো সম্ভব বলে উদ্ভাবনকারীরা জানান। এ পদ্ধতির মাধ্যমে রেলের অবস্থান জানা যাবে। আর তাতে যাত্রীদের ভোগান্তিও কমবে। ইতিমধ্যে এ পদ্ধতির প্রয়োগে রেলওয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সদ্য উদ্ভাবিত এই পদ্ধতি সম্পর্কে গবেষকেরা বলেন, ‘আমাদের দেশে টেলিফোনের মাধ্যমে রেলের অবস্থান কোথায় ও কোন জংশনে আছে তা জেনে নেওয়া হয়। অনেক সময় যোগাযোগজনিত ত্রুটির কারণে বা অপারেটরের ভুল বোঝাবুঝির কারণে দুর্ঘটনা ঘটে। এই ধরনের ভুলে রেলের মুখোমুখি সংঘর্ষই হয় বেশি। নতুন পদ্ধতির মাধ্যমে সারা দেশের রেলের অবস্থান, গতি এবং স্টেশন থেকে কত দূরত্বে আছে তা মুহূর্তের মধ্যে জানা যাবে। পাশাপাশি মানচিত্রেও দেখা যাবে। গবেষকেরা আরও জানান, সম্পূর্ণ পদ্ধতি নিয়ন্ত্রিত হবে একটি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) মডিউল এবং একটি ওয়েব সার্ভারের মাধ্যমে। এই জিপিএস মডিউলটি রেলের ভেতর স্থাপন করা হবে। মডিউলটি রেলের অবস্থান, গতি, নির্দিষ্ট স্টেশন থেকে কত দূরে আছে তা হিসাব করে তথ্যব্যংক হালনাগাদ করবে। এর ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে প্রতিটি রেলের অবস্থান, গতি ও দূরত্ব মানচিত্রে দেখা যাবে। পদ্ধতিটি ইন্টারনেটব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় খরচ কম হবে। একটি জিপিএস রেলে বসাতে ১০ হাজার টাকা লাগবে। ওয়েব সার্ভারে লাগবে আরও ১০ হাজার টাকা। তা ছাড়া এই পদ্ধতি যেকোনো গাড়িতে ব্যবহার করা সম্ভব।জীবন ও রাজেশের এই গবেষণার তত্ত্বাবধান করেন তড়িত্ ও ইলেকট্রনিক বিভাগের প্রভাষক নিপু কুমার দাশ। তিনি প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ের সঙ্গে এই গবেষণা নিয়ে আমাদের কথা হয়েছে। তারা এ নিয়ে বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। তাই এ গবেষণাকাজের বাণিজ্যিক প্রয়োগের ব্যাপারে আমি খুবই আশাবাদী।’